হোম > বিশ্ব

ভূমধ্যসাগরে নতুন গ্যাসক্ষেত্রে উৎপাদন শুরু

আমার দেশ অনলাইন

মিসরের ভূমধ্যসাগরীয় অঞ্চলে নতুন একটি গ্যাসক্ষেত্র থেকে উৎপাদন শুরু হয়েছে। ‘মিনা ওয়েস্ট’ নামের এই গ্যাসক্ষেত্র থেকে প্রতিদিন সর্বোচ্চ ১৬ কোটি ঘনফুট প্রাকৃতিক গ্যাস উত্তোলন করা সম্ভব হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কোম্পানিগুলো। দেশটির অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহ বাড়াতে নতুন এই উৎপাদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

রোববার গ্যাসক্ষেত্রটি থেকে উৎপাদন শুরুর ঘোষণা দেয় প্রকল্পের অংশীদার প্রতিষ্ঠান রয়্যাল ডাচ শেল ও কুয়েত ফরেন পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন কোম্পানি (কুফপেক)। মিনা ওয়েস্ট গ্যাসক্ষেত্রটি ভূমধ্যসাগরে মিসরের নর্থ ইস্ট এল-আমরিয়া কনসেশনের আওতাধীন এলাকায় অবস্থিত। ২০২৩ সালে এটি আবিষ্কৃত হয়। আবিষ্কারের মাত্র তিন বছরের মধ্যে উৎপাদন শুরু করতে সক্ষম হয়েছে প্রকল্পের অংশীদার প্রতিষ্ঠানগুলো।

গ্যাসক্ষেত্রটিতে শেলের মালিকানা রয়েছে ৬০ শতাংশ। বাকি ৪০ শতাংশের মালিক কুয়েতের রাষ্ট্রীয় মালিকানাধীন কুফপেকের মিসরীয় সহযোগী প্রতিষ্ঠান। ২০২৫ সালের জুনে গ্যাসক্ষেত্রটির উন্নয়নকাজের চূড়ান্ত বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর দ্রুত অবকাঠামো নির্মাণ ও উৎপাদনের প্রস্তুতি সম্পন্ন করা হয়।

নতুন পাইপলাইনে যুক্ত হলো গ্যাসক্ষেত্র

মিনা ওয়েস্ট থেকে উত্তোলিত গ্যাস পরিবহনের জন্য সাত কিলোমিটার দীর্ঘ নতুন একটি পাইপলাইন নির্মাণ করা হয়েছে। এটি গ্যাসক্ষেত্রটিকে বিদ্যমান ওয়েস্ট ডেল্টা ডিপ মেরিন অবকাঠামোর সঙ্গে যুক্ত করেছে। এই পাইপলাইনের মাধ্যমে গ্যাস পৌঁছাবে বুরুল্লুস প্রক্রিয়াকরণ কেন্দ্রে। সেখানে প্রক্রিয়াজাত করার পর তা মিসরের জাতীয় গ্যাস সরবরাহ ব্যবস্থায় যুক্ত হবে।

শেল ইজিপ্টের ভাইস প্রেসিডেন্ট ও কান্ট্রি চেয়ার ডালিয়া এলগাবরি বলেন, আবিষ্কারের মাত্র তিন বছরের মধ্যে গ্যাসক্ষেত্রটিতে উৎপাদন শুরু করা সম্ভব হয়েছে। শুরু থেকেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় থাকায় প্রকল্পের কাজ দ্রুত এগিয়েছে। তিনি জানান, মিসরের পেট্রোলিয়াম ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, ইজিপশিয়ান ন্যাচারাল গ্যাস হোল্ডিং কোম্পানি (ইজিএএস) এবং কুফপেকের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে।

গ্যাস আমদানির নির্ভরতা কমাতে উদ্যোগ

মিসরে সাম্প্রতিক বছরগুলোতে প্রাকৃতিক গ্যাসের অভ্যন্তরীণ উৎপাদন কমেছে। অন্যদিকে বিদ্যুৎ উৎপাদন, শিল্পকারখানা ও অন্যান্য খাতে জ্বালানির চাহিদা বেড়েছে। ফলে চাহিদা পূরণে আমদানির ওপর নির্ভরতা বাড়াতে হয়েছে দেশটিকে। এই পরিস্থিতিতে নতুন গ্যাসক্ষেত্রের উৎপাদন শুরু হওয়াকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। মিসর সরকার অনুসন্ধান, নতুন বিনিয়োগ এবং বিদ্যমান গ্যাসক্ষেত্রগুলোর উন্নয়নের মাধ্যমে উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নিয়েছে।

২০২৬-২৭ অর্থবছরের শেষ নাগাদ দেশটির দৈনিক প্রাকৃতিক গ্যাস উৎপাদন প্রায় ৪২০ কোটি ঘনফুটে উন্নীত করার লক্ষ্য রয়েছে। অভ্যন্তরীণ সরবরাহ ও চাহিদার ব্যবধান কমানো এবং আমদানিনির্ভরতা হ্রাস করাই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। নতুন মিনা ওয়েস্ট গ্যাসক্ষেত্রের উৎপাদন দেশটির জ্বালানি সরবরাহ পরিস্থিতির উন্নয়নে কতটা ভূমিকা রাখে, এখন সেটিই দেখার বিষয়।

তথ্যসূত্র: মিডল ইস্ট মনিটর, আনাদোলু এজেন্সি, রয়টার্স, শেল ইজিপ্ট, কুফপেক ও আল-আহরাম অনলাইন

গাজায় ত্রাণ প্রবেশে বাধা না দেওয়ার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

ইরানের যুদ্ধ বন্ধের প্রস্তাবে ১০ দেশের সমর্থন

যুক্তরাষ্ট্র-ইসরাইলকে কড়া হুঁশিয়ারি ইরানের

তিউনিসিয়ার কারাগারে দুই মাসে ২৩ বন্দির মৃত্যু, নিরপেক্ষ তদন্তের দাবি

ইরানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বাহরাইনে ৬০ জনের বেশি ব্যক্তির কারাদণ্ড, তেহরানের নিন্দা

ইসরাইলের স্বার্থ রক্ষার পরিবর্তে নিজের স্বার্থকে প্রাধান্য দিতেন নেতানিয়াহু: বাইডেন

বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় আবারও হামলা চালিয়েছে ইরান

যুক্তরাষ্ট্রে মুসলিম সংগঠনকে সন্ত্রাসী তকমা প্রত্যাহারের ঘোষণা

হরমুজে একাধিক তেলবাহী জাহাজে হামলা, ইরাকের গ্যাসক্ষেত্রে ড্রোন আতঙ্ক

আফগানিস্তানে মার্কিন বাহিনীর যুদ্ধাপরাধ তদন্ত বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল