হোম > সাহিত্য সাময়িকী > মুসলিম বিশ্বের ইতিহাস

গ্রানাডায় চলছে মুসলিম স্পেনের বিজ্ঞান প্রদর্শনী

সাহিত্য ডেস্ক

প্রদর্শনীতে দেখানো আলহামরা মসজিদের মডেল

স্পেনের গ্রানাডা শহরের বিজ্ঞান জাদুঘরে মুসলিম শাসনামলের বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে বিশেষ প্রদর্শনী চলছে। এতে অষ্টম থেকে পঞ্চদশ শতক পর্যন্ত আন্দালুসে জ্ঞান-বিজ্ঞানের বিকাশ এবং চিকিৎসা, গণিত, জ্যোতির্বিজ্ঞান, কৃষি ও নৌবিদ্যায় মুসলিম পণ্ডিতদের অবদান তুলে ধরা হয়েছে। প্রদর্শনীতে স্থান পেয়েছে মধ্যযুগের বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতির প্রতিরূপ, ঐতিহাসিক স্থাপনার মডেল, মানচিত্র, আলোকচিত্র, তথ্যচিত্র ও শিক্ষামূলক উপকরণ।

‘আল-আন্দালুস ও বিজ্ঞান : অতীতের বৈজ্ঞানিক জগতে ভ্রমণ’ (Al-Andalus y la Ciencia. Un viaje al pasado científico) শিরোনামের এ প্রদর্শনীর আয়োজন করেছে গ্রানাডার বিজ্ঞান জাদুঘর পারকে দে লাস সিয়েন্সিয়াস (Parque de las Ciencias) এবং এল লেগাদো আন্দালুসি ফাউন্ডেশন (El legado andalusí)। প্রদর্শনীটি ২০২৬ সালজুড়ে চলার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে আয়োজকরা আন্দালুসের বৈজ্ঞানিক ঐতিহ্য নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে চেয়েছেন।

প্রদর্শনীর মূল উদ্দেশ্য হলো, মুসলিম শাসনামলে আইবেরীয় উপদ্বীপে বিজ্ঞান ও প্রযুক্তির যে বিকাশ ঘটেছিল, তার ঐতিহাসিক পরিচয় তুলে ধরা। বিশেষ করে অষ্টম থেকে পঞ্চদশ শতকের মধ্যে আন্দালুসের বিজ্ঞানীরা গণিত, জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান, উদ্ভিদবিদ্যা, কৃষি ও নৌবিদ্যায় যেসব জ্ঞান অর্জন ও চর্চা করেছিলেন, তা দর্শকদের সামনে উপস্থাপন করা।

প্রদর্শনীটি মূলত চারটি গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে সাজানো হয়েছে।

গণিত ও জ্যোতির্বিজ্ঞান : এ বিভাগে আন্দালুসে গণিত ও জ্যোতির্বিজ্ঞানের বিকাশ, গ্রহ-নক্ষত্র পর্যবেক্ষণ, জ্যামিতি এবং হিসাববিজ্ঞানের চর্চা তুলে ধরা হয়েছে। বিশেষ গুরুত্ব পেয়েছে জ্যোতির্বৈজ্ঞানিক যন্ত্র অ্যাস্ট্রোল্যাবের ব্যবহার। আকাশ পর্যবেক্ষণ, সময় নির্ধারণ ও দিকনির্ণয়ে এসব যন্ত্র কীভাবে ব্যবহৃত হতো, তার পরিচিতিও রয়েছে।

চিকিৎসাবিজ্ঞান, ওষুধবিজ্ঞান ও উদ্ভিদবিদ্যা

এ বিভাগে মুসলিম স্পেনের চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি, ওষুধ প্রস্তুত, ঔষধি উদ্ভিদের ব্যবহার এবং চিকিৎসাপদ্ধতির বিকাশ তুলে ধরা হয়েছে। মধ্যযুগের চিকিৎসকদের গবেষণা ও চিকিৎসাক্ষেত্রে তাদের অবদান সম্পর্কে দর্শকদের ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে।

পানি ও কৃষিব্যবস্থা

আন্দালুসের কৃষি ও সেচপ্রযুক্তি ছিল মধ্যযুগের উল্লেখযোগ্য অর্জনগুলোর একটি। এ বিভাগে পানির চাকা, সেচখাল, জলাধার, পানি সংরক্ষণ এবং কৃষিকাজে পানি ব্যবহারের বিভিন্ন প্রযুক্তি তুলে ধরা হয়েছে। এসব প্রযুক্তি কীভাবে কৃষি উৎপাদন ও নগরজীবনের বিকাশে ভূমিকা রেখেছিল, তা প্রদর্শনীর অন্যতম আলোচ্য বিষয়।

নৌবিদ্যা : এ বিভাগে সমুদ্রযাত্রা, দিকনির্ণয়, নৌচলাচল এবং সামুদ্রিক অভিযানে ব্যবহৃত বৈজ্ঞানিক জ্ঞান ও যন্ত্রপাতির পরিচয় তুলে ধরা হয়েছে। মধ্যযুগে নৌবিদ্যার বিকাশে আন্দালুসের জ্ঞানচর্চার ভূমিকা এখানে গুরুত্ব পেয়েছে।

প্রদর্শনীতে কী কী দেখা যাবে ও কতদিন চলবে : প্রদর্শনীতে দর্শকদের জন্য রাখা হয়েছে মধ্যযুগের বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রের প্রতিরূপ, ঐতিহাসিক স্থাপনার মডেল, মানচিত্র, আলোকচিত্র, অডিও-ভিজ্যুয়াল উপস্থাপনা এবং ইন্টার‌্যাকটিভ শিক্ষামূলক উপকরণ। উল্লেখযোগ্য উপকরণের মধ্যে রয়েছে নবম শতকের একটি অ্যাবাকাস বা গণনাযন্ত্রের প্রতিরূপ, আরবি ঐতিহ্যের পানির চাকার নমুনা এবং আলবারাসিনের পানির চাকার আদলে তৈরি ক্ষুদ্র মডেল। এছাড়া গ্রানাডার বিখ্যাত আলহামরা প্রাসাদের মডেল এবং আন্দালুসের নির্মাণসামগ্রী ও স্থাপত্যপ্রযুক্তির নমুনাও প্রদর্শিত হচ্ছে।

গ্রন্থনা : ইতিহাস ঐতিহ্য টিম

জ্ঞান-বিজ্ঞানের আলোয় মধ্যযুগের কর্ডোভা

স্থানীয় ভাষার পৃষ্ঠপোষকতা ও মুসলিম সংস্কৃতির অভ্যুদয়

উসমানি রাজদরবারে মাওলিদ উদযাপন

সিল্ক রোডের মহানগরী

মুসা আল-খারিজমি ও আধুনিক অ্যালগরিদম

মাহমুদ গজনবির ভারত অভিযান, উপনিবেশী বয়ান ও বাস্তবতা

হারিয়ে যাওয়া আমিরুল মুমিনিন খাল

কাশ্মীরের ৬০০ বছরের ঐতিহ্যবাহী বিয়ের ভোজ

আধুনিক অপটিকস, ইবনুল হাইসাম ও নতুন যুগের সূচনা

মধ্যযুগের মিনিয়েচার শিল্পে জীবন ও সংস্কৃতি