ইরানের সশস্ত্র বাহিনীর কাছে এমন কিছু ‘নতুন কর্মপরিকল্পনা’ রয়েছে, যা আগামীতে মার্কিন রণতরিগুলোকে মধ্যপ্রাচ্য থেকে আরো দূরে সরে যেতে বাধ্য করবে। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া একথা বলেন।
শুক্রবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৌশলগত জলপথ হরমুজ প্রণালির ওপর নিজের নিয়ন্ত্রণ থাকার দাবি করলেও, মার্কিন বাহিনী সেখানে আসার সাহস পায় না।
তিনি বলেন, ইরানের উপকূল থেকে ৫০০ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থান করছে মার্কিন যুদ্ধ জাহাজ। ওমান সাগরেও বর্তমানে কোনো মার্কিন যুদ্ধজাহাজ নেই বলে দাবি করেন তিনি।
আকরামিনিয়া জোর দিয়ে বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর সক্ষমতা, গোয়েন্দা দক্ষতা ও কৌশলগত শ্রেষ্ঠত্বের কারণেই মার্কিন বাহিনী ৫০০ কিলোমিটারেরও বেশি দূরে সরে যেতে বাধ্য হয়েছে।
তিনি বলেন, ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা সরঞ্জামের একটি উল্লেখযোগ্য অংশ মেরামত করে পুনরায় সচল করা হয়েছে। পাশাপাশি নতুন সরঞ্জাম যুক্ত করা এবং আধুনিক যুদ্ধকৌশল প্রণয়নের মাধ্যমে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো হয়েছে।
তিনি আরো বলেন, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করা প্রয়োজন। এ লক্ষ্যে মার্কিন বাহিনীকে মধ্যপ্রাচ্য থেকে প্রত্যাহারে একটি যৌথ আঞ্চলিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে সংঘাত শুরু হয়। ৪০ দিন পর যুদ্ধবিরতি কার্যকর হলেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা অব্যাহত রয়েছে।
সূত্র: প্রেস টিভি
আরএ