হোম > ফিচার > নারী

প্রচ্ছদশিল্পে আলো ছড়াচ্ছেন ফারিহা

মোহনা জাহ্নবী

বইমেলার আর বেশি দিন বাকি নেই। প্রচ্ছদশিল্পীরা এখন ব্যস্ত তাদের হাতে জমে থাকা বাকি কাজ নিয়ে। তেমনই একজন ব্যস্ত প্রচ্ছদশিল্পী ফারিহা তাবাসসুম।

ফারিহার জন্ম পতেঙ্গায়। পৈতৃকসূত্রে বাড়ি নোয়াখালী হলেও বেড়ে ওঠা ও পড়াশোনা ঢাকায়। ছোটবেলা থেকেই তিনি ছবি আঁকতে পছন্দ করেন। বিভিন্ন প্রদর্শনীতে তার আঁকা ছবি প্রদর্শিত হয়েছে। একসময় শুধু তুলি আর ক্যানভাসে আঁকাআঁকিতে সীমাবদ্ধ থাকলেও এখন সময়ের সঙ্গে সঙ্গে ডিজিটাল আর্ট ও গ্রাফিক্সেও নিজের অভিজ্ঞতা অর্জন করেছেন ফারিহা। তা ছাড়া শাড়ি, ব্যাগ, কাপড়, কাঠ, কাচ, পাতা, গাছ- সব মাধ্যমেই আঁকাআঁকি করেন তিনি।

২০২০-এর বইমেলায় প্রথমবারের মতো তার আঁকা প্রচ্ছদে একটি বই প্রকাশিত হয়। সেই থেকে এখন পর্যন্ত অনেক লেখকের বইয়ের প্রচ্ছদ করেছেন তিনি।

ফারিহা বলেন, ‘প্রচ্ছদশিল্পী হওয়ার আগে এই ফিল্ডে কাজ করব কখনও ভাবিনি। প্রথম কাজ করার পর সবার প্রশংসা পেয়ে আগ্রহ বাড়তে থাকে। প্রচ্ছদশিল্পী সাদিতউজজামান, চারু পিন্টু ও প্রচ্ছদের লিজেন্ড ধ্রুব এষ আমার জন্য অনুপ্রেরণা হিসেবে ভীষণভাবে কাজ করেছে। আমি তাদের কাজ দেখে নিয়মিত শিখছি। তারা সব সময়ই আমার অনুপ্রেরণা হয়ে থাকবেন।’

শৈল্পিক কাজের ক্ষেত্রে পরিবারের সমর্থন পাওয়াটা আমাদের সমাজে একটু কঠিন ব্যাপার। ফারিহা জানান, প্রচ্ছদের ব্যাপারে তিনি সব সময় মা-বাবার সমর্থন পেয়েছেন। এমনকি তার জীবনসঙ্গীও তাকে খুব অনুপ্রেরণা দেন এবং গর্ব করেন।

নারী হিসেবে এই সেক্টরে কোনো বৈষম্য হয় কি না, জানতে চাইলে ফারিহা বলেন, ‘প্রচ্ছদের কাজে যে যত ভালো, ব্যতিক্রম ও নিখুঁত কাজ করতে পারবে, তার কাজের কদর তত বেশি। এই ফিল্ডে এখন পর্যন্ত ছেলেমেয়ে ভেদাভেদটা দেখিনি। বরং কাজ দিয়েই সবাইকে বিচার করতে দেখেছি।’

প্রচ্ছদশিল্পী হিসেবে কাজ করার প্রতিবন্ধকতা সম্পর্কে তিনি বলেন, ‘বাংলাদেশে বইমেলাকে কেন্দ্র করে প্রতি বছর শত শত বই প্রকাশিত হয়। বইমেলার সময় প্রচ্ছদের যে পরিমাণ কাজের চাপ থাকে, এটা সারা বছর থাকলে অবশ্যই প্রচ্ছদ ডিজাইনের কাজ মানুষকে সচ্ছল করতে যথেষ্ট। কিন্তু এ দেশে সেই সুযোগটা নেই বললেই চলে। তাই এই পেশাকে প্রধান পেশা হিসেবে বেছে নেওয়াটা একপ্রকার অসম্ভব। বরং শখ বা সাময়িক কাজ হিসেবে বিবেচনা করা যায়। এটা অনেক বড় একটা প্রতিবন্ধকতা বলে আমি মনে করি।’

এই পেশায় নিজেকে আরও যোগ্য করে তুলতে চান ফারিহা। তিনি বলেন, ‘সাফল্য শুধু টাকা দিয়ে বিবেচ্য নয়। মনের প্রশান্তিও মুখ্য। আমি প্রশান্তি নিয়ে আরও ভালো ভালো কাজ উপহার দিতে চাই।’

যারা প্রচ্ছদশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করতে ইচ্ছুক, ‘তাদের উদ্দেশে ফারিহার পরামর্শ- ‘যত কাজ করবেন, তত বেশি শিখবেন, হাত তত পাকা হবে ও মাথায় নতুন নতুন চিন্তার উদয় হবে। লেগে থাকলে সফলতা অবশ্যই আসবে। বাধা আসবে, মন ভাঙবে, তবু ভেঙে পড়া যাবে না।’

মন্ত্রিসভায় জায়গা করে নিলেন যারা

সেলিমার ‘হোমমেড’ থেকে ‘হোমব্র্যান্ড’

রমজানে ইবাদত ও সাংসারিক অদৃশ্য শ্রম

নিজের কাজকে ভালোবাসতে হবে: শর্মি

দৃঢ় প্রত্যয় থেকেই বিসিএস ক্যাডার অনন্যা

নারীবান্ধব রাষ্ট্রনীতি ও তাদের সিদ্ধান্তের মূল্যায়ন চাই

ভোটের মাঠে নারীর পদচারণা

স্বতঃস্ফূর্ত সাড়া ও ভালোবাসা পাচ্ছেন নারী প্রার্থীরা

নিরাপদ খাবার নিয়ে সাবিহার পথ চলা

রাজধানীতে শীতকালীন উদ্যোক্তা মেলা