হোম > সাহিত্য সাময়িকী > বইপত্র

বাংলার হারানো শহর খলিফাতাবাদ

বইপত্র

আমার দেশ অনলাইন

বর্তমান বাগেরহাট জেলা শহরের চারপাশে যেসব জলা, খন্দক, নদী প্রভৃতি ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে, সেসব থেকে অনুমান করা যায়, আনুমানিক খ্রিষ্টীয় ১৫ শতকের দিকে ভৈরব নদী উত্তর দিক থেকে এসে বর্তমান সুন্দরঘোনা গ্রামের উত্তর-পূর্ব কোণে হঠাৎ বাঁক নিয়ে মগরা, রণবিজয়পুর, কৃষ্ণনগর প্রভৃতি গ্রামের মাঝ দিয়ে সর্পিল গতিতে পূর্বমুখীভাবে প্রবাহিত হতো। আর এর পাড় ঘেঁষে লম্বালম্বি আনুমানিক ৬ দশমিক ৫ কিমি (পূর্ব-পশ্চিম) এবং পাশাপাশি ৩ দশমিক ৫ কিমি (উত্তর-দক্ষিণ) বিস্তৃত একটি শহর গড়ে উঠেছিল। গবেষকদের মতে, এই শহর সুলতানি আমলে ‘খলিফাতাবাদ’ এবং ‘হাবেলি কসবা’ নামে পরিচিত ছিল। বর্তমানে এটি ‘মস্ক সিটি অব বাগেরহাট’ নামে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত। ২০১১ সালে ফোর্বসের করা ‘15 Lost Cities of The World’-এর তালিকায় প্রাচীন খলিফাতাবাদও স্থান পেয়েছে।

‘খলিফাতাবাদ’ হলো বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ অঞ্চলগুলোর মধ্যে অন্যতম। প্রাচীন এই শহরের স্বল্পায়তনের মধ্যে রয়েছে অনেকগুলো পুরাস্থাপনা—সাতটি মসজিদ, মাজার ও অন্যান্য স্থাপনা। এর মধ্যে অন্যগুলো হলো, খান জাহানের বসতভিটা, জাহাজঘাটা বা পাথরঘাটা, দিদার খাঁ মসজিদ, ষাটগম্বুজ মসজিদ, সিঙ্গাইর মসজিদ, বিবিবেগুনি মসজিদ, চুনাখোলা মসজিদ, খানজাহানের সমাধিসৌধ, পীরালী মোহাম্মদ তাহেরের সমাধি, এক গম্বুজবিশিষ্ট মসজিদ, নয়গম্বুজ মসজিদ, জিন্দাপীর স্থাপনাগুচ্ছ, রেজাখোদা মসজিদ, চিল্লাখানা মাজার, ফকিরবাড়ী মসজিদ/রণবিজয়পুর মসজিদ, দশগম্বুজ মসজিদ ও টাঁকশাল।

সমৃদ্ধ এই শহরটি একসময় কালের গর্ভে বিলীন হয়ে গিয়েছিল। বিগত শতকের শুরুর দিকেও এই শহরের পুরাস্থাপত্যিক নিদর্শনগুলো অধিকাংশ ছিল ধ্বংসপ্রাপ্ত ও বিরান। পর্যায়ক্রমে সেগুলোর বিরাট একটি অংশ সুরক্ষিত ঘোষণা করে মেরামত করা হয়। কয়েকটি প্রান্তে প্রত্নতাত্ত্বিক খননকাজ পরিচালনা করে অন্তরিত হয়ে থাকা কিছু নিদর্শন অনাবৃত করা হয়। কিন্তু সেগুলোর সামগ্রিক পরিচয় একসঙ্গে পাওয়া কঠিন ছিল।

বাংলাদেশ সরকারের সংস্কৃতি-বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই বিষয়ে উদ্যোগী হয়েছে। তারা বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য খলিফাতাবাদ > বাগেরহাট নামে একটি বই প্রকাশ করেছে। বইটি ছোট ও সংক্ষিপ্ত। তবে সেখানে প্রাচীন খলিফাতাবাদের সব পুরাস্থাপত্যিক নিদর্শন চিহ্নিত করা হয়েছে, লোকেশন নির্দিষ্ট করা হয়েছে এবং সাধারণ বিবরণ দেওয়া হয়েছে। স্বল্প পরিসরে সামগ্রিকভাবে যারা ‘মস্ক সিটি অব বাগেরহাট’ সম্পর্কে জানতে চায়, তাদের জন্য এই বইটি অনেক বেশি সহায়ক হবে।

মাহমুদুর রহমানের নতুন বই ‘আত্মপরিচয়ের বর্মে হেজেমনি মোকাবেলা’

‘হোয়াই নেশনস ফেইল’

সামাজিক ও রাজনৈতিক পট-পরিবর্তনের উপাখ্যান

তরুণ কবি এমদাদ হোসেনের নতুন বই ‘বেদনার দুর্দিনে তুমি আমার প্রার্থনা হও’

‘আবদুল্লাহ্‌’ ও বাঙালি মুসলমান সমাজ

নাদিয়া কিলানির প্রথম কবিতার মৌসুম

এক ‘তথৈবচ’ সন্ধ্যা

‘আওয়ামী শাসনে আলেম নিপীড়ন’ বই প্রকাশ

ফ্যাসিবাদবিরোধী প্রথম আন্দোলন বা শেষ প্রহরের গল্প