বাঙালি চিরদিনই ভোজনরসিক। অগ্রহায়ণ মাসে কৃষকের ঘরে ওঠে নতুন ধান। আর ধান ঘরে ওঠার পরই নতুন চালের পিঠা-পায়েস খাওয়ার মাধ্যমে শুরু হয় নবান্ন উৎসব। নবান্নের পর শীত জেঁকে বসলে হরেক রকম পিঠা খাওয়ার ধুম পড়ে যায়।
বাঙালির পিঠা খাওয়ার প্রচলন অনেক প্রাচীন। আনুমানিক ৫০০ বছর আগেও বাঙালির খাদ্য সংস্কৃতিতে পিঠার জনপ্রিয়তার উল্লেখ পাওয়া যায়। বিশাল উপমহাদেশে বসবাস করা বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে পিঠা যে জনপ্রিয় খাবার, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রাচীন বাংলায় মিষ্টান্ন হিসেবে পিঠার জনপ্রিয়তাই সম্ভবত বেশি ছিল।
প্রাচীনকাল থেকেই বাঙালির লোকজ ইতিহাস-ঐতিহ্যে পিঠাপুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পিঠা-পায়েস সাধারণত শীতকালের রসনাজাতীয় খাবার হিসেবে অত্যন্ত পরিচিত। এমনকি মুখরোচক খাদ্য হিসেবে বাঙালি সমাজে আদরণীয়। আত্মীয়স্বজন ও পারস্পরিক সম্পর্কের বন্ধনকে আরো দৃঢ় ও মজবুত করে তুলতে পিঠাপুলির উৎসব বিশেষ ভূমিকা পালন করে।
শীতকালেই গ্রামবাংলার ঘরে ঘরে পিঠা-পায়েস তৈরির ধুম বেশি পড়ে। মূলত মাঘ-ফাল্গুন এ দুমাসই জমিয়ে পিঠা খাওয়া হয়। এরপর আর ঠিকমতো পিঠার স্বাদ পাওয়া যায় না।
কুয়াশার চাদরে মোড়ানো ভোর বা সন্ধ্যায় গাঁয়ের বধূরা মাটির চুলার পাশে বসে নানারকম পিঠা তৈরিতে ব্যস্ত সময় কাটান। অতিথি, বিশেষ করে জামাইদের এ সময় দাওয়াত করে পিঠা খাওয়ানো হয়। এ সময় খেজুরের রস থেকে গুড়, পায়েস এবং নানারকম মিষ্টান্ন তৈরি করা হয়। খেজুরের রসের মোহনীয় গন্ধে তৈরি পিঠা-পায়েস আরো বেশি মধুর হয়ে ওঠে।
সবচেয়ে জনপ্রিয় পিঠা হচ্ছে ভাপা পিঠা। ভাপা পিঠা কয়েক রকমের হয়। যেমন গুড়ের মিষ্টি ভাপা, ঝাল ভাপা ও কিমা ভাপা পিঠা। তবে খেজুর গুড়ের মিষ্টি ভাপা পিঠাই সবার কাছে বেশি প্রিয়। এ ছাড়া আছে চিতই পিঠা, দুধচিতই, ছিটা পিঠা, দুধকুলি, ক্ষীরকুলি, তিলকুলি, সেমাই পিঠা, পাটিসাপটা, ফুলঝুড়ি, ধুপি পিঠা, নকশি পিঠা, মালাই পিঠা, মালপোয়া, পাকন পিঠা, ঝাল পিঠা ইত্যাদি। বাংলাদেশে শতাধিক ধরনের পিঠার প্রচলন রয়েছে। কালের গভীরে কিছু হারিয়ে গেলেও এখনো পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়নি।
শীতকালে শুধু গ্রামবাংলায়ই নয়, শহরেও পিঠা খাওয়ার ধুম পড়ে যায়। ইদানীং শহরেও মেলে শীতের পিঠার স্বাদ। অলিতে-গলিতে মেলে ভাপা পিঠা ও পাটিসাপটা পিঠা; আর নানারকম ভর্তা দিয়ে চিতই পিঠা। বড় বড় রেস্তোরাঁয় থরে থরে সাজানো থাকে নানা স্বাদের পিঠা। নতুন ধানের নতুন চালে জমে ওঠে পৌষ-পার্বণ। আর ফুটে ওঠে পিঠা-পায়েসের আনন্দ।
একসময় এ দেশে যেমন শত শত নামের ধান ছিল, তেমনি সেসব ধানের পিঠারও অন্ত ছিল না। কত কী বিচিত্র নামের পিঠা! পিঠা তৈরি ছিল আবহমান বাংলার মেয়েদের ঐতিহ্য। পিঠা-পায়েস নিয়ে গ্রামাঞ্চলের বিভিন্ন স্থানে এখনো অসংখ্য গান, কবিতা ও ছড়া প্রচলিত আছে। পিঠা ঘিরে ‘পল্লী মায়ের কোল’ কবিতায় প্রখ্যাত কবি বেগম সুফিয়া কামাল লিখেছেন—
‘পৌষ পার্বণে পিঠা খেতে বসি খুশিতে বিষম খেয়ে
আরও উল্লাস বাড়িয়াছে মনে মায়ের বকুনি পেয়ে।’
পিঠাপুলি আমাদের লোকজ ও নান্দনিক সংস্কৃতিরই প্রকাশ। আমাদের হাজারো সমস্যা সত্ত্বেও গ্রামবাংলায় এসব পিঠা-পার্বণের আনন্দ-উদ্দীপনা এখনো মুছে যায়নি। শহরেও পুরো শীতকালে বিভিন্ন স্থানে পিঠা উৎসব হয়। শীতের পিঠা-পার্বণের এ আনন্দ ও ঐতিহ্য যুগ যুগ ধরে বাংলার ঘরে ঘরে টিকে থাকুক। আমরা সবাই অনেক যত্নের সঙ্গে লালন করি এবং ধারণ করি আমাদের শেকড়ের এ ঐতিহ্য।