মসলিন নগরী খ্যাত নারায়ণগঞ্জের ঐতিহাসিক সোনারগাঁয়ে ধারণ করা জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র একটি বিশেষ সংকলিত পর্ব আগামী ৬ নভেম্বর (শুক্রবার) রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রাঙ্গণের ঐতিহ্যবাহী ‘বড় সর্দারবাড়ি’র সামনে এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত ‘সংগ্রাম’ চিত্রকর্মের ভাস্কর্যকে কেন্দ্র করে ২০২১ সালের অক্টোবরে পর্বটি ধারণ করা হয়েছিল। বিগত কয়েকটি পর্বের নির্বাচিত সেরা অংশ নিয়েই এবারের সংকলিত পর্বটি সাজানো হয়েছে।
অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে থাকছে তিনটি বিশেষ গান। অস্তিত্বের টানে শিকড় খোঁজার গান গেয়েছেন কুমার বিশ্বজিৎ ও চিশতী বাউল (কথা: মোহাম্মদ রফিকউজ্জামান, সুর: ইবরার টিপু)। সোনারগাঁয়ের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে লেখা গানের সঙ্গে পরিবেশিত হয়েছে অর্ধশতাধিক স্থানীয় শিল্পীর পরিবেশনায় মুগ্ধকর নৃত্য। এছাড়া থাকছে ২০০৩ সালে ‘ইত্যাদি’তে প্রচারিত সান্টুর গাওয়া সেই জনপ্রিয় গানটি।
সোনারগাঁ ও নারায়ণগঞ্জের ইতিহাস-ঐতিহ্য এবং লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ওপর দুটি তথ্যভিত্তিক প্রতিবেদন। এছাড়াও অবহেলিত শিশুদের আলোর পথ দেখানো যুবক শাহেদ কায়েস, প্রকৃতিপ্রেমী বৃক্ষসেবক খাইরুল আলম, কিশোরগঞ্জের হাওরাঞ্চলের অভিনব স্কুলের ফলোআপ এবং সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ইউনিয়নে সুপেয় পানির তীব্র সংকট নিয়ে একটি মানবিক প্রতিবেদন স্থান পেয়েছে।
সামাজিক অসংগতি নিয়ে বিদ্রূপাত্মক নাট্যাংশের পাশাপাশি যথারীতি থাকছে দর্শকপর্ব, নানি-নাতি, মামা-ভাগ্নে ও চিঠিপত্র বিভাগ।
কেয়া কসমেটিকসের সৌজন্যে নির্মিত বিটিভির অন্যতম সেরা এই অনুষ্ঠানটি যথারীতি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।