যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে গেলে ‘মিস্টার ভেটো’ হয়ে উঠবেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ফক্স নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিলে তাদের পাঠানো আইন প্রস্তাবে প্রথমে ভেটো দেবেন। এরপর সমঝোতার ভিত্তিতে সমাধানে পৌঁছানোর আলোচনা শুরু করবেন।
ট্রাম্প বলেন, ‘এটা প্রথমবার হবে না। এমন পরিস্থিতি আগেও হয়েছে। তখন প্রেসিডেন্ট থাকবেন, কিন্তু প্রতিনিধি পরিষদ কিংবা সিনেট কোনোটিই তার দলের নিয়ন্ত্রণে থাকবে না। তারা একের পর এক আইন প্রস্তাব পাঠাবে, আর আপনি সেগুলোতে ভেটো দেবেন। এভাবে এক-দুই মাস সব প্রস্তাবে ভেটো দেওয়ার পর শেষ পর্যন্ত তারা আলোচনায় আসবে এবং একটি সমঝোতায় পৌঁছাবে।’
তবে মধ্যবর্তী নির্বাচনে নিজের দল রিপাবলিকান পার্টির জয়ের বিষয়ে এখনো আশাবাদী ট্রাম্প। তিনি বলেন, ‘আশা করি, আমাদের এমন পরিস্থিতি নিয়ে চিন্তা করতে হবে না।’