হোম > বিশ্ব > আমেরিকা

যুক্তরাষ্ট্রে ৩ লাখ বৈধ অভিবাসীর ‘স্বাস্থ্যসেবা’ সুবিধা বাতিল করছে ট্রাম্প প্রশাসন

স্বাস্থ্যসেবা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে প্রায় ৩ লাখ বৈধ অভিবাসী স্বাস্থ্যসেবা সুবিধা হারাতে যাচ্ছেন। এ বিষয়ে তাদের চিঠিও পাঠানো হয়েছে। নতুন আইনের কারণে ২০২৭ সাল থেকে তারা আর এই সরকারি স্বাস্থ্যবিমা কর্মসূচির আওতায় চিকিৎসাসেবা পাবেন না। অথচ তাদের অনেকেই বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং কর্মসূচিটিতে কর ও অর্থ দিয়ে আসছেন।

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, স্বাস্থ্যসেবার সুবিধা হারাতে যাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন বয়স্ক ও প্রতিবন্ধী অভিবাসীরা। তাদের কেউ কেউ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। এমনকি শেষ পর্যায়ের কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিরাও রয়েছেন এই তালিকায়। শরণার্থী, আশ্রয় পাওয়া ব্যক্তি, অস্থায়ী সুরক্ষার মর্যাদা পাওয়া অভিবাসী এবং মানব পাচারের শিকার ব্যক্তিদেরও নতুন সিদ্ধান্তের আওতায় আনা হয়েছে। তাদের অনেকেই স্বাস্থ্যসেবার সুবিধা পাওয়ার জন্য প্রয়োজনীয় কর্ম-অভিজ্ঞতার শর্ত পূরণ করেছেন।

দ্য ওয়াশিংটন পোস্ট সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পাঠানো একটি চিঠির অনুলিপি পেয়েছে। সেখানে বলা হয়েছে, ‘আমাদের নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে, আইনের পরিবর্তনের কারণে আপনি হয়তো আর মেডিকেয়ার সুবিধা পাওয়ার যোগ্য নন।’

২০২৫ সালের জুলাইয়ে কংগ্রেসের রিপাবলিকান সদস্যদের দলীয় ভোটে আইনটি পাস হয়। এইচআর-১ বা ‘ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট’ নামে পরিচিত এই আইনের সমর্থকদের দাবি, সরকারি কর্মসূচিতে স্বচ্ছতা ও সুরক্ষা নিশ্চিত করা এবং মার্কিন নাগরিকদের জন্য সুবিধা সংরক্ষণের স্বার্থেই এসব পরিবর্তন আনা হয়েছে।

তবে অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো বলছে, নতুন আইন বৈধ অভিবাসীর সংখ্যা বেশি—এমন বিভিন্ন জনগোষ্ঠী ও অঙ্গরাজ্যের ওপর বড় ধরনের প্রভাব ফেলবে। সুবিধা হারাতে যাওয়া অনেকের বয়স ৬৫ বছরের বেশি। তাদের কেউ কেউ যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের বৈধ অনুমতি বা গ্রিন কার্ড পাওয়ার অপেক্ষায় রয়েছেন।

অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন জাস্টিস ইন এজিংয়ের ক্যালিফোর্নিয়া পরিচালক টিফানি হুয়েন-চো বলেন, ‘স্বাস্থ্যসেবার ইতিহাসে এই প্রথম সরকার কর্মসূচির আওতাভুক্ত ব্যক্তিদের কাছ থেকে স্বাস্থ্যসেবা সুবিধা কেড়ে নিচ্ছে। এর মাধ্যমে স্বাস্থ্যসেবার সেই প্রতিশ্রুতি ভঙ্গ করা হচ্ছে, যেখানে বলা হয়েছিল—আপনি কর দিলে অবসরকালীন জীবন বা প্রতিবন্ধী অবস্থায় এই সুবিধার ওপর নির্ভর করতে পারবেন।’

সামাজিক নিরাপত্তা প্রশাসনের এক মুখপাত্র বলেছেন, কংগ্রেস পাস করা আইন বাস্তবায়ন করা সংস্থাটির দায়িত্ব। যারা স্বাস্থ্যসেবার সুবিধা হারাতে যাচ্ছেন, তাদের এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে কী করতে হবে, সে সম্পর্কেও জানানো হয়েছে। এর মধ্যে সামাজিক নিরাপত্তা প্রশাসনের সঙ্গে যোগাযোগের পদ্ধতিও রয়েছে।

শুধু স্বাস্থ্যসেবা নয়, বৈধ অভিবাসীদের জন্য সরকারি স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যবিমার সুবিধা সীমিত করার বৃহত্তর উদ্যোগের অংশ এই সিদ্ধান্ত। এর আওতায় মেডিকেইড স্বাস্থ্যসেবা এবং অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের অধীনে স্বাস্থ্যবিমা কেনার সরকারি ভর্তুকিও রয়েছে। অনিবন্ধিত অভিবাসীরা আগে থেকেই এসব সুবিধা পাওয়ার যোগ্য নন।

দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, এই পদক্ষেপের আগে কয়েক মাস ধরে ট্রাম্প প্রশাসন মানবিক সুরক্ষা পাওয়া ব্যক্তিসহ লাখ লাখ অভিবাসীর বৈধ মর্যাদা বাতিলের চেষ্টা চালিয়েছে। একই সঙ্গে তাদের অনেককে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়নের উদ্যোগও নেওয়া হয়েছে।

নতুন বিধিনিষেধ অনুযায়ী, এখন থেকে চার শ্রেণির মানুষ স্বাস্থ্যসেবা সুবিধা পাবেন। তারা হলেন—যুক্তরাষ্ট্রের নাগরিক ও জাতীয় মর্যাদাপ্রাপ্ত ব্যক্তি, দেশটিতে স্থায়ীভাবে বসবাসের বৈধ অনুমতিপ্রাপ্ত ব্যক্তি, কিউবা ও হাইতি থেকে আসা নির্দিষ্ট কিছু অভিবাসী এবং চুক্তির আওতায় নির্দিষ্ট কয়েকটি দেশ থেকে আসা অভিবাসী।

ট্রাম্পের প্রথম মেয়াদে হোয়াইট হাউসের সাবেক উপদেষ্টা এবং রক্ষণশীল গবেষণা প্রতিষ্ঠান প্যারাগন হেলথ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ব্রায়ান ব্লেজ এই সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়েছেন। তার মতে, যেসব মানুষের জন্য সরকারি কর্মসূচিগুলো তৈরি করা হয়েছে, তাদেরই এসব সুবিধা পাওয়া উচিত।

এক বিবৃতিতে ব্রায়ান ব্লেজ বলেন, ‘ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্টের আওতায় ভিসাধারী বা আশ্রয়প্রার্থীদের মতো স্থায়ী বাসিন্দা নন—এমন অভিবাসীরা এখনো অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের বিমা ব্যবস্থার মাধ্যমে বিমা কিনতে পারবেন। তবে তাদের কেউ কেউ সরকারি ভর্তুকি আর পাবেন না।’

বিশ্লেষকেরা বলছেন, স্বাস্থ্যসেবা সুবিধা হারাতে যাওয়া ব্যক্তিরা সম্প্রতি সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা অভিবাসী কিংবা নতুন আশ্রয়প্রার্থী নন। তাদের অধিকাংশই কেন্দ্রীয় সরকারের যাচাই-বাছাই শেষে আশ্রয় পাওয়া ব্যক্তি ও শরণার্থী। তাদের অনেকেই অন্তত এক দশক ধরে যুক্তরাষ্ট্রে বসবাস ও কাজ করছেন।

কেন্দ্রীয় সরকারের তথ্যের ভিত্তিতে করা এক হিসাব অনুযায়ী, এসব অভিবাসী স্বাস্থ্যসেবা কর্মসূচিতে ৬০০ কোটি ডলারের বেশি অর্থ দিয়েছেন। মেডিকেয়ার ও সামাজিক নিরাপত্তা খাতের বিশেষজ্ঞরা জানিয়েছেন, তাদের অনেকের গ্রিন কার্ডের আবেদন অনুমোদিত হয়েছে। তবে ট্রাম্প প্রশাসনের নীতির কারণে তৈরি হওয়া প্রক্রিয়াগত জটিলতায় তাঁরা এখনো হাতে গ্রিন কার্ড পাননি।

অঙ্গরাজ্যগুলোর ওপর বাড়বে চাপ

বিশ্লেষকদের আশঙ্কা, মেডিকেয়ার সুবিধা বন্ধ হলে যুক্তরাষ্ট্রে বিমাহীন মানুষের সংখ্যা ব্যাপকভাবে বেড়ে যাবে। এমনিতেই কেন্দ্রীয় সরকারের তহবিল কমে যাওয়ায় বাজেট সংকটে থাকা অঙ্গরাজ্যগুলো নতুন করে স্বাস্থ্যসেবার ঘাটতি মোকাবিলায় চাপে পড়বে।

সুবিধা হারানো ব্যক্তিদের কেউ কেউ চিকিৎসা নিতে দেরি করতে পারেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে যেতে বাধ্য হতে পারেন। আবার অঙ্গরাজ্যগুলো কেন্দ্রীয় সরকারের কর্মসূচির বিকল্প হিসেবে নিজস্ব স্বাস্থ্যসেবা চালুর চেষ্টা করতে পারে। তবে দুটি পরিস্থিতিই অঙ্গরাজ্যগুলোর স্বাস্থ্যসেবা ব্যবস্থায় সংকট তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

নির্দলীয় গবেষণা প্রতিষ্ঠান সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি প্রায়োরিটিজের অভিবাসন নীতিবিষয়ক ভাইস প্রেসিডেন্ট শেলবি গনজালেস বলেন, ‘অঙ্গরাজ্যগুলো কেন্দ্রীয় সরকারের সুবিধার মতো বিকল্প কর্মসূচি চালু করে এই ঘাটতি পূরণের চেষ্টা করতে পারে। কিন্তু আর্থিক সীমাবদ্ধতা ও নানা চ্যালেঞ্জের কারণে তাদের জন্য তা কঠিন হবে। কেন্দ্রীয় সরকার সরে যাওয়ার পর পরিস্থিতি সামাল দেওয়া অঙ্গরাজ্যগুলোর জন্য সহজ হবে না।’

তিনি আরো বলেন, ‘যারা শারীরিকভাবে দুর্বল এবং দীর্ঘমেয়াদি রোগে ভুগছেন, নিয়মিত চিকিৎসা ও সেবা প্রয়োজন—নতুন এই সিদ্ধান্ত তাদের জন্য গুরুতর পরিণতি বয়ে আনবে।’

অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর আশঙ্কা, স্বাস্থ্যসেবা সুবিধা বাতিলের সিদ্ধান্ত কারো কারো জীবনের জন্য হুমকি হয়ে উঠতে পারে। বিশেষ করে শেষ পর্যায়ের কিডনি রোগে আক্রান্ত বৈধ অভিবাসীদের নিয়ে উদ্বেগ বেশি। তাদের অনেকে দীর্ঘদিন ধরে ডায়ালাইসিস চিকিৎসার জন্য মেডিকেয়ার সুবিধা পেয়ে আসছেন।

বিশ্লেষকেরা বলছেন, এই বিশেষ সুবিধার আওতায় কতজন অভিবাসী চিকিৎসা পেয়েছেন, সে বিষয়ে পর্যাপ্ত তথ্য নেই। তবে স্বাস্থ্যসেবা সুবিধা বন্ধ হয়ে গেলে তাদের অনেকেই নিয়মিত ডায়ালাইসিস করাতে পারবেন না।

ভুল সিদ্ধান্তে সুবিধা হারানোর আশঙ্কা

অধিকারকর্মীরা সতর্ক করেছেন, আগে স্বাস্থ্যসেবা পাওয়ার যোগ্য ছিলেন—এমন অনেক অভিবাসী হয়তো বুঝতেই পারবেন না যে তাঁদের সুবিধা বন্ধ হয়ে গেছে। আগামী ১ ফেব্রুয়ারির পর ওষুধ কিনতে কিংবা চিকিৎসকের কাছে যাওয়ার সময় তারা বিষয়টি জানতে পারেন।

শেলবি গনজালেসের মতে, সামাজিক নিরাপত্তা প্রশাসনের নথিপত্রে সবার সর্বশেষ তথ্য নাও থাকতে পারে। ফলে যারা এরই মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেয়েছেন কিংবা গ্রিন কার্ডধারী, তাদের কারো কারো মেডিকেয়ার সুবিধাও ভুলবশত বাতিল হয়ে যেতে পারে।

স্বাস্থ্যসেবা সুবিধা বাতিলের বিষয়ে পাঠানো চিঠিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের আপিল করার অধিকার থাকার কথা জানানো হয়েছে। এ জন্য তাদের সামাজিক নিরাপত্তা প্রশাসনের হটলাইনে ফোন করতে হবে অথবা অভিবাসন মর্যাদা পরিবর্তনের প্রমাণসংবলিত নথি অনলাইনে জমা দিতে হবে।

তবে অধিকারকর্মীদের আশঙ্কা, অনেকেই সুবিধা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে সময়মতো আপিল করতে পারবেন না। ফলে আপিলের জন্য নির্ধারিত ৩০ দিনের সময়সীমা পার হয়ে যেতে পারে। এতে প্রকৃতপক্ষে সুবিধা পাওয়ার যোগ্য ব্যক্তিরাও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে পড়বেন।

এএম

ইরান যুদ্ধের কারণে আমেরিকায় খাবারের দাম বাড়ছে

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ নিহত ৬

নিউ ইয়র্কে বাড়ি ভাড়া নিয়ে মামদানির সিদ্ধান্ত বহাল রাখল আদালত

এনভিডিয়ার সিইও পদে জেনসেনের ফিরে আসাকে কেন উদযাপন করছে ইসরাইল

বিভিন্ন দেশের ওপর ট্রাম্পের শুল্ক আরোপের পর মার্কিন শেয়ারবাজারে ধস

বাংলাদেশের চেয়ে ভারতের ওপর বেশি শুল্কারোপ যুক্তরাষ্ট্রের

১৪ দেশের ওপর নতুন শুল্ক, কানাডাকে কেন বাদ দিল ট্রাম্প প্রশাসন

বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন শুল্ক আরোপের উদ্যোগ ট্রাম্প প্রশাসনের

এবার সাইয়েদের সঙ্গে বসবেন ট্রাম্প

ইরান যুদ্ধে অর্থায়ন নিয়ে ডেমোক্র্যাটদের সতর্ক করলেন ট্রাম্প