শেষ পর্ব
১৩ হিজরির ২৭ জুমাদাল উলা। শুরু হলো যুদ্ধ। আজনাদাইনের এ যুদ্ধ শুধু তলোয়ারের লড়াই ছিল না; এটি ছিল কৌশল, বুদ্ধিমত্তা ও ধৈর্যের মহাআখ্যান। সেদিনও যুদ্ধের সূচনা হয়েছিল প্রথাগত দ্বন্দ্বযুদ্ধের মাধ্যমে।
যুদ্ধের শুরুতে রোমান শিবির থেকে তাদের শ্রেষ্ঠ সৈন্যরা চ্যালেঞ্জ ছুড়ে দেয়। মুসলিম শিবির থেকে দিরার ইবনুল আজওয়ার এগিয়ে যান। তার লড়াইয়ের ধরন ছিল অদ্ভুত। লড়াইয়ের সময় তিনি শরীরের ঊর্ধ্বাংশের বর্ম ও পোশাক খুলে ফেলতেন। এটি দেখে রোমান সৈন্যরা আতঙ্কিত হয়ে পড়ত। তাদের কাছে তিনি ‘অর্ধনগ্ন শয়তান’ বা ‘মৃত্যুদূত’ নামে পরিচিতি পান। দিরার একাই তিবরিয়া ও আম্মানের গভর্নরদের দ্বন্দ্বযুদ্ধে পরাজিত করে হত্যা করেন। তার ব্যক্তিগত সাফল্য যুদ্ধ শুরুর আগেই রোমানদের মনোবলে চিড় ধরিয়ে দেয়।
দ্বন্দ্বযুদ্ধ শেষে রোমান জেনারেলরা তাদের সুশৃঙ্খল পদাতিক বাহিনীকে সামনের দিকে এগিয়ে দেন। তাদের তিরন্দাজরা আকাশ অন্ধকার করে তীরবৃষ্টি শুরু করে। মুসলিম সেনাদের প্রতি সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদের কঠোর নির্দেশ ছিল—যতক্ষণ না শত্রু হাতের নাগালে আসে, কেউ তলোয়ার বের করবে না। ঢাল দিয়ে প্রতিরোধ করার পরও শত শত তীর মুসলিমদের গায়ে এসে বিঁধছিল, কিন্তু তারা পাথরের মূর্তির মতো নিশ্চল দাঁড়িয়ে ছিলেন। এই অভাবনীয় শৃঙ্খলা রোমানদের অবাক করে দেয়। রোমান সৈনিকরা যখন একেবারে কাছাকাছি চলে আসে, তখন সেনাপতির নির্দেশে অশ্বারোহী ও পদাতিক ইউনিট একযোগে আক্রমণ করেন।
দুপুরের দিকে লড়াইয়ের তীব্রতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। পদাঘাতে বিক্ষিপ্ত ধুলোর মেঘে আকাশ ঢেকে যায়। তলোয়ারের ঝনঝনানি ছাড়া কোথাও কিছুই শোনা যাচ্ছিল না। রোমানরা ভারী বর্ম ও দীর্ঘ বর্শার সাহায্যে মুসলিমদের কেন্দ্রভাগে প্রচণ্ড চাপ সৃষ্টি করে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে, মুসলিম সেনাবাহিনীর বাম বাহু কিছুটা নড়বড়ে হয়ে পড়ে।
এই সংকটময় মুহূর্তে সেনাপতি খালিদ চার হাজার অশ্বারোহীর ‘মোবাইল গার্ড’ নিয়ে ঝড়ের বেগে আক্রমণ করেন। তিনি সরাসরি শত্রুব্যূহ ভেদ করে তাদের সেনাপতি থিওডোর ও ভারদানের অবস্থানের দিকে এগিয়ে যান।
যুদ্ধের দ্বিতীয় দিনে রোমান জেনারেল ভারদান বুঝতে পারে, সরাসরি সংঘর্ষে খালিদকে পরাজিত করা সম্ভব নয়। তখন সে মুসলিমদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়। আলোচনার অজুহাতে সে মুসলিম সেনাপতি খালিদকে ফাঁদে ফেলে হত্যার পরিকল্পনা করে। কিন্তু মুসলিম গোয়েন্দারা সময়মতো এ চক্রান্ত উদঘাটন করে ফেলে।
দিরার ও তার সঙ্গীরা রোমানদের গোপনে লুকিয়ে রাখা আততায়ীদের হত্যা করে তাদের পোশাক পরে নিজেরাই ওত পেতে বসে। যখন ভারদান খালিদকে হত্যার সংকেত দেয়, তখন তার নিজস্ব লোকদের পরিবর্তে দিরারের তলোয়ারই তার গর্দানের দিকে ধেয়ে আসে। ভারদানের মৃত্যু রোমান বাহিনীর মেরুদণ্ড ভেঙে দেয়।
সেনাপতির মৃত্যুর পর রোমান বাহিনী বিশৃঙ্খল হয়ে পড়ে। খালিদ এই সুযোগটি পূর্ণমাত্রায় কাজে লাগান। তিনি চারদিক থেকে রোমানদের ঘিরে ফেলার নির্দেশ দেন। রোমানদের কেন্দ্রভাগ যখন ভেঙে পড়ে, তখন তারা প্রাণভয়ে পালাতে শুরু করে। খালিদ তাদের পলায়নের পথ রুদ্ধ করে দেন এবং এক রক্তক্ষয়ী যুদ্ধের পর আজনাদাইনের ময়দান মুসলমানদের নিয়ন্ত্রণে আসে।
বিজয়ের কারণ বিশ্লেষণ
আজনাদাইনের এই গৌরবময় বিজয়ের পেছনে কোনো অলৌকিকতা ছিল না; বরং এর ভিত্তি ছিল সুপরিকল্পিত কৌশল, শৃঙ্খলাবদ্ধ নেতৃত্ব এবং অসাধারণ সামরিক ও সামাজিক সংগঠনশক্তি।
খালিদ ইবনুল ওয়ালিদের একক নেতৃত্ব : খালিদ যখন ইরাক থেকে এসে বাহিনীর দায়িত্ব নিলেন, তিনি প্রথমেই কমান্ড স্ট্রাকচারে আমূল পরিবর্তন আনেন। তিনি চারটি পৃথক বাহিনীকে একটি কেন্দ্রীয় কমান্ডের অধীনে নিয়ে আসেন। আজনাদাইনে তার একক কর্তৃত্ব মুসলিম বাহিনীকে সুশৃঙ্খল রেখেছিল।
গতিশীলতা বনাম জড়তা : রোমানরা ছিল প্রাচীন ঘরানার সুশৃঙ্খল কিন্তু মন্থর বাহিনী। অন্যদিকে মুসলিমরা ছিল মরুভূমির অত্যন্ত গতিসম্পন্ন যোদ্ধা। খালিদের ‘মোবাইল গার্ড’ কৌশলটি আধুনিক সামরিক বিজ্ঞানের ‘রিজার্ভ ফোর্স’ বা ‘স্ট্রাইকিং এলিমেনেন্টে’র পূর্বরীতি হিসেবে গণ্য করা যায়।
আদর্শিক পার্থক্য : দিরার ইবনুল আজওয়ারের মতো যোদ্ধাদের ব্যবহার করে খালিদ রোমানদের মনে এক ধরনের অতিপ্রাকৃত ভীতি তৈরি করেছিলেন। রোমানরা লড়ছিল অর্থনৈতিক সমৃদ্ধির জন্য, আর মুসলিমরা লড়ছিলেন ঈমানের জন্য। এই আদর্শিক পার্থক্যই যুদ্ধের মূল চালিকাশক্তি হয়ে দাঁড়িয়েছিল।
রোমানদের অভ্যন্তরীণ দুর্বলতা : সম্রাট হেরাক্লিয়াস তার বাহিনীকে যথাযথ রসদ এবং সংহতি দিতে ব্যর্থ হয়েছিলেন। আধুনিক ইতিহাসবিদ ফ্রেড ডোনারের মতে, বাইজেন্টাইন সাম্রাজ্যের অর্থনৈতিক সংকট এবং স্থানীয় সিরীয় জনগোষ্ঠীর প্রতি তাদের নিপীড়নমূলক আচরণ মুসলিমদের কাজ সহজ করে দিয়েছিল।
শৃঙ্খলা ও ত্যাগ : মুসলিম বাহিনীর সাধারণ সৈনিক থেকে শুরু করে সেনাপতি পর্যন্ত সবার মধ্যে ছিল অপরিসীম শৃঙ্খলা। তিরবৃষ্টির সময় তারা যেভাবে অটল ছিলেন, তা বিশ্বের যেকোনো প্রশিক্ষিত বাহিনীকে হার মানাতে পারে।
যুদ্ধের ফল ও প্রভাব
আজনাদাইন যুদ্ধে বিজয় অর্জনের ফলে শামের চালিকা শক্তি মুসলিমদের হাতে চলে আসে। এই যুদ্ধের জয় সমগ্র মধ্যপ্রাচ্যের ভাগ্য বদলে দিয়েছিল। এই যুদ্ধের কিছু প্রভাব ছিল সুদূরপ্রসারী।
বাইজেন্টাইন প্রতিরক্ষায় ভাঙন : ঐতিহাসিক হিউ কেনেডির মতে, আজনাদাইনের পরাজয়ের ফলে রোমানদের ‘সাউদার্ন ডিফেন্স’ বা দক্ষিণ প্রতিরক্ষা-বলয় চিরতরে নিশ্চিহ্ন হয়ে যায়। এর ফলে ফিলিস্তিনের অভ্যন্তরীণ শহরগুলোয় মুসলিমদের অবাধ প্রবেশের সুযোগ তৈরি হয়।
শহরগুলোর পতন : আজনাদাইনের পর গাজা, নাবলুস, লোড (Lydda) এবং আমওয়াসের মতো গুরুত্বপূর্ণ বিভিন্ন শহর একে একে মুসলিমদের অধিকারে আসে। রোমান সৈন্যরা এতই আতঙ্কিত ছিল যে, অনেক জায়গায় তারা লড়াই ছাড়াই পিছু হটে গিয়েছিল।
দামেস্কের ওপর প্রভাব : আজনাদাইনের জয় মুসলিমদের আত্মবিশ্বাস এমন উচ্চতায় নিয়ে যায় যে, তারা সরাসরি দামেস্ক অভিমুখে যাত্রা করার সাহস পায়। রোমান সম্রাট হেরাক্লিয়াস তার ভাই থিওডোরের ব্যর্থতায় ক্ষুব্ধ হয়ে তাকে বন্দি করেন এবং রাজধানী থেকে দূরে সরে যান।
ভবিষ্যৎ ভিত্তি : এই যুদ্ধ প্রমাণ করেছিল যে মুসলিমরা সমতল ভূমিতেও রোমানদের বড় বাহিনীকে পরাজিত করতে সক্ষম। এটি পরবর্তী ইয়ারমুক যুদ্ধের মানসিক প্রস্তুতি হিসেবে কাজ করেছিল।
আজনাদাইনের সূর্যাস্ত শুধু একটি যুদ্ধের সমাপ্তি ছিল না; এটি ছিল শামের বুকে নতুন সূর্যোদয়ের পূর্বাভাস। এই ময়দান প্রমাণ করেছে—যখন দৃঢ় ঈমান ও সুনিপুণ রণকৌশল একত্র হয়, তখন পৃথিবীর কোনো পরাশক্তিই তাকে দমিয়ে রাখতে পারে না। খালিদ ইবনে ওয়ালিদ আজনাদাইনের এই রক্তপিচ্ছিল পথ বেয়ে মুসলিম উম্মাহকে এক নতুন দিগন্তের দিকে নিয়ে গিয়েছিলেন।
তবে মনে রাখতে হবে, আজনাদাইন ছিল শুধু একটি বড় পরীক্ষা। এই যুদ্ধে পরাজয়ের পর সম্রাট হেরাক্লিয়াস প্রাসাদে বসে মহাপরিকল্পনা আঁটছিলেন। রোমানদের পরিকল্পনা বাস্তবায়ন করে তাদের হারানো গৌরব পুনরুদ্ধারে আরো বৃহৎ সৈন্যবাহিনী নিয়ে ধেয়ে আসবে। দামেস্কের সুউচ্চ প্রাচীর ও ইয়ারমুকের গভীর খাদের মধ্যে অপেক্ষা করছে ইসলামের ইতিহাসের আরো কঠিন চ্যালেঞ্জ। আজনাদাইনের ধুলোবালি যখন ধীরে ধীরে স্তিমিত হচ্ছে, তখন মুসলিম যোদ্ধারা তাদের অশ্বকে নতুন করে প্রস্তুত করছেন—সামনে অপেক্ষা করছে শামের হৃৎপিণ্ড, দামেস্ক।