হোম > রাজনীতি

গ্যাসের দাম না কমালে পেট্রোবাংলা ঘেরাও, সেলিম উদ্দিনের হুঁশিয়ারি

উত্তরায় জামায়াতের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

গ্যাসের দাম কমানো না হলে পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, গ্যাস ও বিদ্যুতের দাম কমানোর পাশাপাশি বিদ্যুৎ বিলের হিডেন চার্জ বন্ধ করতে হবে। তাহলেই জনজীবনে স্বস্তি ফিরে আসবে।

সোমবার বিকালে রাজধানীর উত্তরা রাজউক কলেজের সামনে ‘গণভোটের গণরায় বাস্তবায়ন,গ্যাস সংকট নিরসন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে’ জামায়াতে ইসলামী উত্তরা অঞ্চলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, জুলাই আন্দোলনে উত্তরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তার দাবি, জুলাইয়ের আন্দোলনের সূচনা একদিনে হয়নি; এর ধারাবাহিকতা ২০১৮ সাল থেকেই শুরু হয়েছিল। তিনি আরও বলেন, ওই আন্দোলনে জামায়াতে ইসলামী ছাত্রদের পাশে ছিল।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের শাসনামলে রাজনৈতিক প্রতিহিংসার কারণে ১ আগস্ট জামায়াতে ইসলামীকে অন্যায়ভাবে নিষিদ্ধ করা হয়েছিল। একই সঙ্গে তিনি দাবি করেন, জুলাই আন্দোলনের সময় শিশুদের ওপরও সহিংসতা চালিয়েছে আওয়ামী লীগ সরকার।

বিএনপি সরকারের প্রতি আহ্বান জানিয়ে সেলিম উদ্দিন বলেন, জুলাই সনদ শুধু মুখে মুখে সীমাবদ্ধ না রেখে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে। অন্যথায় ভবিষ্যতে এর পরিণতি ভোগ করতে হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

গ্যাসের মূল্যবৃদ্ধির সমালোচনা করে তিনি বলেন, দুর্নীতি শতভাগ নির্মূল করা গেলে দেশের অর্থনীতি ও জনজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। রাজধানীবাসীর দুর্ভোগ কমাতে গ্যাসের দাম কমানো, বিদ্যুতের মূল্য হ্রাস এবং অতিরিক্ত চার্জ প্রত্যাহারের দাবি জানান তিনি।

তিনি আরো অভিযোগ করেন, সরকার জুলাইয়ের চেতনার কথা বললেও বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিচ্ছে না। তিনি আগামী ৫ আগস্ট অর্থাৎ ৩৬ জুলাই ‘দ্বিতীয় স্বাধীনতার বিজয় দিবস’ উপলক্ষে সকাল ১০টায় পল্টনে সমবেত হওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান।

সমাবেশ শেষে উত্তরা রাজউক কলেজের সামনের সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি জসীমউদ্দীন সড়কে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জামায়াতের ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, উত্তরা পূর্ব অঞ্চলের পরিচালক জামাল উদ্দিন, সহকারী পরিচালক মাহবুবুল আলম, অধ্যক্ষ আশরাফুল হক, উত্তরা মডেল থানা আমির ইব্রাহীম খলীল, উত্তরা পশ্চিম আমির মাজহারুল ইসলাম, উত্তরা পূর্ব আমির মাহফুজুর রহমান, দক্ষিণখান পশ্চিম আমির আবু সাঈদ শাহনেওয়াজ, দক্ষিণখান উত্তর আমির মোস্তাকিম আলম, উত্তরখান পূর্ব আমির ইসরাঈল হোসেন, উত্তরখান পশ্চিম এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও স্থানীয় নেতারা।

জামায়াতকে উদ্দেশ্য করে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য

টেকনাফে সেনাসদস্য নিহত হওয়ার ঘটনায় নেজামে ইসলাম পার্টির শোক

মানবপাচারকারীদের গুলিতে সেনাসদস্য নিহত হওয়ায় জামায়াতের শোক

পোশাকশিল্পে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি শ্রমিক মজলিসের

জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের আমিরের শপথ নিলেন সেলিম উদ্দিন

জামায়াত-এনসিপির দূরত্ব বাড়ার নেপথ্যে কী

মাদক শুধু পরিবার নয়, পুরো সমাজকে পঙ্গু করে দেয়: ইশরাক হোসেন

দক্ষিণ কোরিয়ার মুসলিম নেতার সঙ্গে এমপি অলিউল্লাহর সাক্ষাৎ

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি: নাহিদ ইসলাম

‘যে বটতলায় কোরআন তিলাওয়াতে শোকজ হতো, সেখানেই আজ শিবিরের প্রকাশনা উৎসব’