হোম > খেলা > ফুটবল

নিরাপত্তা উদ্বেগে কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র

স্পোর্টস ডেস্ক

মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির প্রভাব পড়ল ফুটবলের মাঠেও। নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়ে কাতারে অনুষ্ঠেয় ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। শুধু টুর্নামেন্টে অংশগ্রহণই নয়, বাতিল করা হয়েছে দলটির পূর্বনির্ধারিত প্রস্তুতি ক্যাম্পও।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এ সিদ্ধান্তের কথা জানিয়ে খেলোয়াড়দের চিঠি পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন। সেখানে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতি বিবেচনায় খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তার স্বার্থেই বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। চিঠিতে ফেডারেশন স্পষ্ট করেছে, খেলোয়াড় ও কর্মীদের কল্যাণ তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।

সিদ্ধান্তের পেছনে কাতারের জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের জারি করা ‘লেভেল ৩’ ভ্রমণ সতর্কতার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। গত মাসে হালনাগাদ করা ওই সতর্কতায় সশস্ত্র সংঘাতের ঝুঁকির কথা তুলে ধরে কাতার ভ্রমণের বিষয়ে পুনর্বিবেচনা করতে বলা হয়। সৌদি আরবে হুথি বিদ্রোহীদের হামলা, বিশেষ করে বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার বিষয়টিও সতর্কবার্তায় উল্লেখ রয়েছে।

যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন বুধবারই সংশ্লিষ্ট খেলোয়াড়দের ক্লাবগুলোকে সিদ্ধান্তের কথা জানানোর কথা জানিয়েছে। তবে ফিফার আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসার আগে এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য না করতে খেলোয়াড়দের নিরুৎসাহিত করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

আগামী ১৯ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত কাতারে অনুষ্ঠিত হওয়ার কথা ৪৮ দলের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। ‘জে’ গ্রুপে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ ছিল চিলি, আলজেরিয়া ও মন্টেনেগ্রো। সূচি অনুযায়ী, ২১ নভেম্বর মন্টেনেগ্রোর বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করার কথা ছিল তাদের।

গত আসরে শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে খেলেছিল যুক্তরাষ্ট্র। এবার নিরাপত্তা উদ্বেগে তাদের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত টুর্নামেন্টের আয়োজনে নতুন পরিস্থিতি তৈরি করেছে। তবে যুক্তরাষ্ট্রের জায়গায় অন্য কোনো দল খেলবে কি না, সে বিষয়ে এখনো ফিফার সিদ্ধান্ত জানা যায়নি।

চোটের ধাক্কায় বিপর্যস্ত ফ্রান্স, এবার ছিটকে গেলেন এমবাপ্পে

হামজা-ফারহানে মুগ্ধ কোচ ডুলি

ছোট পর্দায় নেশনস লিগের সঙ্গে থাকছে টেস্টের রোমাঞ্চ

আর্জেন্টিনার মনুমেন্টালে আবারও খেলবেন মেসি!

শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপ-সেরা বাংলাদেশ

২ গোলে এগিয়ে বিরতিতে বাংলাদেশ

মালদ্বীপকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সেমিতে ভারত

ছোট পর্দায় সাফ চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের সঙ্গে থাকছে পাকিস্তান-শ্রীলঙ্কা টেস্ট

ইরানি ফুটবলারদের বহনকারী বিমান অবতরণ করতে দেয়নি ইরাক

গ্রুপসেরা হয়েই সেমিফাইনাল খেলতে চায় বাংলাদেশ