আইনের শাসন প্রতিষ্ঠা করতে না পারলে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, যখন দেশ আবার ফ্যাসিবাদের থাবায় পড়বে তখন বাংলাদেশপন্থিরা আবার রাজপথে নেমে আসবে। দেশে আজ ভয়ের সংস্কৃতি চালু হয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে না পারলে জনগণ আবার রাজ পথে নেমে আসবে।
হাসনাত আবদুল্লাহ মঙ্গলবার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদিখানের নিমতলায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে পথসভায় বক্তব্য রাখছিলেন।
তিনি আরো বলেন, যে জমিতে ১৪০০ শহীদ হয়েছে ৩০ হাজারের বেশি মানুষ আহত হয়েছে, তাদের সঙ্গে বর্তমান সরকার প্রতারণা করছে। বর্তমান ক্ষমতাশীন দল বিএনপিকে উদ্দেশ্যে করে তিনি বলেন, তাদের সঙ্গে প্রতারণা করবেন না, আমরা স্পষ্ট দেখতে পারছি দেশের জনগণ আজ প্রতারিত হচ্ছে, পুলিশ শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বত্র দলীয়করণ করা হচ্ছে।
হাসনাত আবদুল্লাহ স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্যে করে বলেন, জনগণ রাস্তায় না নামলে আপনাকে শিলংয়ে রেস্ট হাউজে থাকতে হতো, তারেক রহমানকে লন্ডনে, বিএনপির দলীয় নেতাকর্মীদের জেলে আর ধানক্ষেতে রাত্রীযাপন করতে হতো।
মুন্সীগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মাজিদুল ইসলামের সভাপতিত্বে পথসভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক তরিকুল ইসলাম , সিরাজদিখান উপজেলা প্রধান সম্বয়ক আলী নেওয়াজ উজ্জল।
এনসিপি জেলা কমিটির সদস্য সচিব মারুফ হাসান মন্টির সঞ্চালনায় এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন গাজী আ. আলীম, সেলিম মিয়া রাকিবুল ইসলাম ইমরান হোসেন শান্ত প্রমুখ। সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ আরো বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আজ নাজুক।
স্বরাষ্ট্রমন্ত্রী একজন ব্যর্থ মন্ত্রী হিসেবে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন। বর্তমান সরকার নির্বাচনের আগে বলেছিল ১ কোটি লোকের কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করবেন। প্রশ্ন রেখে বলেন, কতজনের কর্মসংস্থান হয়েছে। সরকার বেকারদের কর্মসংস্থান না করে তাদের হাতে মাদক তুলে দিচ্ছে।
রাষ্ট্র কাঠামো সংস্কার বিষয়ে তিনি বলেন, দেশের ৭০ ভাগ জনগণ সংস্কারের পক্ষে ভোট দিয়েছেন।বিএনপি সরকার এখন সংবিধানের দোহাই দিচ্ছে। সংবিধানের অর্ধেক মানব অর্ধেক মানব না, যেটা পক্ষে যাবে সেটা মানব, যে টা যাবে না সেটা মানব না- এটা হতে পারে না। দেশের জনগণের সঙ্গে বেঈমানি করতে পারেন না।
শেখ হাসিনার দেশে আসার বিষয়ে বলেন, ডিসেম্বরে কেন, এখনই আসেন। যে নেতাকর্মীদের বিপদে রেখে আত্মীয়স্বজনদের সঙ্গে নিয়ে পালিয়ে যায়, সে আর দেশে আসতে সাহস পাবে না। যার পরিবারের সব সদস্য বিদেশি হয়ে আছে, তারা দেশে এসে জয়বাংলা শ্লোগান দিক।
নির্বাচনের পর তারেক রহমানের মন্ত্রীপরিষদের সদস্যরা তাকে ভুল পথে পরিচালিত করছেন।তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তারেক রহমানের অবস্থা কৃষ্ণনগরের মতো হবে।
পরে আলী নেওয়াজকে সিরাজদিখান উপজেলা নির্বাচনে এনসিপির প্রার্থী হিসেবে উপস্থিত জনগণের কাছে পরিচয় করিয়ে দেন।
এমএইচ