ভারতের বিভিন্ন রাজ্যে ‘অবৈধ বিদেশি নাগরিক’ আখ্যা দিয়ে বাংলাদেশি সন্দেহে বাঙালিদের আটক ও জোরপূর্বক সীমান্তে ঠেলে দেওয়ার ঘটনা সাম্প্রতিক সময়ে বারবার সামনে এসেছে। এসব ঘটনায় নারী ও শিশুসহ অনেককে সীমান্তে পাঠানোর চেষ্টা করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে বিজিবির বাধায় তাদের বাংলাদেশে প্রবেশের চেষ্টা আটকে গেছে, আবার অনেকে দিনের পর দিন আটকে থেকেছেন শূন্যরেখায়। ভারতের এমন তৎপরতা নিয়ে দুই দেশের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ ও কূটনৈতিক টানাপোড়েন।
সম্প্রতি আসামের শ্রীভূমি ও বাংলাদেশের মৌলভীবাজার সীমান্তের মধ্যবর্তী শূন্যরেখায় নারী ও শিশুসহ একদল মানুষ আটকা পড়েছেন। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করলে বিজিবি বাধা দেয়।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আসামের শ্রীভূমি জেলার মদনপুর এবং বাংলাদেশের বড়লেখা উপজেলার লাটু পাল্লাথাল এলাকার মধ্যবর্তী ‘নো-ম্যানস ল্যান্ডে’ বা শূন্যরেখায় ওই দলটি আটকা পড়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, গভীর রাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা নারীসহ একদল মানুষকে বাংলাদেশে প্রবেশ করতে বাধা দিচ্ছেন।
এ ছাড়া মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে চারজন পুরুষকে বাংলাদেশে পাঠানোর আরেকটি প্রচেষ্টাও ব্যর্থ করে দেয় বিজিবি। আসামে ‘অবৈধ অভিবাসী’ হিসেবে চিহ্নিত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর অভিযান চলার মধ্যেই এসব ঘটনা ঘটল।
এর আগের দিন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে দাবি করেন, ৩৮ জন ‘অবৈধ অভিবাসীকে’ হাতেনাতে আটক করে ভোররাতে আসাম থেকে বের করে দেওয়া হয়েছে।
ওই পোস্টে নারী ও শিশুদের একটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, আসামের সংস্কৃতি, ঐতিহ্য ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত প্রত্যেক অবৈধ ব্যক্তিকে শনাক্ত, তালিকাভুক্তি থেকে বাদ এবং বহিষ্কারের লক্ষ্য নিয়ে অভিযান চলছে।
তবে সীমান্তে আটকা পড়া ব্যক্তিদের সঙ্গে মুখ্যমন্ত্রীর উল্লেখ করা ৩৮ জনের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি সংবাদমাধ্যম মাকতুব।
সাধারণত কোনো আনুষ্ঠানিক বহিষ্কার বা হস্তান্তর প্রক্রিয়া ছাড়াই সীমান্তে নিয়ে গিয়ে জোর করে অন্য দেশে পাঠানোর ঘটনাকে ‘পুশব্যাক’ বলা হয়।
মানবাধিকার সংস্থাগুলো ভারতের এ ধরনের স্বেচ্ছাচারী ও অমানবিক কর্মকাণ্ডের সমালোচনা করে আসছে। অভিযোগ রয়েছে, দুই দেশের মধ্যে নাগরিকদের প্রবেশাধিকার নিয়ে বিরোধের কারণে অনেক মানুষ দিনের পর দিন শূন্যরেখায় আটকা পড়ে থাকেন। বাংলাদেশও আনুষ্ঠানিকভাবে এ ধরনের কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়েছে।
এদিকে, ২০২৬ সালের জুলাইয়ে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, গত ৪০ বছরে রাজ্যটি থেকে ‘অবৈধ বিদেশি’ হিসেবে চিহ্নিত ৩১ হাজার ৭৮৯ জনকে ফেরত পাঠানো সম্ভব হয়েছে।
আসাম বিধানসভার তথ্য অনুযায়ী, তাদের মধ্যে ৪৭০ জনকে নির্বাসিত করা হয়েছে, ২৯ হাজার ৬৬৩ জনকে পুশব্যাক করা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ১ হাজার ৫৭২ জনকে ফেরত পাঠানো হয়েছে এবং ৮৪ জনকে বহিষ্কার করা হয়েছে।
সূত্র: মাকতুব মিডিয়া