সিনাই উপদ্বীপ নিয়ে মিসরকে ফের হুমকি দিয়েছেন ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ । তিনি বলেন, মিসর ইসরাইলে হামলা চালালে দেশটিকে সিনাই উপদ্বীপ হারাতে হবে। প্রতিবেশী দেশগুলোকে তাদের ঘোষিত উদ্দেশ্যের চেয়ে সামরিক সক্ষমতার ওপর বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে উল্লেখ করেন তিনি।
এক সাক্ষাৎকারে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির দেওয়া আশ্বাস নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। সম্প্রতি সিসি বলেছিলেন, তার কোনো আঞ্চলিক ভূখণ্ডগত উচ্চাকাঙ্ক্ষা নেই এবং ইসরাইলের সঙ্গে যুদ্ধেরও ইচ্ছা নেই। স্মোত্রিচ বলেন, সিসির দেওয়া এই আশ্বাসে আস্থা রাখতে পারছেন না তিনি।
স্মোত্রিচ বলেন, মিসর যদি বুঝতে পারে যে তারা পরবর্তীবার হামলা চালালে ‘সিনাই বলে কিছু থাকবে না’, ইসরাইল তখনই কেবল নিশ্চিত হবে।
সিনাই উপদ্বীপ নিয়ে স্মোত্রিচের আগের মন্তব্যের পরও বিতর্ক সৃষ্টি হয়েছিল। এক ভিডিও সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, মিসর ইসরাইলে হামলা চালালে দেশটিকে সিনাই হারাতে হবে।
ইসরাইলি মন্ত্রীর এ বক্তব্য প্রত্যাখ্যান করে কায়রো একে ‘ফাঁকা হুমকি’ বলে অভিহিত করেছে। একই সঙ্গে নিজেদের ভূখণ্ড ও স্বাধীনতা রক্ষার সক্ষমতার কথাও পুনর্ব্যক্ত করেছে মিসর।
গত সপ্তাহে ১৯৭৩ সালের অক্টোবর যুদ্ধের বিজয়ের ৫৩তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সশস্ত্র বাহিনীর ৪৪তম সাংস্কৃতিক সেমিনারে ইসরাইলি মন্ত্রীরে বক্তব্যের জবাব দেন সিসি।
সিসি বলেন, দেশটি নিজেদের ভূখণ্ড রক্ষার জন্য যুদ্ধ করেছে এবং হারানো সব ভূমি পুনরুদ্ধার করেছে। জাতীয় নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা এবং জনগণের স্বার্থ সুরক্ষিত রাখাই এখন মিসরের প্রধান অগ্রাধিকার।
সূত্র: মিডল ইস্ট মনিটর
আরএ