হোম > রাজনীতি > জামায়াত

কাউকে না কাউকে বিড়ালের ঘণ্টা বাঁধতেই হবে, সেই সারথী হবো আমরা

অস্ট্রেলিয়ায় বিরোধীদলীয় নেতা

স্টাফ রিপোর্টার

‘কাউকে না কাউকে বিড়ালের ঘণ্টা বাঁধতেই হবে। সেই ঘণ্টাটা আমরা বাঁধবো ইনশাআল্লাহ। আমরা মহান আল্লাহর ওপর ভরসা করে বলতে পারি—বাংলাদেশ একদিন বদলাবে এবং সেই পরিবর্তনের প্রধান সারথী হবো আমরাই’ বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

রোববার অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ক্যাম্পবেলটাউনে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত ‘জুলাই অভ্যুত্থান ও তার পরবর্তী সময়: ভয়েসেস ফ্রম অস্ট্রেলিয়া’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে জামায়াত আমীরকে ফুল দিয়ে বরণ ও সংবর্ধনা জানানো হয়।

প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের ডাক প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হলে সুনির্দিষ্ট কিছু পদক্ষেপ নিতে হবে। একজন শাসকের মর্যাদা ও সাফল্য প্রতিফলিত হয় তার পরিপার্শ্ব ও সহযোগীদের যোগ্যতায়। দেশে-বিদেশে আপনার দলের বহু দক্ষ ও যোগ্য ব্যক্তি রয়েছেন; তাদের দিয়ে সরকারের নেতৃত্ব সাজান। জনগণ ভালো কিছু পেলে ১৭ কোটি মানুষের অংশ হিসেবে আমিও উপকৃত হবো। কিন্তু বর্তমানে যেভাবে দেশ চলছে, তা কোনোভাবেই কাম্য নয়। জনগণের প্রাপ্ত রায়কে মেনে নিতে হবে, সম্মান জানাতে হবে এবং দুর্নীতির ঊর্ধ্বে থেকে দেশ পরিচালনা করতে হবে।

বিএনপি প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, আমার খুব কষ্ট হয়—তারাও আমাদের মতো সাড়ে ১৫ বছর ধরে সীমাহীন জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন। তাদের বহু নেতাকর্মী গুম ও খুনের শিকার হয়েছেন, ইলিয়াস আলী আজও ফিরে আসেননি। তাই প্রধানমন্ত্রীকে বলবো, অন্তত নিজের দলের সহকর্মীদের প্রতি সম্মান দেখান। আগের জায়গায় ফিরে আসুন, আল্লাহ আপনাদের মর্যাদা বাড়াবেন। আর যদি আপনারা তা না করেন, তবে আমরা আমাদের দায়িত্ব ও কাজ ঠিকই সম্পন্ন করবো ইনশাআল্লাহ।

প্রবাসীদের ভূমিকার প্রশংসায় ডা. শফিকুর রহমান বলেন, আমরা কেবল আর্থিক রেমিট্যান্স নয়, প্রবাসীদের মেধা, অভিজ্ঞতা ও গবেষণালব্ধ জ্ঞানকে দেশের উন্নয়নে কাজে লাগাতে চাই। প্রবাসীদের ‘ইন্টেলেকচুয়াল রেমিট্যান্স’ (মেধাভিত্তিক অবদান) নিশ্চিত করতে মেধাবীরা যেন স্বদেশে ফিরে এসে মুক্ত পরিবেশে অবদান রাখতে পারেন, আমরা সেই পরিবেশ তৈরি করবো। আল্লাহ আমাদের সুযোগ দিলে প্রবাসীদের সঙ্গে অতিথির মতো নয়; ভাই, সন্তান ও স্বজনের মতো আচরণ করা হবে।

তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য। দেশীয় সংবাদমাধ্যম যখন সঠিক তথ্য তুলে ধরতে পারছিল না, তখন প্রবাসীরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববাসীর কাছে নির্যাতনের চিত্র তুলে ধরেছেন। প্রবাসীদের রেমিট্যান্স যোদ্ধা হিসেবে অভিহিত করা হলেও বিমানবন্দরে তাঁদের লাঞ্ছিত হওয়া অত্যন্ত দুঃখজনক। প্রবাসীদের পূর্ণ ভোটাধিকার নিশ্চিতের দাবিতে অতীতেও সোচ্চার ছিলাম, আগামী স্থানীয় সরকার নির্বাচনেও তাঁদের ভোটাধিকার বঞ্চিত করা হলে প্রতিবাদ জানানো হবে।

জুলাই অভ্যুত্থানের স্মৃতিচারণ করে বিরোধীদলীয় নেতা বলেন, এই আন্দোলন কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর মাস্টারমাইন্ডের ফসল ছিল না। আবু সাঈদ, মুগ্ধ কিংবা ১০ মাসের শিশুকে কোলে নিয়ে রাজপথে নেমে আসা মায়েরা—এরাই জুলাই অভ্যুত্থানের প্রকৃত নায়ক। শহীদরা গোটা জাতির সম্পদ। জুলাইয়ের চেতনা ছিল একটি বৈষম্যহীন, মানবিক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা। জনগণ গণভোটে যে রায় দিয়েছেন, তা বাস্তবায়ন করতে হবে। রাষ্ট্রীয় সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নে আমরা সংসদে সোচ্চার ভূমিকা রাখছি; কোনো চাপ বা প্রলোভনে আমরা এ পথ থেকে বিচ্যুত হবো না।

তরুণ প্রজন্মের নেতৃত্ব প্রসঙ্গে ডা. শফিকুর রহমান এমপি বলেন, আমরা ভবিষ্যৎ বাংলাদেশকে তরুণদের হাতে তুলে দিতে চাই। বাংলাদেশ নামের এয়ারক্রাফটের ককপিটে বসবে তরুণরা, আর আমরা অভিভাবক হিসেবে প্যাসেঞ্জার সিটে থেকে তাঁদের সার্বিক সহযোগিতা করবো। আমাদের আগামী প্রার্থী তালিকার ৬২ শতাংশেরই বয়স ৪৫ বছরের নিচে। নারীদের অংশগ্রহণ ও অবদানকেও আমরা সমান গুরুত্ব দিচ্ছি।

সরকার ও বিরোধী দলের সম্পর্কের বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, জাতীয় স্বার্থে সরকারের ইতিবাচক পদক্ষেপে আমাদের সমর্থন থাকবে, তবে কোনো ভুল দেখলে তাৎক্ষণিক প্রতিবাদ জানানো হবে। আমাদের কোনো ব্যক্তি বা দলের প্রতি শত্রুতা নেই; অপকর্ম ও অন্যায়ের বিরুদ্ধেই আমাদের মূল অবস্থান। আমরা একটি সার্বভৌম, ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে বদ্ধপরিকর।

অনুষ্ঠানে প্রবাসীদের পক্ষে বক্তব্য রাখেন পশ্চিম সিডনির ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর মাসুদ খলিল। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সাউথ এশিয়ান পলিসি ইনিশিয়েটিভ ও গ্লোবাল ভয়েস ফর হিউম্যানিটির নির্বাহী পরিচালক ড. শিবলী সোহাইল, ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবু ইউসুফ এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসিফ ইকবাল।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান এবং বিরোধীদলীয় নেতার এপিএস মুহাম্মদ নজরুল ইসলাম।

সাদিক কায়েমের বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ দেখে অগ্নিসংযোগকারীরা শনাক্ত

সন্ত্রাস, ক্ষমতা আর বাকশাল মিলে আ.লীগ এখন স্রেফ আওয়ামী সন্ত্রাসী লীগ: মির্জা গালিব

সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের

সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা

জাতীয় ঐক্যের বিকল্প নেই: সাদিক কায়েম

দেশকে কী দিতে পারলাম, শিক্ষার্থীদের সেই চিন্তা করতে হবে: শিবির সভাপতি

মেধাবীদের সততা ও দেশপ্রেমের সমন্বয়ে যোগ্য নাগরিক হতে হবে

মাতারবাড়ী বন্দরের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতেই থাকতে হবে

প্রবাসীদের অর্জিত দক্ষতাকে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে: বিরোধীদলীয় নেতা

গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব