হোম > প্রকৃতি ও পরিবেশ

তাপমাত্রার চেয়েও অনুভূত গরম বেশি, থাকতে পারে আরও ১০ দিন

সরদার আনিছ

রাজধানীতে আজ রোববারও আগের দিনের মতো তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে টানা নয় দিন ধরে বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্পের কারণে সৃষ্ট ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছে রাজধানী ঢাকার জনজীবন।

সকাল গড়িয়ে দুপুর হতেই সূর্য যেন আগুন ছড়াচ্ছে, আর রাতের বেলাতেও মিলছে না কোনো স্বস্তি। গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং, যা নগরবাসীর দুর্ভোগকে চরমে পৌঁছে দিয়েছে।

শনিবার সকাল থেকে রোববার দুপুর দুইটা নাগাদ রাজধানীতে বৃষ্টি হয়নি; সারাদেশেও বৃষ্টিপাতের প্রবণতা কমেছে। তাপমাত্রা বেড়ে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, এতে ভ্যাপসা গরমের তীব্রতা বেড়ে গেছে। টানা নয় দিনের ভ্যাপসা গরমের রাজধানীবাসী অনেকটাই দিশেহারা।

আবহাওয়া দপ্তর বলছে, মে মাসের প্রথম দিনের মতো শনিবার রাজধানীতে মৃদু তাপপ্রবাহ বয়ে যায়। আজ রোববারও তা অব্যাহত রয়েছে। এর আগে গত বুধবারও তাপপ্রবাহ ছিল রাজধানীতে। ওই দিন এ রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে শুক্রবার ১৩ জেলার ওপর দিয়ে বয়ে গেলেও শনিবার খুলনা বিভাগের জেলাগুলোসহ দেশের ২০ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ যায়। আজ রোববার তাপপ্রবাহের পরিধি আরো বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ আব্দুল হামিদ। অর্থাৎ আগের কয়েকদিনের তুলনায় তাপপ্রবাহের পরিধি আরো বেড়ে দেশের বেশিরভাগ এলাকাজুড়ে এখন চরম বৈরি আবহাওয়া বিরাজ করছে। আরো কয়েকদিন তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহওয়াবিদ একেএম নাজমুল হক আমার দেশকে বলেন, জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত দেশজুড়ে তাপপ্রবাহ এবং ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে। বৃষ্টির পরিমাণ বেশি না হলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায়; এতে রিডিংয়ের চেয়ে ৪ থেকে ৫ ডিগ্রী বেশি তাপমাত্রা অনুভূত হয়। কেননা ঘায়ের ঘাম শুকাতে দেয় না। আর টানা কয়েকদিন ধরে একই পরিস্থিতি অব্যাহত থাকায় প্রকৃত তাপমাত্রার চেয়ে অনুভুত তাপমাত্রা অনেক বেড়ে গেছে। রাজধানীসহ সারাদেশে গরম কমার সম্ভাবনা সহসাই দেখা যাচ্ছে না।

তিনি বলেন, গরম আবহাওয়ায় হালকা বাতাস ঘামকে বাষ্পীভূত হতে সাহায্য করে, যা শরীরকে ঠান্ডা করে তোলে। কিন্তু বাতাস যদি স্থির থাকে, তাহলে তা ঘামের বাষ্পীভবন কমিয়ে দেয় ও গরমের অনুভূতি বাড়ায়। বর্তমানে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, রোববার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় কক্সবাজারে সর্বোচ্চ ৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত রেকর্ড করা হলেও আগের কয়েকদিনের তুলনায় খুব কম। তবে এ সময় রাজধানীতে কোনো বৃষ্টি হয়নি।

শনিবার যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস। এর আগের দিন শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল রাজশাহী, লক্ষ্মীপুরের রামগতি ও বাগেরহাটের মোংলায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অনুভূত তাপমাত্রা থার্মোমিটারের রিডিংয়ের চেয়ে অনেক বেশি মনে হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে বড় ধরনের কোনো বৃষ্টির সম্ভাবনা না থাকায় গরমের এই দাপট আরও কিছুদিন বজায় থাকতে পারে।আকাশ মেঘলা হলেও মিলছে না কাঙ্ক্ষিত বৃষ্টি। চাতক পাখির মতো এক পশলা বৃষ্টির জন্য চাতক দৃষ্টিতে চেয়ে আছেন দেশবাসী। সবার মনে এখন একটাই প্রার্থনা—কখন নামবে কাঙ্ক্ষিত বৃষ্টি, আর কখন শান্ত হবে এই তপ্ত জনপদ।

এদিকে সরেজমিনে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, তীব্র গরমের কারণে সাধারণ মানুষের স্বাভাবিক কাজকর্ম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর, রিকশাচালক, হকার এবং খেটে খাওয়া মানুষ। দুপুরের কড়া রোদে রাস্তাঘাটে লোকজনের চলাচল অনেকটাই কমে যাচ্ছে। একটু শীতল ছায়ার খোঁজে অনেককেই পার্ক বা গাছের নিচে আশ্রয় নিতে দেখা গেছে।

নাজির হোসেন নামে এক রিকশাচালক বলেন, ‘যে গরম পড়ছে, রাস্তায় রিকশা চালানো অসম্ভব হয়ে গেছে। ১০ মিনিট রিকশা চালালেই শরীর ছেড়ে দিচ্ছে। কিন্তু ঘরে বসে থাকারও উপায় নেই, পেটের দায়ে নামতেই হয়।’

অন্যদিকে টানা এই বৈরী আবহাওয়ার কারণে ঘরে ঘরে ছড়াচ্ছে ডায়রিয়া, জ্বর, সর্দি-কাশি এবং হিটস্ট্রোকের মতো স্বাস্থ্যঝুঁকি। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা এই গরমে সবচেয়ে বেশি অসুস্থ হয়ে পড়ছেন। রাজধানীর বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে গরমজনিত রোগে আক্রান্ত রোগীদের ভিড় সাধারণ সময়ের চেয়ে কয়েক গুণ বেড়েছে। চিকিৎসকরা এই সময়ে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার এবং প্রচুর পরিমাণে নিরাপদ পানি ও তরল খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন।

চার জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

তাপমাত্রার চেয়ে বেশি উত্তাপ, ভ্যাপসা গরমে দিশেহারা নগরবাসী

বৃষ্টির আবহ তৈরি হলেও কাঙ্ক্ষিত বৃষ্টি নেই

ঈদের দিন উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টি, দক্ষিণাঞ্চলে ভ্যাপসা গরমের পূর্বাভাস

ঈদের দিন আবহাওয়া কেমন থাকবে, জেনে নিন

ভ্যাপসা গরমে হাঁসফাঁস, স্বস্তি মিলবে কবে

যেসব অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার আভাস

এবার চীন সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

তাপমাত্রা কমলেও রাজধানীতে ভ্যাপসা গরম, রাতে হালকা বৃষ্টির পূর্বাভাস

ভ্যাপসা গরমে জনজীবন ওষ্ঠাগত, স্বস্তির লক্ষণ নেই