গাজা উপত্যকায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের সহায়তায় জরুরি ত্রাণ কার্যক্রম শুরু করেছে কাতার। উপত্যকাটির পুনর্গঠনে নিয়োজিত কাতারি কমিটি এ উদ্যোগ নিয়েছে।
ত্রাণ দলগুলো গাজার ৪৫টি বাস্তুচ্যুত মানুষের আশ্রয়শিবির ও গুরুত্বপূর্ণ সড়কে সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে। প্রতিকূল আবহাওয়ায় ক্ষয়ক্ষতি মোকাবিলায় এসব এলাকায় আবহাওয়ারোধী তাঁবু, আশ্রয় উপকরণ, খাদ্যসামগ্রী ও চিকিৎসাসামগ্রী বিতরণ করা হয়েছে।
গত সপ্তাহান্তে মৌসুমের প্রথম বড় ধরনের ঝড় আঘাত হানে গাজায়। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের তথ্য অনুযায়ী, মাত্র ১২ ঘণ্টার মধ্যে উপত্যকাটিতে প্রায় ৭০ হাজার তাঁবু বন্যার পানিতে তলিয়ে যায়। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩০ লাখ ডলার।
সোমবার পর্যন্ত গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগে দুই হাজার ১০০টির বেশি জরুরি সহায়তার আবেদন জমা পড়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, উপত্যকাটিতে দুই হাজারের বেশি ভবন ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে।
এদিকে, প্রায় চার লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি এমন সব এলাকায় আশ্রয় নিয়েছেন, যেগুলো বন্যা ও প্রতিকূল আবহাওয়ার কারণে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। যুদ্ধবিধ্বস্ত গাজায় তাঁবু ও আশ্রয়কেন্দ্র প্লাবিত হওয়ায় এসব মানুষের মানবিক সংকট আরও তীব্র হয়েছে।
এমএমআর