হোম > খেলা > ফুটবল

মেসি ম্যাজিকে জিতল মিয়ামি

স্পোর্টস ডেস্ক

শেষ মুহূর্তের নাটকীয়তা, দুর্দান্ত এক গোল আর মেসির জাদু—সব মিলিয়ে রোমাঞ্চকর জয় পেল ইন্টার মিয়ামি। নিউ ইংল্যান্ড রেভল্যুশনের মাঠে এক গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জিতেছে মিয়ামি। জয়ের নায়ক লিওনেল মেসি। এক গোলে অবদান রাখার পর নিজেই করেছেন জয়সূচক গোল।

বাংলাদেশ সময় সোমবার সকালে ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে এমএলএসের ম্যাচে প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। বিরতির পর ৫৩ মিনিটে ড্যানিয়েল গাজদাগের গোলে এগিয়ে যায় নিউ ইংল্যান্ড। ইলে ফেইনগোল্ড ও পেটন মিলারের সমন্বিত আক্রমণ থেকে পাওয়া বল জালে পাঠান গাজদাগ।

পিছিয়ে পড়ে আক্রমণের ধার বাড়ায় মিয়ামি। ৬৯ মিনিটে সমতায় ফেরে সফরকারীরা। তেলাস্কো সেগোভিয়ার বাড়ানো বল মেসি মাথার পেছনের অংশ দিয়ে দারুণভাবে নামিয়ে দেন জার্মান বেরতেরামের জন্য। মেক্সিকান ফরোয়ার্ডের হেডে জালে জড়ায় বল। মেসির বুদ্ধিদীপ্ত সহায়তায় ম্যাচে ফেরে মিয়ামি।

এরপর জয়সূচক গোলের জন্য অপেক্ষা করতে হয় ৮৩ মিনিট পর্যন্ত। বক্সের বাইরে বল পেয়ে একের পর এক প্রতিপক্ষের বাধা কাটিয়ে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন মেসি। তাঁর এই গোলেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় মিয়ামি। চলতি এমএলএস মৌসুমে এটি আর্জেন্টাইন মহাতারকার ২৬তম গোল, যা তাঁকে লিগের সর্বোচ্চ গোলদাতার আসনে রেখেছে।

ম্যাচের শেষ দিকে নাটক আরও বাড়ে। ৮৭ মিনিটে নিজেদের জালেই বল পাঠিয়ে বসেন মিয়ামির ইয়ান ফ্রে। তবে ভিএআর পর্যালোচনায় অফসাইডের কারণে নিউ ইংল্যান্ডের সমতাসূচক গোলটি বাতিল হয়। শেষ পর্যন্ত মেসির গোলই ব্যবধান গড়ে দেয়।

এই জয়ে ৩৩ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে দুই নম্বরে উঠে এসেছে মিয়ামি। ৫৮ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে নিউ ইংল্যান্ড। নিয়মিত মৌসুমে মিয়ামির বাকি আর একটি ম্যাচ, প্রতিপক্ষ শার্লট এফসি।

সান্তান্দারকে উড়িয়ে রিয়ালের টানা চতুর্থ জয়

ছোট পর্দায় আজ ফুটবল-ক্রিকেটের যত ম্যাচ

লিভারপুলকে হারিয়ে শীর্ষে আর্সেনাল

ব্যালন ডি’অর : স্বর্ণের বলের সাত দশকের গল্প

প্রীতি ম্যাচে সাফ চ্যাম্পিয়নদের হারাল এসএ গেমস জয়ীরা

সাফের শিরোপা জিততে চান শমিত

ডার্বিতে এসি মিলানের জয়

কেইনের পেনাল্টি মিসে ড্র হলো ডার ক্লাসিকো

ইয়ামাল–রাফিনিয়ার জোড়ায় শীর্ষস্থান পুনরুদ্ধার বার্সার

এল ক্লাসিকো চলাকালে মিলিতাওয়ের বাড়িতে চুরি, বিরাট অংকের ক্ষতি