ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মিনাবের একটি স্কুলে হামলায় নিহত ১৬৮ শিশুর জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করেছেন। তিনি বলেছেন, নিহত শিশুদের কখনো ভুলবে না ইরান।
২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ যুদ্ধ শুরুর প্রথম দিন মিনাবের ওই স্কুলে হামলা হয়। হামলায় ১৬৮ শিশু নিহত হয়েছে বলে জানায় তেহরান।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান বলেন, ‘মিনাবের ১৬৮ শিশুর হত্যার দায় যুক্তরাষ্ট্র সরকার ও ইসরাইলি শাসনের ওপর বর্তায়। আমরা কখনো ভুলব না। এই নৃশংসতা মানবাধিকার রক্ষার দাবিদারদের ভণ্ডামি প্রকাশ করে।’
গত সেপ্টেম্বরে জাতিসংঘের একটি অনুসন্ধানী মিশন জানায়, মিনাবের প্রাথমিক বিদ্যালয়ে ২৮ ফেব্রুয়ারির প্রাণঘাতী হামলার পেছনে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার যুক্তিসংগত ভিত্তি রয়েছে। ওই হামলা যুদ্ধাপরাধের শামিল হতে পারে বলেও উল্লেখ করে মিশনটি।
তবে জুনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, কেউ ইচ্ছাকৃতভাবে ইরানের কোনো স্কুলে হামলা করেনি। এ বিষয়ে তদন্ত চলার কথা উল্লেখ করে তিনি এ মন্তব্য করেন।