যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে আগাম ভোট দিয়েছেন ৫ কোটি ৪৫ লাখের বেশি ভোটার। আগামীকাল অনুষ্ঠেয় নির্বাচনকে কেন্দ্র করে ভোটগ্রহণের আগেই বিপুলসংখ্যক মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ইলেকশন ল্যাব আগাম ভোটের হিসাব সংরক্ষণ করছে। তাদের প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত ৫ কোটি ৪৫ লাখ মানুষ আগাম ভোট দিয়েছেন। তাদের মধ্যে প্রায় ৩ কোটি ভোটার সরাসরি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন। অন্যদিকে ডাকযোগে ব্যালট পাঠিয়েছেন প্রায় ২ কোটি ৪০ লাখ ভোটার।
আগাম ভোট দেওয়া ব্যক্তিদের অধিকাংশের বয়স ৪১ বছরের বেশি। পরিসংখ্যানে দেখা গেছে, ৪১ থেকে ৬৫ বছর বয়সী ভোটারদের অংশগ্রহণের হার ৩৭ দশমিক ৬ শতাংশ। অন্যদিকে ৬৫ বছরের বেশি বয়সীদের অংশগ্রহণের হার ৪৩ দশমিক ১ শতাংশ।
বয়সভিত্তিক এই পরিসংখ্যান অনুযায়ী, আগাম ভোটে সবচেয়ে বেশি অংশ নিয়েছেন ৬৫ বছরের বেশি বয়সী ভোটাররা।
সূত্র: বিবিসি
এআরবি