ইরানের ওপর হামলার মুখে দেশটির ‘সাহসের’ প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপে দুই দেশের কৌশলগত সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা করেছেন তিনি।
ইরানের প্রেসিডেন্টের দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ফোনালাপে পেজেশকিয়ান রুশ প্রেসিডেন্টকে জন্মদিনের শুভেচ্ছাও জানান। খবর আনাদোলুর।
আলোচনায় পুতিন বলেন, সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি ও বিভিন্ন ঘটনার মধ্যেও তেহরান-মস্কোর মধ্যে স্বাক্ষরিত ব্যাপক কৌশলগত অংশীদারত্ব চুক্তির আওতায় দুই দেশের সহযোগিতা অব্যাহত রয়েছে।
আঞ্চলিক উত্তেজনা কমাতে কয়েকটি দেশের মধ্যস্থতার প্রচেষ্টার কথাও উল্লেখ করেন পুতিন। তিনি বলেন, রাশিয়া এই কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করে এবং ‘ইরানি বন্ধুরা নিশ্চিত থাকতে পারেন’ যে মস্কো সহায়তা করতে প্রস্তুত। এছাড়া, হামলার মুখে ইরান যে সাহসিকতা দেখিয়েছে, পুতিন তারও প্রশংসা করেন।
ফোনালাপে দুই নেতা রাশিয়া ও ইরানের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও গভীর করার বিষয়েও মতবিনিময় করেন।