যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে 'গঠনমূলক' একটি নতুন দ্বিপাক্ষিক সম্পর্কে পৌঁছানোর কথা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরের দ্বিতীয় দিনেও তার সঙ্গে দেখা করেছেন তিনি।
শুক্রবার সকালে ট্রাম্পকে জংনানহাই লিডারশিড কম্পাউন্ড ঘুরে দেখান শি, যেখানে তিনিসহ চীনের শীর্ষ নেতারা বসবাস করেন ও সেখান থেকে কাজকর্ম পরিচালনা করেন।
দুই নেতাকে এসময় বেশ হাসিখুশি ও কিছুটা হালকা মেজাজে দেখা যায়।
হেঁটে হেঁটে ঘোরার সময় জিনপিং বলেন, ‘এই জায়গাটি একসময় সম্রাটের উদ্যানের অংশ ছিল, এই প্রাঙ্গণে প্রচুর ইতিহাস রয়েছে।’
তিনি আরো যোগ করেন, তাদের হাঁটার সময় যে গাছটি তারা দেখেছিলেন, সেটির বয়স ৪৯০ বছর।
হাঁটার সময় এক পর্যায়ে ট্রাম্প বলেন, ‘এগুলোই কারও দেখা সবচেয়ে সুন্দর গোলাপ।’
এসময় জিনপিং জানান, বাগানে তারা যে চীনা গোলাপ দেখেছেন, তার বীজ তিনি ট্রাম্পকে উপহার হিসেবে পাঠাবেন।
এতে ট্রাম্প বলেন, ‘আমি এটি খুব পছন্দ করি, এটি দারুণ।’
পরে চায়ের ঘরের দিকে যাওয়ার সময়ও ট্রাম্পকে বলতে শোনা যায়, জিনপিং তাকে হোয়াইট হাউসের রোজ গার্ডেনের জন্য গোলাপ দেবেন।
জংনানহাই প্রাঙ্গণে ট্রাম্প ও শির হাঁটার সময় ধারণ করা একটি ভিডিওতে তাদের কথোপকথন শোনা গেছে।
ট্রাম্প ও শি তাদের দোভাষীদের সঙ্গে একটি বাগানে দাঁড়িয়ে থাকার সময় জিনপিংয়ের কাছে ট্রাম্প জানতে চান, ‘আমি কি প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করতে পারি- অন্য দেশ থেকে আসা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের, যেমন প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীদের, তিনি কি এখানে নিয়ে আসেন?’
জিনপিং জবাব দেন, ‘খুবই কম। আমরা সাধারণত এখানে কূটনৈতিক আয়োজন করি না। যদি এরকম কিছু আয়োজন শুরু হয়েছে, এরপরও এটি এখনো অত্যন্ত বিরল।’
তিনি আরো বলেন, ‘উদাহরণ হিসেবে, পুতিন।’ পূর্ববর্তী সফরগুলোর সময় রাশিয়ার প্রেসিডেন্ট একাধিকবার জংনানহাই পরিদর্শন করেছেন।
ট্রাম্প বলেন, ‘ভালো। আমার এটা পছন্দ হয়েছে।’
বৃহস্পতিবার, যখন দুই প্রেসিডেন্ট দ্বিপক্ষীয় বৈঠক করেন, তখন রাশিয়া ঘোষণা করে যে পুতিন খুব শিগগিরই আবার চীন সফর করবেন।
চীনে মুগ্ধ ট্রাম্প
সাংবাদিকদের সামনে কথা বলার সময় ট্রাম্প প্রথমে বক্তব্য শুরু করেন এবং বলেন, তারা বাণিজ্য, ইরান এবং আরো অনেক বিষয় নিয়ে আলোচনা করেছেন।
তিনি বলেন, তারা ভিন্ন অনেক সমস্যা সমাধান করেছেন, যেগুলো অন্য কেউ সমাধান করতে পারত না।
ইরান প্রসঙ্গে তিনি বলেন, ‘তাদের পারমাণবিক অস্ত্র থাকুক এটা আমরা চাই না এবং আমরা চাই প্রণালিটি খোলা থাকুক।’
এরপর তিনি শিকে ধন্যবাদ জানান এবং বলেন, বেইজিংয়ে সফর করতে পারা তার জন্য সম্মানের।
তিনি জানান, ২৪শে সেপ্টেম্বর তারা আবার সাক্ষাৎ করবেন, যখন শি যুক্তরাষ্ট্র সফরে যাবেন।
বিষয়টিকে ‘পাল্টাপাল্টি শুল্কের মতো পাল্টাপাল্টি সফর’ বলে উল্লেখ করেন ট্রাম্প।
তিনি আরো বলেন, তিনি আশা করেন শি যুক্তরাষ্ট্র দেখে সেইভাবেই মুগ্ধ হবেন, যেমন এই সফরে ট্রাম্প চীনকে দেখে মুগ্ধ হয়েছেন।
ট্রাম্পের সফর ঐতিহাসিক ও মাইলফলক
জিনপিং ও ট্রাম্প দুইজনই বেইজিংয়ে ট্রাম্পের সফরকে অত্যন্ত সফল ও ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে জংনানহাই বৈঠকে জিনপিং ও ট্রাম্পের আলোচনার একটি সারসংক্ষেপ প্রকাশিত হয়েছে।
সেখানে বলা হয়েছে, জিনপিং এই সফরকে ঐতিহাসিক ও মাইলফলক হিসেবে উল্লেখ করেন এবং বলেন, দুই নেতা তাদের দুই দেশের মধ্যে গঠনমূলক, কৌশলগত ও স্থিতিশীল সম্পর্কের জন্য একটি নতুন অবস্থান নির্ধারণ করেছেন।
তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকাকে আবার মহান করতে চান, আর আমি চীনা জনগণকে নেতৃত্ব দিয়ে চীনা জাতির মহান পুনর্জাগরণ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।’
তিনি আরো বলেন, উভয় দেশের উচিত অর্জিত ‘গুরুত্বপূর্ণ সমঝোতাগুলো বাস্তবায়ন করা।’
চীনের এই বিবরণ অনুযায়ী, ট্রাম্প বলেন সফরটি অত্যন্ত সফল, বিশ্বব্যাপী আলোচিত এবং স্মরণীয় ছিল। তিনি জিনপিংকে ‘আমার পুরোনো বন্ধুদের একজন’ বলে উল্লেখ করেন এবং বলেন, ‘আমি তাকে অত্যন্ত শ্রদ্ধা করি।’
প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আন্তরিক ও গভীর যোগাযোগ বজায় রাখতে আগ্রহের কথাও জানান তিনি এবং বলেন, ‘ওয়াশিংটনে তাকে স্বাগত জানানোর জন্য আন্তরিকভাবে অপেক্ষা করছি।’
সফর শেষ করে ট্রাম্প ওয়াশিংটনের পথে রওনা হয়েছেন।
বেইজিং ছাড়ার আগে শি জিনপিংয়ের সঙ্গে একসঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউজ জানায়, খাবারের মেনুতে ছিল- কড মাছ ছড়ানো সি-ফুড স্যুপ, মচমচে ও উচ্চতাপে দ্রুত ভাজা লবস্টার বল, মোরেল মাশরুম ভরা হাড়হীন গরুর মাংসের ফিলেট, কুং পাও চিকেন ও স্ক্যালপস, সেদ্ধ মৌসুমি সবজি, বাঁশ কোঁড়ল, মাশরুম ও শিম, বান-এর ভেতরে স্টিউ করা গরুর মাংস, ভাপে সেদ্ধ শুকরের মাংস ও চিংড়ির ডাম্পলিং, চকোলেট ব্রাউনি, ফল ও আইসক্রিম এবং কফি ও চা।
এদিকে, হোয়াইট হাউসের সফরসঙ্গী সাংবাদিকদের জন্য তাদের ভ্যানে ম্যাকডোনাল্ডস সরবরাহ করা হয়।
সূত্র: বিবিসি বাংলা
আরএ