হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরাইলি বিমান অবতরণের অনুমতি বাতিল করল আমিরাত

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাত ইসরাইলি উড়োজাহাজ সংস্থাগুলোর দুবাইয়ে অবতরণের অনুমতি বাতিল করায় আটকে পড়া ইসরাইলি নাগরিকদের দেশে ফেরাতে নির্ধারিত বিশেষ ফ্লাইট বাতিল করেছে ইসরাইলের রাষ্ট্রীয় বিমান সংস্থা এল আল। তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ তথ্য জানিয়েছে।

শুক্রবারের নির্ধারিত উদ্ধার ফ্লাইট বাতিলের বিষয়টি জানিয়ে এল আল বলেছে, দুবাইয়ে ইসরাইলি বিমান সংস্থাগুলোর অবতরণের অনুমোদন প্রত্যাহারের খবর তারা ইসরাইলি কর্তৃপক্ষের কাছ থেকে পেয়েছে। ফলে পরিস্থিতির কারণে শুক্রবারের ফ্লাইটগুলো পরিচালনা করা সম্ভব হয়নি।

তবে প্রয়োজনীয় সরকারি অনুমোদন পাওয়া গেলে দুবাই থেকে ইসরাইলি নাগরিকদের ফিরিয়ে আনতে চার্টার ফ্লাইট চালানোর জন্য তারা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে এল আল। আগামী রোববার, সোমবার, বুধবার ও বৃহস্পতিবারের ফ্লাইটগুলো আপাতত নির্ধারিত সূচিতে রাখা হয়েছে। তবে এসব ফ্লাইটের সব আসন ইতোমধ্যে বুক হয়ে গেছে।

অবতরণের অনুমতি কেন বাতিল করা হয়েছে, সে বিষয়ে এল আল কোনো কারণ জানায়নি। সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষও তাৎক্ষণিকভাবে এ সিদ্ধান্তের বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি।

ইসরাইলের চ্যানেল সেভেনের প্রতিবেদনে বলা হয়েছে, শেষ মুহূর্তে আমিরাত কর্তৃপক্ষ উদ্ধারকারী ফ্লাইটগুলোর অবতরণের অনুমতি প্রত্যাহার করার পরই এল আল ফ্লাইট বাতিলের ঘোষণা দেয়। এর আগে দুবাইয়ে আটকে থাকা ইসরাইলিদের দেশে ফেরাতে বিশেষ ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিচ্ছিল ইসরাইলি বিমান সংস্থাগুলো।

এদিকে বুধবার দুবাই থেকে তেল আবিবগামী একটি ফ্লাইটে ঘটে যাওয়া একটি ঘটনার পর ফ্লাইদুবাই তাদের পরিষেবা স্থগিত করেছিল। ইসরাইলি কর্তৃপক্ষের দাবি, ওই সময় ফ্লাইদুবাইয়ের সহকারী পাইলট বিমানের মূল পাইলটকে ছুরিকাঘাত করেন এবং উড়োজাহাজটি বিধ্বস্ত করার চেষ্টা চালান। পরে যাত্রী ও ক্রু সদস্যরা তাকে নিয়ন্ত্রণে আনেন।

উল্লেখ্য, ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাভাবিকীকরণ চুক্তির আওতায় ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। দুই দেশের মধ্যে বিমান যোগাযোগও পরবর্তী সময়ে চালু হয়।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

এআরবি

মদিনায় হুথিদের হামলার নিন্দা তুরস্কের, সৌদির পাশে থাকার ঘোষণা

শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, গ্রেপ্তার ২ হাজার

শিক্ষায় ব্যয় কমলেও ভ্রমণ-বিনোদনে বাড়ছে সৌদিদের খরচ

গাজায় শিশুসহ সবাইকে হত্যার পক্ষে তরুণ ইসরাইলিরা: ইয়ার লাপিদ

ইরাকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ফ্লাইট চালুর আহ্বান ইরানের

মহাকাশে কিরগিজস্তানের প্রথম স্যাটেলাইট

জব্দ করা পশ্চিমা কোম্পানির সম্পদ ফেরতের ইঙ্গিত পুতিনের

বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দিকে এগোচ্ছে সৌদি ও আমিরাত

মধ্যপ্রাচ্যে আরো প্যাট্রিয়ট মোতায়েন যুক্তরাষ্ট্রের

ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে সৌদি, দাবি হুথিদের