হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে প্রয়োজনে জীবন উৎসর্গের জন্য প্রস্তুত থাকতে সেনাদের প্রতি আহ্বান জানিয়েছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ সালেহ বিন ফাওজান আল-ফাওজান।
সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থায় প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, দেশের ভূখণ্ড রক্ষা করা এবং হুথিদের পরাজিত করতে লড়াই করা গুরুত্বপূর্ণ ধর্মীয় ও জাতীয় দায়িত্ব। একই সঙ্গে তিনি সেনাদের শাসক ও সামরিক কমান্ডারদের নির্দেশ মেনে চলার আহ্বান জানান।
এই বিরল ও কঠোর বার্তায় আল্লাহর পথে প্রতিরক্ষা ও সংগ্রামের ক্ষেত্রে আত্মত্যাগ ও লড়াইয়ের গুরুত্ব বোঝাতে পবিত্র কুরআনের আয়াত এবং মহানবী মুহাম্মদ (সা.)-এর বাণী ও হাদিসের কথা উল্লেখ করা হয়েছে।
সৌদি আরব ও হুথিদের মধ্যে কয়েক সপ্তাহ ধরে চলা ক্রমবর্ধমান সহিংসতার প্রেক্ষাপটে এই বার্তা এল।
বৃহস্পতিবার গভীর রাতে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ‘এই মহান রাষ্ট্রকে রক্ষা করা... এবং এর ভূখণ্ডের এক ইঞ্চি জায়গায়ও হাত দেওয়ার চেষ্টাকারীকে শাস্তি দেওয়া—এ সবই হলো অন্যতম শ্রেষ্ঠ দায়িত্ব ও পুণ্যের কাজ; যার জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনে জীবন ও প্রাণ উৎসর্গ করা যেতে পারে।’
বিবৃতিতে হুথিদের সম্পূর্ণ পরাজয় এবং সৌদি সমর্থিত ইয়েমেনি সরকারের কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠার জন্যও প্রার্থনা করা হয়।
এতে আরো বলা হয়, ‘আমরা সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করি, যেন তিনি আপনাদের সবাইকে তার সহায়তা প্রদান করেন এবং আমাদের দেশ ও প্রিয় ইয়েমেনকে সব ধরনের ক্ষতি থেকে রক্ষা করেন। আমরা তার কাছে আরো প্রার্থনা করি, যেন তিনি হুথি গোষ্ঠী এবং যারা তাদের সহায়তা ও সমর্থন জোগায়, তাদের সম্পূর্ণ পরাজয় নিশ্চিত করেন।’
সৌদি আরব ২০১৫ সাল থেকে ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযানে জড়িত। সাম্প্রতিক সময়ে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পাশাপাশি সৌদি পাল্টা বিমান হামলা চালানোয় সংঘাত আবারও তীব্র হয়েছে। মুফতির এই বক্তব্যের পর সৌদি নেতৃত্বাধীন পক্ষের আরো বড় সামরিক অভিযানের সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সূত্র: রয়টার্স
আরএ