জুলাই গণঅভ্যুত্থান না ঘটলে অন্ধকার ঘরেই আমার জীবনের শেষ হতো বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।
রোববার বিকেলে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আয়োজিত দুই দিনব্যাপী ‘উইটনেসেস টু জুলাই ম্যাসাকার মেমোরিয়াল এক্সিবিশন ২০২৬’ -এর সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সবার কাছে জুলাই এজেন্ডা হলে হতে পারে, আমার কাছে জুলাই হচ্ছে জীবন। এই জুলাইয়ের মাধ্যমে সৃষ্টিকর্তা আমাকে দ্বিতীয় জীবন দিয়েছেন। না হলে তো সেই অন্ধকার ঘরেই আমার জীবন শেষ হতো।
তিনি আরো বলেন, আজকে মুগ্ধর মা, জাবিরের মায়ের বুক খালি করে আমি আমার মায়ের বুকে ফিরে এসেছি। শত শত সন্তানের বাবা হারিয়ে আজকে আমার সন্তানেরা তাদের বাবাকে ফিরে পেয়েছে। অনেক জীবনের আত্মদানের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র পুনর্জীবন পেয়েছে। আমরা যারা এই জুলাইয়ের কারণে জীবন পেলাম, আমরা যেন বাকি জীবনের প্রতিটি দিন এই শহীদদের স্মরণের জন্য কাটিয়ে দিতে পারি।
জুলাই জাদুঘরের কথা তুলে ধরে তিনি বলেন, যে ফ্যাসিবাদের নির্যাতনে আমরা নির্যাতিত, সেই ফ্যাসিবাদকে যেন আমাদের পরবর্তী প্রজন্ম চিনতে পারে, সেই পাঠশালা হিসেবে এই জুলাই জাদুঘরকে যেন আমরা রেখে দিতে পারি।
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ফটোসাংবাদিক তাহির জামান প্রিয়র মা বলেন, জুলাই জাদুঘরে রাখা স্মৃতি দেখলে আমার ছেলের কথা মনে পড়ে। আজ যখন ছেলের জুতাগুলো জুলাই জাদুঘরে দেখলাম, মনে হলো আমার ছেলের সাথেই আছি। ফ্যাসিস্টরা ফিরে আসার জন্য লাফিয়ে বেড়াচ্ছে, তারা সব জায়গায় সোচ্চার। সরকারকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহ্সান মাহমুদের সভাপতিত্বে সমাপনি আয়োজনে আরো বক্তব্য দেন, সাংবাদিক শাহেদ আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যকরী সদস্য হেমা চাকমা প্রমুখ।
উল্লেখ্য, ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী জুলাই শহীদদের স্মৃতিস্মারক নিয়ে প্রদর্শনীর আয়োজন করেছিল জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, যেখানে ৫৯০ জন শহীদের স্মৃতিস্মারক প্রদর্শিত হয়।