সংসদীয় কমিটি ও সংসদকে প্রশ্নবিদ্ধ করা এবং হলুদ সাংবাদিকতায় জড়িত অনলাইনের বিষয়ে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য মো. সেলিম ভূঁইয়া।
মঙ্গলবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশনে ৭১ বিধিতে জরুরি জন-গুরুত্বসম্পন্ন নোটিশে তিনি এ দাবি জানান।
তথ্য ও সম্প্রচারমন্ত্রীকে উদ্দেশ করে সেলিম ভূঁইয়া বলেন, হলুদ সাংবাদিকতা যারা করে, কিছু অনলাইন পোর্টাল মিথ্যা সংবাদ পরিবেশন করে মানুষকে বিভিন্নভাবে উত্তেজিত করে।
তিনি বলেন, আমাদের সংসদীয় স্থায়ী কমিটি অনেকগুলো করা হয়েছে। যেখানে গয়েশ্বর চন্দ্র রায়, আমানউল্লাহ আমান, জয়নাল আবেদীন ফারুক, মোহাম্মদ শাহজাহান—তাদের মতো ব্যক্তিদের সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে।
সেলিম ভূঁইয়া বলেন, একটি অনলাইন, যেটি শেখ হাসিনার সচিব হিসেবে পরিচিত এনআই খানের পৃষ্ঠপোষকতায় ছাত্রলীগের ক্যাডার ‘শিক্ষা ডট কম’ নামে এই অনলাইন পত্রিকা চালায়। সেই অনলাইনে বলেছে যে, সংসদীয় স্থায়ী কমিটির কোনো ক্ষমতাই নেই। এটা বলে তারা জাতিকে বিব্রত করছে এবং আমাদের এই সংসদকে প্রশ্নবিদ্ধ করেছে। সেটার পেছনে আমাদের কোনো লোক এই সংসদে এখন এটার পৃষ্ঠপোষকতায় আছে বলে আমরা জানতে পেরেছি। সুতরাং তদন্তের মাধ্যমে আমাদের কোনো লোক যদি এখন সেই এনআই খানের পত্রিকার পৃষ্ঠপোষকতা করে, তাহলে তদন্তের মাধ্যমে তা সবাইকে জানিয়ে এটার একটা ব্যবস্থা নেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করছি।