সড়ক দুর্ঘটনায় মৃত্যুর জন্য রাষ্ট্রের ব্যর্থতার দায় স্বীকার করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, এ মৃত্যুর জন্য রাষ্ট্রের ব্যর্থতার দায় অবশ্যই আছে, আমরা তা অস্বীকার করছি না।
শুক্রবার (২২ মে) দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের চেক বিতরণ ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গণসচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, যেসব ভাই-বোন স্বজন হারিয়ে এসেছেন, তাদের ক্ষতি কোনো রাষ্ট্রই পূরণ করতে পারবে না। এই মৃত্যুর জন্য রাষ্ট্রের ব্যর্থতার দায় অবশ্যই আছে, আমরা তা অস্বীকার করছি না। নিহতদের পরিবারের যেকোনো প্রয়োজনে রাষ্ট্র সজাগ থাকবে। কর্মসংস্থান, শিক্ষা ও সেবার ক্ষেত্রে নিহতদের পরিবার যাতে অগ্রাধিকার পায়, সেটি সরকার নিশ্চিত করবে।
ঈদযাত্রায় প্রস্তুতি কেমন জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেড়কোটি মানুষ ও ১ কোটি কোরবানীযোগ্য পশুকে মাত্র ৩দিনে নির্বিঘ্নে, আরামদায়ক ও স্বস্তিতে পরিবহন করা একটি চ্যালেঞ্জ। চ্যালেঞ্জগুলোকে সমাধানের চেষ্টা করবো। সবাই সহযোগিতা করলে, জনগন সচেতন হলে এবং প্রাকৃতিক দুর্যোগ যদি না হয় তাহলে আশা করা যায় এবার ঈদ যাত্রা নিশ্চিন্ত করতে পারবো।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। ৪ লেনের মহাসড়কে যে পরিমাণ গাড়ির চাপ তা ১০ লেন হওয়া বাঞ্চনীয়। সে লক্ষে কাজ হচ্ছে। ৮ লেন সড়ক ও ২ লেন সার্ভিস লেন।
কুমিল্লার পদুয়ার বাজারে সাম্প্রতিক সড়ক দুর্ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক আট লেনে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পদুয়ার বাজার এলাকায় আন্ডারপাস ও ওভারপাস নির্মাণ করা হবে।
জেলা প্রশাসন কুমিল্লা ও বিআরটিএ কুমিল্লা সার্কেল যৌথ আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোঃ মোস্তাক মিয়াএবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক ।
আরও উপস্থিত ছিলেন- বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার শাহিনুর আলম খানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও পরিবহন সংশ্লিষ্ট নেতারা।
অনুষ্ঠানে কুমিল্লায় দূর্ঘটনায় নিহত ৮৬ জনের পরিবারের নিকট ৪ কোটি ৩০ লাখ টাকা ও আহত ৩৩ জনকে ৫৯লাখ টাকার চেক বিতরন করা হয়।
এএস