হোম > খেলা

বার্সা-লিভারপুলের জয়, বায়ার্নের হোঁচট

ইউরোপিয়ান ফুটবল

স্পোর্টস ডেস্ক

আক্রমণের পর আক্রমণ শানিয়ে প্রতিপক্ষ এলচেকে নাস্তানাবুদ করে ছেড়েছে বার্সেলোনা। তাতে কাতালানরা ছিনিয়ে নিল দারুণ এক জয়। শনিবার রাতে লা লিগার ম্যাচে এলচেকে ৩-১ গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়িয়ে তিনে নিয়ে গেল কোচ হান্সি ফ্লিকের শিষ্যরা। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে হুগো একিটিকের জোড়া গোলে নিউক্যাসল ইউনাইটেডকে ৪-১ হারিয়েছে লিভারপুল। আর চেলসি ৩-২ গোলে জিতেছে ওয়েস্টহ্যামের বিপক্ষে। তবে বুন্দেসলিগায় হোঁচট খেয়েছে বায়ার্ন মিউনিখ। বাভারিয়ানদের ২-২ গোলে রুখে দিয়েছে হামবুর্গ।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সাকে শুরুতে এগিয়ে নেন লামিনে ইয়ামাল। ২৬ মিনিট পর নিজেদের মাঠে স্বাগতিক এলচেকে সমতায় ফেরান আলভারো রদ্রিগেজ। প্রথমার্ধেই ফেরান তোরেসের গোলে অতিথিরা ফের লিড নিয়ে নেয়। বিরতির পর বদলি হিসেবে নেমে গোল ব্যবধান ৩-১ এ নিয়ে যান মার্কাস রাশফোর্ড। ২২ ম্যাচে ১৮ জয় ও এক ড্রয়ে ৫৫ পয়েন্টের পুঁজি নিয়ে সবার ওপরে রয়েছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৫১ পয়েন্ট সংগ্রহ করে দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ।

ইংলিশ লিগে সময়টা ভালো যাচ্ছিল না মোটেই। নিউক্যাসলের বিপক্ষেও গোল হজম করে ব্যাকফুটে চলে গিয়েছিল লিভারপুল। এতে ফের পয়েন্ট খোয়ানোর শঙ্কা পেয়ে বসেছিল দ্য রেড শিবিরকে। অ্যানফিল্ডে প্রথমার্ধের শেষ দিকে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেয় স্বাগতিকরা। হুগো একিটিকের ডাবল গোলের সুবাদে ৪-১ ব্যবধানে নিউক্যাসলকে ধরাশায়ী করেছে কোচ আর্না স্লটের ক্লাবটি। শিরোপাধারীদের অন্য দুই গোলদাতা ফ্লোরিয়ান উইর্টজ ও ইব্রাহিমা কোনাতে। জানুয়ারির শেষ দিনে এসে নতুন বছরে লিগে প্রথম জয়ের দেখা পেয়েছে লিভারপুল। গত পাঁচ ম্যাচে চার ড্র করে লিভারপুল। গত সপ্তাহে বোর্নমাউথের মাঠে ৩-২ গোলে হার মেনেছিল তারা।

দারুণ কিছু করার আভাস দিয়ে যাচ্ছিল হামবুর্গ। মাঠের লড়াইয়ে তারা এগিয়েও গিয়েছিল। পরে হ্যারি কেইন আর লুইস দিয়াজের গোলে প্রত্যাবর্তনের গল্প লিখলেও জয়ের প্রত্যাশায় ছিল বায়ার্ন মিউনিখ। কিন্তু পরে আবার গোল হজম করে বসে বাভারিয়ানরা। লিগ টেবিলের নিচের দিকের দল হামবুর্গের কাছে শেষ পর্যন্ত পয়েন্ট হাতছাড়া করেছে মিউনিখের ক্লাবটি। বুন্দেসলিগায় প্রতিপক্ষের মাঠে ২-২ গোলে ড্র করেছে বায়ার্ন। এ নিয়ে লিগ শিরোপা ধরে রাখার মিশনে টানা দুই ম্যাচে জয়বঞ্চিত রইল তারা।

টিভিতে নারী সাফ চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ-ভারত ফাইনালসহ আরও যত খেলা

তপুর জোড়া গোলে সান মারিনোর বিপক্ষে জিতল বাংলাদেশ

বৃষ্টির দিনে মুশফিক, তাওহিদ ও শুক্কুরের সেঞ্চুরি, সাকলাইনের ফাইফার

যুদ্ধ আর অনিশ্চয়তা সঙ্গী ইরানের

বিশ্বকাপে নিষিদ্ধ ভুভুজেলা-লেজার

শিকড়ের টানে বিশ্বমঞ্চে ২৮৯ ফুটবলার

ঢাকায় পৌঁছে ফুলেল শুভেচ্ছায় সিক্ত অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা

লর্ডসে পেসারদের দাপট চলছেই

বিশ্বকাপ দেখাবে বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি

পেমেন্ট জটিলতায় ম্যাচ বয়কট ব্রাদার্সের, ওয়াকওভার পেল অগ্রণী ব্যাংক