আগামীকাল শুক্রবার ,৩০ অক্টোবর বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে শুরু হচ্ছে শিশুদের ইংরেজি বানান প্রতিযোগিতা ‘শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই স্পেলিং স্টার ২০২৬’ এর সিজন-ওয়ান। প্রথম দিন সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে প্রচার হবে বিভাগীয় রাউন্ডের প্রথম পর্ব। এতে অংশ নেবে খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগের প্রতিযোগীরা।
দেশের বাংলা মাধ্যমের স্কুল ও মাদ্রাসার চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত প্রতিযোগিতাটি প্রতি শুক্র ও রবিবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে।
শাহীন শিক্ষা পরিবার ও চ্যানেল আইয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ‘স্পেলিং স্টার ২০২৬’।
গত আগস্ট মাসে সারা দেশে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার প্রাথমিক বাছাই পর্ব। সেখান থেকে বিভাগীয় পর্যায়ের জন্য নির্বাচিত হয় ৪০০ শিক্ষার্থী। দেশের আট বিভাগে অনুষ্ঠিত বিভাগীয় রাউন্ডের মাধ্যমে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হবে ১০০ জন। এই ১০০ প্রতিযোগীকে নিয়ে শুরু হবে পরবর্তী ধাপের লড়াই। বিভিন্ন পর্বের প্রতিযোগিতার মধ্য দিয়ে ধাপে ধাপে নির্বাচিত হবে সেরা প্রতিযোগীরা। শেষ পর্যন্ত নির্ধারিত হবে ‘স্পেলিং স্টার ২০২৬’ এর চ্যাম্পিয়ন।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পুরস্কার হিসেবে পাবে তিন লাখ টাকা, প্রথম রানার-আপ দুই লাখ এবং দ্বিতীয় রানার-আপ এক লাখ টাকা। চতুর্থ ও পঞ্চম স্থান অধিকারী প্রত্যেকে ৫০ হাজার টাকা করে পাবে। এ ছাড়া সেরা ১০-এ স্থান পাওয়া প্রত্যেক প্রতিযোগীকে দেওয়া হবে একটি করে ল্যাপটপ।
শিশুদের ইংরেজি বানান দক্ষতা বৃদ্ধি, ভাষাগত ও যোগাযোগের সক্ষমতা উন্নয়ন এবং সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে মেধা বিকাশের সুযোগ তৈরি করাই এই আয়োজনের মূল লক্ষ্য। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস, দ্রুত চিন্তা করার ক্ষমতা এবং ইংরেজি ভাষার প্রতি আগ্রহ বাড়াতে প্রতিযোগিতাটি ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
আয়োজকদের প্রত্যাশা, ‘স্পেলিং স্টার ২০২৬’ শুধু একটি বানান প্রতিযোগিতায় সীমাবদ্ধ থাকবে না; বরং দেশের বিভিন্ন প্রান্তের মেধাবী শিশুদের প্রতিভা বিকাশের একটি জাতীয় প্ল্যাটফর্ম হয়ে উঠবে। বাংলা মাধ্যমের স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য ইংরেজি ভাষায় দক্ষতা প্রদর্শনের পাশাপাশি নিজেদের মেধা ও যোগ্যতা তুলে ধরার সুযোগ তৈরি করবে এই আয়োজন।