১৫০ মার্কিন সেনা আহত, বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা
ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরাইলের বাণিজ্যিক নগরী তেল আবিবের কাছে আঘাত হেনেছে। এতে কয়েকজন আহত হয়েছেন। ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল টুয়েলভ-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
এর আগে ইসরাইল এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান লক্ষ্য করে ৩৭তম ধাপে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরুর ঘোষণা দেয় ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
ওদিকে ইরানের সঙ্গে ১০ দিনের যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ১৫০ জন মার্কিন সেনা আহত হয়েছেন। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুজন রয়টার্সকে মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। এই যুদ্ধে ইতোমধ্যে আট মার্কিন সেনা নিহত হয়েছেন।
আহতের এই সংখ্যা আগে কখনো প্রকাশ হয়নি। রয়টার্সের এই প্রতিবেদন প্রকাশের আগে পেন্টাগন কেবল আটজন মার্কিন সেনার গুরুতর আহত হওয়ার খবর জানিয়েছিল।
রয়টার্সের প্রতিবেদনটি প্রকাশের পর মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এক বিবৃতিতে আহত সেনার সংখ্যা প্রায় ১৪০ জন বলে আনুমানিক ধারণা দিয়েছে। তবে তাঁদের অধিকাংশেরই আঘাত গুরুতর নয় বলে জানানো হয়েছে।
এদিকে ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত মার্কিন দূতাবাসের একটি ‘লজিস্টিক্যাল সাপোর্ট ক্যাম্পে’ ড্রোন হামলা চালানো হয়েছে। আল–জাজিরা অ্যারাবিকের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
এ হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে কি না, তা এখনো স্পষ্ট নয়।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর গত কয়েক দিনে ইরাকের রাজধানীর এই এলাকায় বারবার হামলার ঘটনা ঘটেছে।
ওদিকে লেবানন থেকে ছোঁড়া রকেটে বেশ কয়েকজন ইসরায়েলি আহত হয়েছেন। মঙ্গলবার লেবানন থেকে ছোঁড়া বেশ কিছু রকেট ইসরায়েলের মধ্যাঞ্চলে আঘাত হেনেছে।
ইসরায়েলি সেনাবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স–এ দেওয়া বিবৃতিতে এ কথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, সেনাবাহিনী বলেছে লেবানন থেকে নিক্ষেপ করা বেশিরভাগ রকেট আটকানো হয়েছে, কিন্তু দুটি প্রজেক্টাইল (নিক্ষিপ্ত উড়ন্ত বস্তু) আঘাত হেনেছে। এগুলো আঘাত হানার সময় সংশ্লিষ্ট এলাকাগুলোতে সতর্কতা জারি করাও সম্ভব হয়নি।
ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড এবং বিমান বাহিনীর একটি যৌথ তদন্তে দেখা গেছে যে রকেটগুলি শনাক্ত করা হয়েছিল কিন্তু সময়মতো আটকানো যায়নি।
উল্লেখ, ২ মার্চ থেকে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও রকেট ছুঁড়ে পাল্টা জবাব দিচ্ছে।