বিশ্বকাপ এখন আর শুধু খেলোয়াড়দের গতি, ড্রিবল বা গোলের লড়াইতেই সীমাবদ্ধ নয়, এটা হয়ে গেছে কোচদের এক বিশাল কৌশলগত দাবার বোর্ড। মাঠে ২২ জন খেলোয়াড় থাকলেও আসল লড়াইটা অনেক সময় চলে টাচলাইনের পাশে দাঁড়িয়ে থাকা দুই মস্তিষ্কের মধ্যে। কে কাকে আগে পড়তে পারছে, কে প্রতিপক্ষের ছক ভেঙে নতুন ছক বানাতে পারছে; সেই জিতেই শেষ পর্যন্ত নির্ধারিত হয় শিরোপার ভাগ্য। আধুনিক ফুটবলে ‘ফর্মেশন’ বা ছক আর স্থির কোনো ধারণা নয়। ম্যাচের ভেতরেই তা বদলে যায় কয়েকবার। কখনো ৪-৩-৩ থেকে ৩-২-৫, কখনো আবার ডিফেন্সিভ ব্লক থেকে হাই প্রেসিংয়ে রূপ নেয় পুরো দল। এই পরিবর্তনের কেন্দ্রে থাকেন কোচরা, যারা একেকটি ম্যাচকে দেখেন চলমান সমীকরণ হিসেবে। আসন্ন বিশ্বকাপেও কোচদের এসব সমীকরণ দেখা যাবে সেটা অনুমেয়।
প্রেসিং : প্রতিপক্ষকে শ্বাস নিতে না দেওয়ার কৌশল
আধুনিক ফুটবলের সবচেয়ে বড় বিপ্লবগুলোর একটি হলো প্রেসিং। এর মূল ধারণা খুব সহজ—বল হারালেই তা দ্রুত ফিরে পাওয়ার চেষ্টা। এই ধারার সবচেয়ে পরিচিত রূপ হলো ‘গেগেন প্রেসিং’, যেখানে দল বল হারানোর পরই সঙ্গে সঙ্গে প্রতিপক্ষকে চাপে ফেলে। এই কৌশল জনপ্রিয় করেছিলেন ইয়ুর্গেন ক্লপ। ক্লপের দলগুলোয় দেখা যায় উচ্চগতির আক্রমণ এবং দ্রুত বল পুনরুদ্ধারের চাপ। এই স্টাইল লিভারপুলকে ইউরোপিয়ান ফুটবলে নতুন শক্তিতে পরিণত করেছে। অন্যদিকে পেপ গার্দিওলা প্রেসিংকে নিয়ে গেছেন আরো কাঠামোবদ্ধ জায়গায়। তার দলগুলোতে ‘পজিশনাল প্রেসিং’ গুরুত্বপূর্ণ—মানে শুধু দৌড়ে নয়, নির্দিষ্ট জায়গা দখল করে প্রতিপক্ষকে ভুল করানো।
ফলস নাইন : ক্লাসিক স্ট্রাইকারের ধারণা ভাঙা
ফুটবলে একসময় স্ট্রাইকার মানে ছিল একজন নির্দিষ্ট ফিনিশার। কিন্তু আধুনিক কৌশলে সেই ধারণা ভেঙে গেছে। এখন অনেক কোচই ‘ফলস নাইন’ ব্যবহার করেন, যেখানে নামমাত্র স্ট্রাইকার নিচে নেমে এসে খেলা তৈরি করে। এই কৌশলকে বিশ্বমঞ্চে জনপ্রিয় করেন লুইস আরাগোনেস এবং পরে আরো নিখুঁতভাবে ব্যবহার করেন গার্দিওলা। ফলস নাইন ব্যবহারের মাধ্যমে আক্রমণভাগে অতিরিক্ত একজন প্লেমেকার তৈরি হয়, যার ফলে প্রতিপক্ষের ডিফেন্স লাইন বিভ্রান্ত হয়ে পড়ে। ডিফেন্ডাররা বুঝতে পারে না কাউকে মার্ক করবে—নাকি জায়গা ধরে রাখবে।
ইনভার্টেড ফুলব্যাক : লাইন ভাঙার নতুন উপায়
আধুনিক ফুটবলের আরেকটি গুরুত্বপূর্ণ কৌশল হলো ‘ইনভার্টেড ফুলব্যাক’, যেখানে ফুলব্যাকরা আক্রমণের সময় উইংয়ে না থেকে মাঝমাঠে ঢুকে যায়। এই ধারণা সবচেয়ে বেশি বিকশিত করেন গার্দিওলা। এতে করে দল মাঝমাঠে সংখ্যাগতভাবে শক্তিশালী হয় এবং বল নিয়ন্ত্রণ সহজ হয়। এই কৌশলের ফলে ফুলব্যাকরা আর শুধু ডিফেন্ডার থাকে না, তারা হয়ে ওঠে অতিরিক্ত মিডফিল্ডার। ফলে খেলার গঠন হয়ে যায় নমনীয় এবং অনির্দেশ্য।
বিল্ড-আপ প্লে : পেছন থেকে খেলা গড়ার বিপ্লব
আগে ডিফেন্স মানে ছিল শুধু বল ক্লিয়ার করা। এখন ডিফেন্স থেকেই শুরু হয় আক্রমণ। এই ‘বিল্ড-আপ প্লে’ বা পেছন থেকে খেলা গড়ার কৌশলকে আধুনিক ফুটবলে অপরিহার্য করে তুলেছেন অনেক শীর্ষ কোচ। গোলরক্ষক এখন শুধু শট ঠেকানোর মানুষ নন, বরং প্রথম পাসের নির্মাতা। এই কৌশলে দল প্রতিপক্ষের প্রথম প্রেসিং লাইন ভেঙে ধীরে ধীরে আক্রমণে যায়। এতে ম্যাচ নিয়ন্ত্রণের ক্ষমতা বেড়ে যায়।
কোচিংয়ের নতুন যুগ : মাইক্রো ম্যানেজমেন্ট
আজকের বিশ্বকাপে কোচিং মানে শুধু ফর্মেশন ঠিক করা নয়। এখন কোচরা প্রতিটি মুহূর্ত বিশ্লেষণ করেন ডেটা, ভিডিও অ্যানালাইসিস এবং রিয়েল টাইম তথ্যের ভিত্তিতে। কখনো তারা ইন-গেম পরিবর্তন করেন প্রেসিং লাইন বদলে, কখনো উইং বদলান, আবার কখনো পুরো ফর্মেশন রূপান্তর করেন ম্যাচের মাঝখানে। এই কারণে আধুনিক ফুটবলকে বলা হয় ‘চলমান দাবার খেলা’, যেখানে প্রতিটি চালের জবাব আসে কয়েক সেকেন্ডের মধ্যে।
শেষ কথা : মাঠে নয়, মাথায় জিতছে ম্যাচ
বর্তমান সময়ের বিশ্বকাপে শুধু পা দিয়ে নয়, মাথা দিয়েও খেলা জেতা হয়। কোচদের সিদ্ধান্ত, সময়জ্ঞান, এবং কৌশলগত সাহস অনেক সময় তারকাখচিত দলের পারফরম্যান্সকেও ছাপিয়ে যায়। ফুটবল তাই এখন আর কেবল খেলা নয়—এটা এক ধরনের বুদ্ধির লড়াই, যেখানে প্রতিটি ম্যাচই একটি নতুন দাবার বোর্ড।