লা লিগায় ইতিহাস গড়ার রাতে আবেগ আর আনন্দ যেন একসঙ্গেই ভেসে বেড়াল স্পোটিফাই ক্যাম্প ন্যুতে। রিয়াল বেতিসকে ৩-১ গোলে হারিয়ে শুধু জয়েই ফেরেনি বার্সেলোনা, স্প্যানিশ লিগের ইতিহাসেও লিখেছে নতুন অধ্যায়। একই সঙ্গে ঘরের মাঠে শেষ ম্যাচ খেলে চোখের জলে বিদায় জানালেন পোলিশ মহাতারকা রবার্ট লেভানডোভস্কি।
এই জয়ে ৩৮ ম্যাচের লা লিগা মৌসুমে ঘরের মাঠের সবকটি ম্যাচ জয়ের কীর্তি গড়েছে হান্সি ফ্লিকের দল। স্প্যানিশ ফুটবলে এর আগে কোনো ক্লাব পুরো মৌসুমে শতভাগ হোম রেকর্ড ধরে রাখতে পারেনি। ১৯৮৪-৮৫ মৌসুমে রিয়াল মাদ্রিদ ঘরের মাঠে সব ম্যাচ জিতলেও তখন লিগ ছিল ৩৪ ম্যাচের। সেই রেকর্ডকে ছাড়িয়ে এবার নতুন উচ্চতায় উঠল কাতালানরা।
তবে ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন লেভানডোভস্কিই। ২০২২ সালে ক্লাবের কঠিন আর্থিক সংকটের সময়ে বায়ার্ন মিউনিখ ছেড়ে বার্সায় যোগ দিয়েছিলেন তিনি। চার বছরে কাতালানদের হয়ে জিতেছেন তিনটি লা লিগাসহ মোট সাতটি শিরোপা। আর ক্যাম্প ন্যুতে নিজের শেষ ম্যাচে অধিনায়কের আর্মব্যান্ড পরে মাঠে নামেন এই কিংবদন্তি স্ট্রাইকার।
ম্যাচের ৮৫তম মিনিটে বদলি হওয়ার সময় আবেগ ধরে রাখতে পারেননি ৩৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। চোখ ভেজা অবস্থায় সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে বিদায় জানান তিনি। পরে ম্যাচ শেষে আবেগঘন কণ্ঠে বলেন, “বার্সেলোনার হয়ে খেলতে পারাটা আমার জন্য বিশাল সম্মানের। এই ক্লাব আর এই স্টেডিয়াম সবসময় আমার হৃদয়ে থাকবে। একবার যে বার্সার, সে সবসময়ই বার্সার।”
লেভানডোভস্কিকে সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিয়েছিলেন সতীর্থরাও। রাফিনিয়া, পেদ্রি ও আরাউহো সিদ্ধান্ত নেন, শেষ হোম ম্যাচে অধিনায়কের আর্মব্যান্ড থাকবে তাঁর হাতেই। রাফিনিয়া বলেন, “ক্লাবের জন্য তাঁর অবদান অসাধারণ। এমন মুহূর্তের অংশ হতে পারাটা গর্বের।”
ডাগআউটেও ছিল আবেগের ছাপ। দীর্ঘদিনের পরিচিত শিষ্যকে বিদায় জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন কোচ হান্সি ফ্লিকও। তিনি বলেন, “রবার্ট শুধু বিশ্বমানের ফুটবলার নয়, অসাধারণ মানুষও। সে আমাদের অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছে। আমরা তাঁকে খুব মিস করব।”
ম্যাচে বার্সার জয়ের নায়ক ছিলেন রাফিনিয়া। প্রথমার্ধে দূরপাল্লার দুর্দান্ত শটে দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান উইঙ্গার। বিরতির পর নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান তিনি। পরে ইসকো পেনাল্টি থেকে একটি গোল শোধ দিলেও ৭৪ মিনিটে জোয়াও কানসেলোর দুর্দান্ত শটে জয় নিশ্চিত করে বার্সা।
যদিও ক্যাম্প ন্যুকে বিদায় জানিয়ে ফেলেছেন লেভানডোভস্কি, বার্সেলোনার জার্সিতে তাঁর শেষ ম্যাচ এখনো বাকি। আগামী সপ্তাহে ভালেন্সিয়ার মাঠে কাতালানদের হয়ে শেষবারের মতো মাঠে নামবেন এই ‘গোলমেশিন’।