সৌদি আরবের তাইফ ও জাজান অঞ্চলে সম্ভাব্য বিপদের আশঙ্কায় জারি করা সতর্কতা তুলে নিয়েছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা। তবে হুথিদের হামলা অব্যাহত থাকার প্রেক্ষাপটে বাসিন্দাদের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
স্থানীয় সময় দুপুর ১২টা ৫৩ মিনিটে মোবাইল ফোনে বাসিন্দাদের কাছে সতর্কবার্তা পাঠানো হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কথা জানিয়ে সতর্কতা প্রত্যাহারের ঘোষণা দেয় কর্তৃপক্ষ।
এক বিবৃতিতে সৌদি বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানায়, ‘বিপদ কেটে গেছে।’ তবে নিরাপত্তার স্বার্থে সংস্থাটির দেওয়া নির্দেশনা অনুসরণ করতে বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, জনসমাগম এড়িয়ে চলতে হবে এবং যেকোনো পরিস্থিতিতে ছবি তোলা থেকে বিরত থাকতে হবে।
হুথিদের হামলার ধারাবাহিকতার মধ্যে সৌদির গুরুত্বপূর্ণ দুটি অঞ্চলে সতর্কতা জারি ও পরে তা প্রত্যাহারের এ ঘটনা ঘটল। তবে সতর্কতা জারির পেছনে নির্দিষ্ট কী ধরনের হুমকি ছিল, সে বিষয়ে বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ।
সূত্র: আল জাজিরা
এআরবি