ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ি সদরের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চারজনের মধ্যে তিনজনকে শনাক্ত করেছে পুলিশ। তাদের আটকে অভিযান চলছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত চারজনই নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত। তাদের মধ্যে জেলা সদরের উত্তর সবুজবাগ এলাকার মো. মুন্না ও সাইফ এবং দীঘিনালা উপজেলার ওমর ফারুককে শনাক্ত করা হয়েছে। অপর একজনের পরিচয় শনাক্তের কাজ চলছে।
এ ঘটনায় সাদিক কায়েমের বাবা আবুল কাশেম বাদী হয়ে মামলা করবেন। মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর আজ সকালে সেনাবাহিনী, পুলিশসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।