প্রাকৃতিক ভূদৃশ্য, প্রাচীন দুর্গ, পাহাড়, সমুদ্র, শান্ত হ্রদ, সবুজ উপত্যকা, মেঘের চাদরে মোড়ানো আকাশ আর স্থাপত্যের বিপুল সৌন্দর্য ও ঐশ্বর্যে ভরপুর যুক্তরাজ্যের অন্যতম দেশ ওয়েলস। ঐতিহ্য আর সৌন্দর্যের দিক দিয়ে যুক্তরাজ্যের চারটি দেশের মধ্যে অনন্য ওয়েলস, যার রয়েছে নিজস্ব পার্লামেন্ট, সরকার, পতাকা, ভাষা ও সংস্কৃতি।
প্রকৃতি অবারিত; সমুদ্র আর পাহাড়ের মাঝে ছড়িয়ে আছে ওয়েলসের অপরূপ নৈসর্গিক সৌন্দর্য। দিগন্তজোড়া উপত্যকা, পাহাড়ের গায়ে বয়ে চলা আঁকাবাঁকা রাস্তা, মেঘের ছায়া আর নিস্তব্ধতা যেন প্রকৃতির এক নির্মল আলিঙ্গন। সত্যিই আপনি যদি ওয়েলস না দেখেন, তাহলে ব্রিটেনকে পুরোপুরি দেখা হবে না। কারণ এই ছোট দেশটি এড়িয়ে গেলে আপনি এর পাহাড়, দুর্গ, উপকূল এবং প্রাচীন সংস্কৃতি থেকে বঞ্চিত হবেন। ওয়েলস হলো যুক্তরাজ্যের একটি লুকানো স্বর্গ, যেখানে প্রকৃতির বিশালতার ছোঁয়ায় প্রতি বছর কয়েক মিলিয়ন পর্যটক মুগ্ধ হন।
গ্রেট ব্রিটেন দ্বীপের পশ্চিম দিকের একটি ছোট অংশ জুড়ে ওয়েলসের অবস্থান। এর আয়তন প্রায় ২১ হাজার বর্গকিলোমিটার। ২০২৫ সালের হিসাবমতে, জনসংখ্যা প্রায় ৩১ লাখ ৭৫ হাজার। রাজধানী কার্ডিফ দেশটির প্রধান বাণিজ্যিক ও প্রশাসনিক কেন্দ্র। ত্রয়োদশ শতকে ইংল্যান্ডের রাজা প্রথম এডওয়ার্ড ওয়েলসের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময়ে ওয়েলস ইংরেজ শাসনব্যবস্থার সঙ্গে একীভূত হয়। ওয়েলসের ইতিহাস অনেক পুরোনো। কেল্টিক জনগোষ্ঠী, স্থানীয় রাজ্য এবং ইংল্যান্ডের মধ্যকার দীর্ঘ যুদ্ধ ও রক্তক্ষয়ী সংঘাতের কথা আজও ইতিহাসের পাতায় লিপিবদ্ধ আছে। ওয়েলসের প্রতিটি শহর থেকে শহরের পথে-প্রান্তরে সব সাইনবোর্ডে ওয়েলস ভাষার পাশাপাশি ইংরেজির বেশ দখল রয়েছে। তবে তাদের গ্রামগুলো খুবই সুন্দর। গ্রামের মানুষজনকে এখনো অপূর্ব সুন্দর ভাষায় কথা বলতে দেখা যায়। পুরো ওয়েলসে দেখতে পাবেন মুক্তভাবে ঘুরে বেড়ানো ঘোড়া, গরু, ভেড়া, এমনকি মাঝে মাঝে পাহাড়ি শিয়ালও।
নীল সমুদ্র, পাথুরে উপকূল আর দিগন্তের সঙ্গে মিশে যাওয়া আকাশ—তারই মাঝে সবুজের বুক চিরে বয়ে আসছে পাহাড়ি ঝরনা! একই দেশের মধ্যে প্রকৃতি যে এত ভিন্ন ভিন্ন রূপে নিজেকে সাজাতে পারে, ওয়েলস না দেখলে তা হয়তো বিশ্বাসই হবে না। ওয়েলসের সুবিশাল পাহাড় জুড়ে বেশকিছু ঝরনা রয়েছে; এর মধ্যে শ্যালও ফলস, পিস্টাল রাইডার, আবের, সোয়ালো, কনওয়ে, ডলগোচ, ডাইসারথসহ ছোট-বড় অর্ধশতাধিক পাহাড়ি ঝরনা রয়েছে।
বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্যের কারণে ওয়েলসকে প্রকৃতির রানি বলা হয়। এখানকার আকাশ, সাগর, নদী, পাহাড় আর হ্রদের মিতালি এক অপূর্ব দৃশ্যের অবতারণা করে, যা পর্যটকদের করে বিমুগ্ধ। কথিত আছে, ব্রিটিশ রাজপরিবার তাদের বিয়ের আংটি তৈরির জন্য ওয়েলসের সোনা ব্যবহার করত।
ওয়েলসের সেরা বেশ কয়েকটি জনপ্রিয় স্থানের মধ্যে উল্লেখযোগ্য হলো—স্নোডোনিয়া জাতীয় উদ্যান। নর্থওয়েলসের মুকুট হিসেবে আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে প্রাগৈতিহাসিক এই মাউন্টেন, যা ইংল্যান্ডের অন্যতম এক পর্বতমালা। এই সুবিশাল সমতল চূড়ার পর্বতটি শহরের প্রায় প্রতিটি কোণ থেকে দৃশ্যমান। এর চূড়া যখন মেঘের আস্তরণে ঢাকা পড়ে, স্থানীয়রা তাকে আদর করে ‘টেবিল ক্লথ’ বলে ডাকেন। পুরো ওয়েলস জুড়ে পাহাড়ের ভাঁজে ভাঁজে মেঘের খেলা এবং সবুজ অরণ্যে ঘেরা এই ওয়েলস রাজ্যে তার স্নিগ্ধ রূপের কাছে আগত পর্যটকরা সবসময়ই মাতোয়ারা হয়ে থাকেন।
কার্ডিফ ক্যাসেল হাজার বছরের ইতিহাস, স্থাপত্য আর শতাব্দীর সাংস্কৃতিক ঐতিহ্যের নীরব সাক্ষী হিসেবে আজও ঠাঁই দাঁড়িয়ে আছে। প্রায় দুই হাজার বছরের ইতিহাস বহনকারী এই ক্যাসেল বা দুর্গ শুধুই প্রতিরক্ষা স্থাপত্য ছিল না; এটি ওয়েলসের সাংস্কৃতিক ঐতিহ্য, সামরিক কৌশলসহ শিল্পরুচিরও এক অনন্য প্রতিফলন। এই ক্যাসেলটি শুধু পর্যটন কেন্দ্রই নয়, এটি ওয়েলসের গৌরবময় ঐতিহ্যের এক অনন্য প্রতীক এবং অতীত ও বর্তমানের সেতুবন্ধ। সাগর-পাহাড়ের সৌন্দর্য আপনাকে একসঙ্গে দেখতে হলে ওয়েলসে যেতে হবে। ওয়েলস রাজ্যের প্রতিটি কোনায় লুকিয়ে আছে প্রাচীন ইতিহাস, সংস্কৃতি আর বিস্ময়ের অজস্র গল্পকথা। এককথায় ওয়েলসের প্রাকৃতিক সৌন্দর্য আর রূপবৈচিত্র্য দেখে যে কেউ মুগ্ধ হবেন। সাউথ ওয়েস্ট ওয়েলসের সবচেয়ে বেশি পর্যটকদের আনাগোনার ক্ষেত্রে সমুদ্রতীরবর্তী রিসোর্টগুলোর মধ্যে বিখ্যাত টেনবি বিচ। ভিক্টোরিয়ান যুগ থেকেই রাজপরিবারের কাছে এই স্থানটি জনপ্রিয় ছিল। ২০১৩ সালে টেনবি বিচ জনসাধারণের ভোটে ব্রিটিশ ট্র্যাভেল অ্যাওয়ার্ডে ব্রোঞ্জ পুরস্কারের অধিকারী হয়। সেই থেকে এই সৈকতটি তার রূপের মহিমা দিয়ে ভ্রমণপিপাসুদের খুব কাছে টানছে। তাছাড়া প্রায় কয়েক ডজন সমুদ্রসৈকত রয়েছে, যেগুলোর মধ্যে পেমব্রোকশায়ার সমুদ্রসৈকত, সেন্ট ডেভিডস সমুদ্রসৈকত ও বারফান্ড সমুদ্রসৈকত ইউরোপের বেশ কয়েকটি স্বীকৃতিপ্রাপ্ত সৈকতের অন্যতম । এছাড়া কার্নারফন ক্যাসেল, কনউই ক্যাসেলসহ বেশ কিছু ক্যাসেল রয়েছে।
কার্ডিফ সিটি, পার্লামেন্ট ভবনসহ প্রাচীন স্থাপত্যশৈলীর অপূর্ব নিদর্শন ওয়েলসকে ইউরোপের অন্য দেশগুলো থেকে অনেকটাই আলাদা করে রেখেছে। দেশটিতে অনেকগুলো জনপ্রিয় পর্যটন কেন্দ্র রয়েছে, যা প্রকৃতিপ্রেমীদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। ওয়েলস রাজ্যের প্রতিটা শহর হচ্ছে মনোরম। প্রতিটি প্রান্ত দেখলেই চোখ জুড়ায়। যুক্তরাজ্যের চারটি দেশের মধ্যে ওয়েলস সবচেয়ে সৌন্দর্যময় দেশ। এর প্রাকৃতিক দৃশ্য ইউরোপের যেকোনো দেশকে হার মানায়। পাহাড়, পর্বত, নদী, সাগর, ঝরনা, লেক—এ সবকিছুর সৌন্দর্য যেন মহান আল্লাহ তায়ালা নিজ হাতে ঢেলে সাজিয়েছেন।
চোখের সামনে ছড়িয়ে আছে সবুজ ঘাসে ঢাকা ঢেউখেলানো উপত্যকা, আর দূরে পাহাড়ের গায়ে মেঘ ছুঁয়ে যাচ্ছে এক চূড়া থেকে অন্য চূড়ায়। মাঝে মাঝে কখন যেন সূর্যের আলো ভেদ করে ঝলমলে রশ্মি ছড়াচ্ছে। এখানে পাহাড়ের গায়ে মেঘ নেমে আসে, কখনো পাহাড়ের চূড়া হারিয়ে যায় ঘন কুয়াশার আড়ালে। স্বপ্নের ওয়েলস সত্যিই অনিন্দ্য সুন্দর। এখানকার সমুদ্রসৈকতের প্রকৃতির এই নীরব সৌন্দর্য ভ্রমণপিপাসুদের চোখ ফেরাতে পারবে না। ওয়েলসের বিভিন্ন বিচ তাদের রূপের মহিমায় যেমন পর্যটকদের কাছে টানে, তেমনি সৌন্দর্যের মায়াজালে তাদের বেঁধে রাখে। পাহাড় আর সমুদ্রের মিলনস্থলের নীরব সৌন্দর্য যেন প্রকৃতির এক নৈসর্গিক মুগ্ধতার হাতছানি দিয়ে সবাইকে ডাকছে। ভ্রমণপ্রেমীদের জন্য ওয়েলস এক কাঙ্ক্ষিত গন্তব্য, যেন প্রকৃতির কোলে স্বর্গীয় সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি!