ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিংয়ের বাংলাদেশ দখল ও প্রতিশোধের হুমকির পর সাংবাদিক মাহমুদুর রহমানের বাসায় স্থগিত মামলার গ্রেফতারি পরোয়ানা নিয়ে পুলিশের আকস্মিক উপস্থিতির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির (জেডিপি) আহ্বায়ক নাঈম আহমাদ। তিনি বলেছেন, ঘটনাগুলোকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। এর পেছনে কোনো রাজনৈতিক যোগসূত্র বা আধিপত্যবাদী স্বার্থের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ মঞ্চ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
নাঈম আহমাদ বলেন, মাহমুদুর রহমানের সাংবাদিকতা, লেখার গুণগত মান কিংবা রাজনৈতিক অবস্থান নিয়ে কারও ভিন্নমত বা প্রশ্ন থাকতে পারে। কিন্তু বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের প্রশ্নে তাঁর দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। দিল্লির আধিপত্যবাদী রাজনীতির বিরুদ্ধে তাঁর দীর্ঘদিনের অবস্থানকে রাজনৈতিক প্রতিহিংসার কারণ বানানো হলে তা অত্যন্ত উদ্বেগজনক।
তিনি আরও বলেন, ভারতের একজন মন্ত্রী প্রকাশ্যে বাংলাদেশের ভূখণ্ড দখল ও প্রতিশোধ নেওয়ার হুমকি দেবেন, আর একই সময়ে বাংলাদেশের অভ্যন্তরে আধিপত্যবাদের সমালোচক একজন সাংবাদিকের বাসায় পুলিশের এমন আকস্মিক উপস্থিতি ঘটবে—এ ঘটনাগুলোর রাজনৈতিক তাৎপর্য অবশ্যই খতিয়ে দেখতে হবে। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কোনো বিদেশি শক্তির স্বার্থে ব্যবহৃত হচ্ছে কি না, সে প্রশ্নও এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।
নাঈম আহমাদ বলেন, বাংলাদেশের স্বাধীনতা কোনো প্রতিবেশী রাষ্ট্রের দয়া বা অনুগ্রহের বিষয় নয়। এ দেশের জনগণ রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে। দেশের সার্বভৌমত্ব, মর্যাদা ও জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো ধরনের আপস বরদাশত করা হবে না।
উল্লেখ্য, গত ২৪ নভেম্বর পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিং আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল এবং এ দেশের হিন্দু হত্যার প্রতিশোধ নেওয়ার হুমকি দেন। অন্যদিকে, ২৫ নভেম্বর স্থগিত থাকা একটি মামলার গ্রেফতারি পরোয়ানা নিয়ে সাংবাদিক মাহমুদুর রহমানের গুলশানের বাসায় যায় পুলিশ। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মামলাটির কার্যক্রম হাইকোর্টের নির্দেশে স্থগিত রয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ মঞ্চের আহ্বায়ক ফুয়াদ সাকী। এতে বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক পর্যায়ের নেতারা অংশ নেন।