দেশের সঙ্গীতাঙ্গনের গুণী ও শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী আলম আরা মিনুর কণ্ঠে প্রকাশ পেল নতুন মৌলিক গান ‘কৃষ্ণ কালা’। প্রসেনজিৎ মণ্ডলের লেখা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন আলামিন খান। গানটির দৃষ্টিনন্দন মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তৌফিক। সম্প্রতি ভিডিও স্ট্রিম প্ল্যাটফর্ম ইউটিউবে গানটি আনুষ্ঠানিকভাবে মুক্তি পায়।
নতুন গান প্রসঙ্গে আলম আরা মিনু বলেন, ‘গানটির কথা ও সুর আমার কাছে ভীষণ ভালো লেগেছে। অনেক দিন পর একদম ভিন্ন ধাঁচের একটি মৌলিক গান গাইলাম। গানটি একটু বাণিজ্যিক ঘরানার; তবে এর কথা, সুর ও সংগীতায়োজনের মধ্যে বেশ ভিন্নতা রয়েছে। মিউজিক ভিডিওটিও খুব চমৎকারভাবে নির্মাণ করা হয়েছে। আশা করছি গানটি শ্রোতাদের মন ছুঁয়ে যাবে। আমাকে এত সুন্দর একটি গান গাইবার সুযোগ দেওয়ার জন্য গীতিকার ও সুরকার প্রসেনজিৎ মণ্ডলকে বিশেষ ধন্যবাদ।’
এদিকে নতুন গানের বাইরেও বেশ ব্যস্ত সময় পার করছেন এই কণ্ঠশিল্পী। সম্প্রতি বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ‘গান বাক্স’ অনুষ্ঠানে লালন লোহানীর লেখা এবং নাজির মাহমুদের সুর করা ‘কিছুটা ভালোবাসি’ শিরোনামের একটি মৌলিক গান পরিবেশন করেছেন তিনি। খুব শিগগিরই জিটিভিতে (GTV) প্রচারিত হবে তার একটি বিশেষ সাক্ষাৎকার।
এ ছাড়া আগামী কয়েক দিনের মধ্যে জহুরুল ইসলাম জনির কথা ও সুরে একটি এবং মান্নান মোহাম্মদের সুরে আরও একটি মৌলিক গানে কণ্ঠ দেওয়ার কথা রয়েছে এই শিল্পীর। শুধু তাই নয়, বিটিভির জন্য তৈরি হতে যাচ্ছে মিনুর নিজের সুর করা গান নিয়ে একটি বিশেষ আয়োজন। মৌলিক গান নির্ভর এই অনুষ্ঠানে তার নিজস্ব সুরের পাশাপাশি অন্যান্য গুণী সুরকারদের গানও অন্তর্ভুক্ত থাকবে।
উল্লেখ্য, ‘যে মাটির বুকে লুকিয়ে আছে লক্ষ মুক্তি সেনা’, ‘রাজপ্রাসাদের সুখ চাই না আমি’, ‘সেই তারা ভরা রাতে’, ‘সোনা দানা দামি গহনা’, ‘যে বাতাসে ফুটে ফুল’ এবং ‘তারপর একযুগ কেটে গেলো’-এর মতো কালজয়ী ও জনপ্রিয় অসংখ্য গান উপহার দিয়ে বাংলা সংগীতে নিজস্ব অবস্থান তৈরি করে নিয়েছেন আলম আরা মিনু।