মাত্র ৯ দশমিক ৩২ সেকেন্ডে ১০০ মিটার দৌড় শেষ করে চমক দেখিয়েছে চীনের তৈরি মানবাকৃতির রোবট ‘লাইটনিং’। এই সময় ২০০৯ সালে উসাইন বোল্টের গড়া ৯ দশমিক ৫৮ সেকেন্ডের বিশ্ব রেকর্ডের চেয়েও কম। তবে রেকর্ডসদৃশ এই দৌড়ের পরই দেয়ালে সজোরে ধাক্কা খেয়ে আলোচনায় এসেছে রোবটটির নিয়ন্ত্রণক্ষমতা।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, শনিবার বেইজিংয়ে দ্বিতীয় ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমসের প্রস্তুতিমূলক পরীক্ষামূলক প্রতিযোগিতায় ১০০ মিটার দৌড়ে অংশ নেয় লাইটনিং। দৌড়ের সময় রোবটটির সর্বোচ্চ গতি ছিল প্রতি সেকেন্ডে ১৪ দশমিক ৫ মিটার।
তবে দ্রুতগতির দৌড়ের একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দেয়ালে গিয়ে সজোরে ধাক্কা খায় লাইটনিং। সিএনএনের প্রকাশিত ভিডিওতে ঘটনাটি দেখা গেছে। ফলে রোবটটির গতি যেমন প্রযুক্তিগত সক্ষমতার নতুন দৃষ্টান্ত তৈরি করেছে, তেমনি এর স্থিতিশীলতা ও নিয়ন্ত্রণ নিয়েও প্রশ্ন উঠেছে।
চীনের একটি স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানের তৈরি এই রোবটকে দেশটির মানবাকৃতির রোবট প্রযুক্তির অগ্রগতির অন্যতম উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিকসের উন্নয়নের মাধ্যমে লজিস্টিকসসহ বিভিন্ন ভোক্তা পর্যায়ের কাজে হিউম্যানয়েড রোবট ব্যবহারের সম্ভাবনা বাড়াতে কাজ করছে চীন।
এর আগে গত এপ্রিলে বেইজিং হাফ ম্যারাথনে অংশ নিয়েছিল লাইটনিং। ২১ কিলোমিটারের দৌড়টি শেষ করতে রোবটটির সময় লেগেছিল ৫০ মিনিট ২৬ সেকেন্ড। তখন এর উচ্চতা ছিল ১৬৯ সেন্টিমিটার এবং পায়ের দৈর্ঘ্য ছিল ৯৫ সেন্টিমিটার।
ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমসের আগে গবেষকেরা লাইটনিংয়ের পায়ের দৈর্ঘ্য আরও ১০ সেন্টিমিটার বাড়িয়ে ১ দশমিক ০৫ মিটার করেন। এরপর ১০০ মিটারে ৯ দশমিক ৩২ সেকেন্ডের এই দৌড় রোবটটির গতির সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে গেলেও, দেয়ালে ধাক্কার ঘটনা প্রযুক্তিটির নিয়ন্ত্রণ ও ভারসাম্য নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
এসআর