হোম > বিশ্ব > ইউরোপ

‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ সারমাত ক্ষেপণাস্ত্রের নতুন পরীক্ষা চালাল রাশিয়া

আমার দেশ অনলাইন

নতুন প্রজন্মের অত্যাধুনিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘সারমাত’-এর সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রকে বিশ্বের ‘সবচেয়ে শক্তিশালী’ বলে দাবি করেছেন।

বুধবার আলজাজিরা জানায়, রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনীর কমান্ডার সের্গেই কারাকায়েভের একটি ভিডিও সম্প্রচার করা হয়। সেখানে তিনি প্রেসিডেন্ট পুতিনকে সফল উৎক্ষেপণের বিষয়ে অবহিত করেন। পরে পুতিন ঘোষণা দেন, চলতি বছরের শেষ নাগাদ সারমাত ক্ষেপণাস্ত্র রুশ সামরিক বাহিনীতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হবে।

টেলিভিশনে দেওয়া বক্তব্যে পুতিন বলেন, সারমাত বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র এবং এর ওয়ারহেডের ক্ষমতা পশ্চিমা বিশ্বের যেকোনো সমমানের ক্ষেপণাস্ত্রের তুলনায় চার গুণ বেশি। তার দাবি, ক্ষেপণাস্ত্রটি সাব-অরবিটাল ফ্লাইটে সক্ষম হওয়ায় এটি ৩৫ হাজার কিলোমিটারেরও বেশি দূরত্ব অতিক্রম করতে পারে।

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্র বর্তমান ও ভবিষ্যতের যেকোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা ভেদ করতে পারবে।

প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে উন্নয়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছে সারমাত। ২০১১ সালে এর উন্নয়ন কাজ শুরু হয়। এর আগে ক্ষেপণাস্ত্রটির মাত্র একটি সফল পরীক্ষার তথ্য প্রকাশ্যে এসেছিল। এছাড়া ২০২৪ সালে একটি পরীক্ষার সময় বড় ধরনের বিস্ফোরণের ঘটনাও ঘটে।

পশ্চিমা বিশ্বে ‘স্যাটান ২’ নামে পরিচিত এই ক্ষেপণাস্ত্রটি পুরোনো সোভিয়েত-নির্মিত ‘ভয়েভোদা’ ক্ষেপণাস্ত্রের পরিবর্তে তৈরি করা হয়েছে। পুতিনের ভাষ্য অনুযায়ী, সারমাত ভয়েভোদার মতোই শক্তিশালী হলেও এর নির্ভুলতা আরও বেশি।

রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি ‘নিউ স্টার্ট’-এর মেয়াদ শেষ হওয়ার পর বৈশ্বিক নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বিশ্বের দুই বৃহত্তম পারমাণবিক শক্তি বর্তমানে কোনো আনুষ্ঠানিক সীমাবদ্ধতা ছাড়াই অস্ত্র উন্নয়নের সুযোগ পাচ্ছে।

যদিও মস্কো ও ওয়াশিংটন উচ্চপর্যায়ের সামরিক সংলাপ পুনরায় চালুর বিষয়ে সম্মত হয়েছে, তবুও নতুন কোনো অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির অগ্রগতি এখনো দেখা যায়নি। উভয় দেশই একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে আসছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন যেকোনো পারমাণবিক চুক্তিতে চীনকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে আসছেন। তবে বেইজিং এ ধরনের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে।

২০০০ সালে ক্ষমতায় আসার পর থেকে পুতিন রাশিয়ার পারমাণবিক সক্ষমতা আধুনিকায়নে ব্যাপক উদ্যোগ নেন। এর অংশ হিসেবে নতুন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র মোতায়েন, আধুনিক পারমাণবিক সাবমেরিন যুক্ত করা এবং পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বোমারু বিমান উন্নত করা হয়েছে।

২০১৮ সালে পুতিন প্রথম সারমাত ক্ষেপণাস্ত্র উন্মোচন করেন। একই সময়ে তিনি ‘আভানগার্ড’ হাইপারসনিক গ্লাইড যানসহ আরও কয়েকটি নতুন অস্ত্র ব্যবস্থার ঘোষণা দেন। শব্দের গতির চেয়ে ২৭ গুণ দ্রুতগতির এই প্রযুক্তি ইতোমধ্যে রুশ সামরিক বাহিনীতে যুক্ত হয়েছে।

এছাড়া রাশিয়া বর্তমানে পারমাণবিক সক্ষম ‘পোসাইডন’ ডুবো ড্রোন এবং ক্ষুদ্র পারমাণবিক চুল্লিচালিত ‘বুরেভেস্টনিক’ ক্রুজ ক্ষেপণাস্ত্রের উন্নয়নের শেষ পর্যায়ে রয়েছে বলেও জানান পুতিন। তার ভাষ্য অনুযায়ী, এসব অস্ত্র মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জবাব হিসেবেই তৈরি করা হচ্ছে।

তথ্যসূত্র: আল জাজিরা/রয়টার্স

এসআর

হরমুজ প্রণালিতে যুক্তরাজ্য-ফ্রান্সের নিরাপত্তা মিশনে যোগ দেবে অস্ট্রেলিয়া

যুক্তরাজ্য সরকার থেকে আবাসন ও কমিউনিটি–বিষয়ক মন্ত্রীর পদত্যাগ

ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় ইইউর সম্মতি

যুদ্ধবিরতি শেষ হতেই কিয়েভে রাশিয়ার ড্রোন হামলা: ইউক্রেন

এবার ইউরোপেও নিষিদ্ধ উগ্র ইসরাইলিরা

পাঁচ ব্রিটিশ প্রধানমন্ত্রী বিদায় নিয়েছেন, রয়ে গেছেন মেয়র সাদিক খান

ইরানের রুট মেনেই হরমুজ পার হয়েছে তেলের ট্যাংকার

ভিয়েনার সরকারি স্কুলগুলোতে মুসলিম শিক্ষার্থীর সংখ্যা অর্ধেকে পৌঁছেছে

১৬ বছরের অরবান যুগের অবসান, হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী পিটার মাজিয়ার

ন্যাটোর ভবিষ্যত নিয়ে যা জানাল জার্মান চ্যান্সেলর