যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ের আঘাতে বিপর্যস্ত জনজীবন ও যোগাযোগব্যবস্থা। বৃহস্পতিবার মিসৌরি থেকে ম্যাসাচুসেটস পর্যন্ত এলাকায় ঝড়ে নয় লাখের বেশি গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েন। উপকূলীয় এলাকায় দেখা দেয় ভয়াবহ বন্যা। ঝড়ের কারণে বিভিন্ন স্থানে ঘরবাড়ি ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে। শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া সময়সূচী পিছিয়ে দেওয়া হয়েছে এক হাজারেরও বেশি ফ্লাইটের।
বিদ্যুৎ বিভ্রাটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পেনসিলভানিয়া। রাজ্যটিতে দুই লাখ ১৩ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েন। ভার্জিনিয়ায় এক লাখ ৫০ হাজার এবং মিসৌরিতে প্রায় এক লাখ ২০ হাজার গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন হন।
নিউ জার্সির আটলান্টিক সিটির নিচু এলাকায় কোথাও কোথাও দুই থেকে তিন ফুট পর্যন্ত পানি জমে। আটকে পড়া যানবাহন থেকে ১৪টির বেশি উদ্ধার অভিযান চালায় জরুরি কর্মীরা। ভার্জিনিয়ার নরফোকে ৩৯ জন এবং পাশের পোয়োকোসনে পাঁচজনকে উদ্ধার করা হয়।
মেরিল্যান্ডের মন্টগোমারি কাউন্টিতে ঝড়ে গাছ উপড়ে বাড়িঘরের ওপর পড়ে। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি জানান, বন্যার পানিতে আটকে পড়া গাড়ি থেকে দুজনকে উদ্ধার করা হয়েছে। তিনি বাসিন্দাদের জলমগ্ন সড়ক এড়িয়ে চলার আহ্বান জানান।
প্রবল বাতাসে ক্ষতিগ্রস্ত হওয়ায় পেনসিলভানিয়া ও নিউ জার্সিকে সংযুক্তকারী কমোডর ব্যারি সেতু বন্ধ করে দেওয়া হয়। ঘণ্টায় ৫০ থেকে ৭০ মাইল বেগে বাতাস বয়ে যায়। ঝড়ের কারণে শত শত ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়। নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে ডেল্টা এয়ারলাইনসের ফ্লাইট চলাচলেও সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়। নিউয়ার্ক বিমানবন্দরের এয়ারট্রেন সেবাও বন্ধ রাখা হয়।
তুষারপাত ও স্থাপনা ক্ষতিগ্রস্ত: মধ্য-পশ্চিমাঞ্চলের মিসৌরি ও ইলিনয়ের কিছু এলাকায় ৮ থেকে ১২ ইঞ্চি তুষারপাত হয়েছে। মিসৌরির কোথাও কোথাও তুষারপাত ১৪ ইঞ্চি ছাড়ায়। এতে সেন্ট লুইসের কাছে ওয়েন্টজভিল আইস অ্যারেনার একটি অংশ ধসে পড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি।
প্রতিকূল আবহাওয়ার কারণে নিউইয়র্কের ঐতিহ্যবাহী ম্যাসিস থ্যাংকসগিভিং ডে প্যারেডও ইতিহাসে প্রথমবারের মতো স্থগিত করা হয়। পরে এটি ২৮ নভেম্বর আয়োজনের কথা জানানো হয়।
এদিকে নিউ জার্সির মার্গেট সিটির কর্তৃপক্ষ শুক্রবার সকাল পর্যন্ত জলোচ্ছ্বাস ও বন্যার আশঙ্কা জানিয়েছে। মধ্য-আটলান্টিক অঞ্চলে ঝড়ের তীব্রতা কিছুটা কমলেও নিউ ইংল্যান্ডে রাতের দিকে পরিস্থিতির অবনতির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। সপ্তাহান্তে নতুন ঝড়ের প্রভাবে বৃষ্টি ও তুষারপাতের আশঙ্কা রয়েছে, যা ছুটির শেষ পর্যায়ের যাতায়াতে নতুন করে বিঘ্ন ঘটাতে পারে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
আরএ