২০২৬ সালের বুকার প্রাইজের শর্টলিস্ট প্রকাশিত হবে আগামী ২২ সেপ্টেম্বর ২০২৬। লন্ডনের সাউথব্যাংক সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে পাঁচ বিচারকের উপস্থিতিতে শর্টলিস্ট ঘোষণা করা হবে। অনুষ্ঠানটি সাউথব্যাংক সেন্টারের ওয়েবসাইটে সরাসরি প্রচার করা হবে।
এরই মধ্যে প্রকাশিত হয়েছে এবারের বুকার প্রাইজের লংলিস্টে থাকা ১৩টি উপন্যাসের নাম। ১৬৩টি উপন্যাসের মধ্য থেকে বিচারক দল এই নির্বাচন করেছেন। বিচারক দলের সভাপতি প্রখ্যাত লেখক ও সম্প্রচারক মেরি বিয়ার্ড। সঙ্গে রয়েছেন কবি ও লেখক রেমন্ড অ্যান্ট্রবাস, সংগীতশিল্পী ও লেখক জারভিস ককার, সাংবাদিক ও সমালোচক রেবেকা লিউ এবং বুকার প্রাইজের সাবেক শর্টলিস্টভুক্ত লেখক প্যাট্রিসিয়া লকউড।
লংলিস্টে থাকা বইগুলো হলো— ১. The Shadow of the Object, ২. Switzy, ৩. Helen of Nowhere, ৪. The End of Everything, ৫. The Disappearers, Black Bag, ৬. The Renovation, ৭. May We Feed the King, ৮. The Palm House, ৯. The Things We Never Say, ১০. John of John, ১১. All Them Dogs এবং ১২. The Vivisectors।
লংলিস্টে থাকা এই উপন্যাসগুলো পাঠককে নিয়ে যায় মেক্সিকো সিটির একটি হাসপাতাল থেকে পোস্ট-অ্যাপোক্যালিপটিক ব্রিটেনের কেন্ট উপকূলে, জুরিখের সহায়তাপ্রাপ্ত আত্মহত্যা ক্লিনিক থেকে আউটার হেব্রিডিসের অনুর্বর পাহাড়ে। গল্পের পটভূমিতে রয়েছে পশ্চিম ডাবলিনের অপরাধজগৎ, ১৯৮০-এর দশকের শেষভাগের কিংস্টন, জ্যামাইকা, একটি নামহীন মধ্যযুগীয় রাজদরবার এবং রহস্যময় এক কারাকক্ষ।
১৩টি উপন্যাসে উঠে এসেছে হাস্যরস ও বেদনা, ব্যঙ্গ ও অতিবাস্তবতার নানা রূপ। ডিস্টোপিয়ান সায়েন্স ফিকশন, রাজপরিবারের ইতিহাস, ক্রাইম থ্রিলার ও ক্যাম্পাস উপন্যাসের পাশাপাশি বইগুলোতে রয়েছে স্মৃতি, মৃত্যু, রূপান্তর, হত্যা, পুনর্মিলন, প্রতিশোধ এবং অতীতের সঙ্গে মানুষের বোঝাপড়ার নানা আখ্যান।
এবারের লংলিস্টে রয়েছেন দুই সাবেক বিজয়ী মারলন জেমস ও ডগলাস স্টুয়ার্ট, পাশাপাশি সাবেক শর্টলিস্টভুক্ত লেখক এলিজাবেথ স্ট্রাউট। প্রথমবারের মতো লংলিস্টে জায়গা পেয়েছেন ১০ জন লেখক, যাদের মধ্যে রয়েছেন তিনজন ডেব্যু ঔপন্যাসিক। তালিকায় কবি, নাট্যকার, সম্পাদক ও সমালোচকদের পাশাপাশি রয়েছেন সাবেক ট্রাম্পোলিন খেলোয়াড়, সাবেক আইনজীবী, ফ্যাশন ডিজাইনার ও সাবেক শিশুশিল্পী।
লংলিস্টের লেখকরা সাতটি দেশ ও তিনটি মহাদেশের প্রতিনিধিত্ব করছেন। তবে অধিকাংশ লেখক যুক্তরাজ্যের।
সূত্র : www.thebookerprizes.com
গ্রন্থনা : সিয়াম আন নুফাইস