হোম > রাজনীতি > এনসিপি

বিপ্লবের মাস জুলাইয়ে দেশজুড়ে পদযাত্রা করবে এনসিপি

মাহফুজ সাদি

চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের দ্বিতীয় বাষির্কীতে মাসব্যাপী পদযাত্রা কর্মসূচি পালন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দেশব্যাপী এই কর্মসূচির মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কারে জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যাকারী ফ্যাসিস্টদের বিচার এবং ফ্যাসিবাদমুক্ত দেশ গড়তে নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবি জোরদার করা হবে। এসব দাবির পক্ষে রাজপথের পাশাপাশি সারা দেশের নাগরিকদের সমর্থন আদায়ের চেষ্টা করবে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল এনসিপি।

এছাড়া ভারত সীমান্তে বাংলাদেশি হত্যা এবং পুশইন চেষ্টার প্রতিবাদে ‘সীমান্ত মার্চ’ নামে কর্মসূচি পালনের বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানা গেছে।

এনসিপির একাধিক সূত্র জানিয়েছে, টানা ১৫ বছরের ফ্যাসিবাদী ব্যবস্থা গড়ে তোলা আওয়ামী লীগ ও স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে। ছাত্র-জনতার এই আন্দোলনের প্রথম বাষির্কী উপলক্ষে গত বছর সারা দেশে মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করে এনসিপি। ওই কর্মসূচি ছিল গত বছরে দলটির সবচেয়ে জনসম্পৃক্ত ও সফল কর্মসূচি। সেই বিবেচনায় এবার নতুন সরকারের সময়ে সংস্কার বাস্তবায়ন এবং বিচার নিশ্চিত করতে জুলাই পদযাত্রা করবে এনসিপি। এই কর্মসূচিতে নেতৃত্ব দেবেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

সূত্রমতে, কয়েকদিন আগে দলীয় এক বৈঠকে পদযাত্রায় দেশের ৫০টি স্থানে পথসভা করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। এতে এনসিপির আহ্বায়ক ও সদস্য সচিব থেকে শুরু করে দলটির সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন। এনসিপি পুনর্গঠনের যে প্রক্রিয়া চলছে, তা আরো বেগবান করা এবং সারা দেশের তরুণসহ অধিক নাগরিককে সংগঠিত করার মতো করে কর্মসূচিটি ঠিক করা হচ্ছে। দুই-একদিনের মধ্যে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। এরপর আনুষ্ঠানিকভাবে কর্মসূচি ঘোষণা করা হবে।

এনসিপির কয়েকজন দায়িত্বশীল নেতা আমার দেশ-কে জানিয়েছেন, দেশের বর্তমান বাস্তবতায় চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী ভালোভাবে পালন করতে চায় এনসিপি। ৩৬ জুলাইজুড়ে নানা ধরনের কর্মসূচি পালনের পরিকল্পনা করা হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বড় কর্মসূচি হবে পদযাত্রা। নতুন সরকার আসার পর সবচেয়ে অনিশ্চয়তার মুখে পড়েছে রাষ্ট্র সংস্কারে জুলাই সনদের বাস্তবায়ন এবং গণহত্যাকারী ফ্যাসিস্টদের বিচার। এই সরকারও আগের রাজনৈতিক ব্যবস্থায় ফিরে যাওয়ায় নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবিও সামনে এসেছে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা রাজনৈতিক দল হিসেবে এসব দাবি নিয়ে রাজপথে থাকা এবং তাতে দেশবাসীকে সম্পৃক্ত করা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে এনসিপির রাজনৈতিক পরিষদ সদস্য ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার আমার দেশ-কে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের বিচার সম্পন্নের আগেই বিভিন্ন শক্তিশালী গোষ্ঠী তাদেরকে রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টায় লিপ্ত। তারা সরকারের প্রচ্ছন্ন সমর্থনও পাচ্ছে—এমনটা প্রতীয়মান হয়। পাশাপাশি গণতান্ত্রিক সংস্কার প্রশ্নে সরকার জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এই দুই ইস্যুতে এবার জুলাইয়ের স্পিরিট ফিরিয়ে আনতে চাই আমরা। জনগণসহ তরুণদের আবারও ঐক্যবদ্ধ করতে চাই।

গত মঙ্গলবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দ্বারা সংঘটিত সব গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিতে দেশের সব জেলা ও মহানগরে বিক্ষোভ করে এনসিপি। দলটির একজন যুগ্ম সদস্য সচিব বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন ১৫ বছর দীর্ঘায়িত হয়েছিল ভারতের প্রকাশ্য সমর্থন, মদদ এবং পৃষ্ঠপোষকতার কারণে। এ জন্য গণঅভ্যুত্থানে রাজপথে স্লোগান উঠেছিল ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’। শেখ হাসিনার সময়ে সীমান্তে বাংলাদেশিদের পাখির মতো গুলি করে হত্যা করা হলেও সরকার কঠোরভাবে তার প্রতিবাদ করেনি।

সীমান্তে বাংলাদেশি হত্যা ভারত এখনো অব্যাহত রেখেছে উল্লেখ করে তিনি বলেন, এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে হিন্দুত্ববাদী গেরুয়াদের সীমান্তলাগোয়া পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসার পর পুশইন চেষ্টা। এর বিরুদ্ধে সরকারকে কঠোর অবস্থানে দেখতে চায় দেশের জনগণ। সেজন্য বাংলাদেশ সীমান্তে ভারতের ভূমিকার বিরুদ্ধে মওলানা ভাসানীর ফারাক্কা লংমার্চের মতো সীমান্ত মার্চ কর্মসূচি দেওয়ার কথা ভাবা হচ্ছে।

যারা ব্যাংক লুটপাট করেছে তাদের কাছেই কি ফিরছে ব্যাংক

স্বৈরাচার এখনো জোর গলায় হুমকি দেয়: সংসদে নুসরাত

কাল সারা দেশে বিক্ষোভ করবে এনসিপি

‘মাননীয় স্পিকার ও ডেপুটি স্পিকার... যে নতুন ব্যাধি আপনাদের ধরেছে ‘

আমরা শাহবাগ থেকেই উঠে এসেছি: ডেপুটি স্পিকারকে মাহমুদা মিতু

প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্যে উত্তপ্ত সংসদ

বাংলাদেশের সামনে এখন তিনটি বড় লড়াই: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রস্তাবিত জাতীয় বাজেট শ্রমজীবী মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

গণমাধ্যমের আনুগত্য কেবল সত্যের প্রতি, জনগণের প্রতি