মানুষের বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যেতে পারে—এমন ‘সুপারইন্টেলিজেন্ট’ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্থায়ীভাবে নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। একই সঙ্গে উন্নত এআই প্রযুক্তির বিকাশ সাময়িকভাবে বন্ধ রাখার দাবি জানিয়েছেন তিনি।
এ-সংক্রান্ত একটি নতুন বিল গত বৃহস্পতিবার উপস্থাপন করেন স্যান্ডার্স। বিলটির লক্ষ্য সুপারইন্টেলিজেন্ট এআইয়ের উন্নয়ন ও ব্যবহার স্থায়ীভাবে নিষিদ্ধ করা। পাশাপাশি উন্নত এআই প্রযুক্তির বিকাশ সাময়িকভাবে স্থগিত রাখার প্রস্তাবও রয়েছে।
শীর্ষস্থানীয় এআই প্রতিষ্ঠানগুলো ক্রমেই আরো শক্তিশালী মডেল তৈরি করছে। একই সময়ে এসব প্রযুক্তিকে মানুষের নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে কি না, তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এমন পরিস্থিতির মধ্যেই স্যান্ডার্সের এই উদ্যোগ সামনে এল।
প্রস্তাবিত বিলটি আইনে পরিণত হলে নিষিদ্ধ সুপারইন্টেলিজেন্ট এআই তৈরির সঙ্গে যুক্ত নির্বাহী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও কঠোর শাস্তির প্রস্তাব রয়েছে।
এআই নিয়ে উদ্বেগ থেকেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন বলে জানিয়েছেন স্যান্ডার্স। এর পেছনে সাম্প্রতিক কিছু ঘটনার কথাও তিনি উল্লেখ করেছেন। বিশেষ করে ওপেনএআইয়ের একটি এআই এজেন্টের অবৈধ কর্মকাণ্ডের বিষয়টি সামনে এনেছেন তিনি।
স্যান্ডার্সের প্রস্তাব অনুযায়ী, উন্নত এআইয়ের বিকাশ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। এ সময়ের মধ্যে এআই ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নিয়ন্ত্রক কাঠামো গড়ে তোলার কথা বলা হয়েছে।
এএম