দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)-এর ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন কালের কণ্ঠের ডেপুটি এডিটর ও বাণিজ্য-অর্থনীতি বিভাগের প্রধান মো. মাসুদ রুমী। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সিনিয়র রিপোর্টার কুমার বিশ্বজিত রায়।
সোমবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ হলে অনুষ্ঠিত দ্বিবার্ষিক নির্বাচনে বিজয়ীদের আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ। এ সময় নির্বাচন কমিশনার ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্কো) সভাপতি তানভীর ইব্রাহিম, টিএমজিবির ট্রাস্টি বোর্ডের সদস্য এস এম আফসারুল ইসলামসহ সংগঠনের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
টিএমজিবির সহসভাপতি নির্বাচিত হয়েছেন টেকভিশন২৪ ডটকমের ব্যবস্থাপনা সম্পাদক গোলাম দাস্তগীর (তৌহিদ)। যুগ্ম সম্পাদক হয়েছেন ডিজিবাংলার বার্তা সম্পাদক বদরুদ্দোজা মাহমুদ তুহিন, কোষাধ্যক্ষ আরটিভির সহকারী বার্তা সম্পাদক মাহদী হাসান শিমুল, সাংগঠনিক সম্পাদক টেকশহর ডটকমের রিপোর্টার ও ব্রডকাস্ট জার্নালিস্ট রাশেদ ইমাম এবং প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক সারাবাংলা ডটনেটের সিনিয়র করেসপন্ডেন্ট ফারহানা হক নীলা।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্যের দুটি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদের সিনিয়র রিপোর্টার ও টিএমজিবির সদ্য সাবেক সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের (টিবিএস) হেড অব মাল্টিমিডিয়া এনামুল হক মজুমদার (মজুমদার বাবু)।
আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণার পর দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিদায়ী কমিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
অনুষ্ঠানে নতুন কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ ছাড়া প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনের সদস্যদের হাতে ক্রেস্ট তুলে দেন কার্যনির্বাহী কমিটির সদস্যরা।
টিএমজিবি দেশের প্রযুক্তি খাতে কর্মরত সাংবাদিকদের একটি পেশাদার সংগঠন। তথ্যপ্রযুক্তিনির্ভর সাংবাদিকতার মানোন্নয়ন এবং সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে সংগঠনটি। গবেষণা, নীতিনির্ধারণী গোলটেবিল বৈঠক, পেশাগত প্রশিক্ষণ ও প্রযুক্তিবিষয়ক কর্মশালার মাধ্যমে গণমাধ্যম ও আইসিটি খাতের মধ্যে কার্যকর সেতুবন্ধ গড়ে তুলতেও ভূমিকা রাখছে সংগঠনটি।