সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে ক্ষেপণাস্ত্র দুটি আকাশেই প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।
রোববার রিয়াদে বড় বিস্ফোরণের শব্দ শোনার পর এ তথ্য জানায় জোটটি। পরে রিয়াদ ও সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ছোড়া আরো দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংসের কথাও জানানো হয়।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী জানান, বিস্ফোরণের শব্দ শোনার কিছুক্ষণ আগে রিয়াদ অঞ্চলে সতর্কবার্তা জারি করেছিল সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। পরে কর্তৃপক্ষ জানায়, বিপদের আশঙ্কা কেটে গেছে।
হুথিদের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন জোটের নতুন করে শুরু হওয়া সংঘাতে ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি ভেঙে পড়েছে। ২০১৫ সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করে নেয় হুথিরা। এরপর আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে পুনর্বহাল করতে সৌদি আরবের নেতৃত্বে কয়েকটি আরব দেশ সামরিক জোট গঠন করে ইয়েমেনে অভিযান শুরু করে।
নতুন করে শুরু হওয়া এই সংঘাত বৃহত্তর মধ্যপ্রাচ্য যুদ্ধের একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে। গত ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে ওই যুদ্ধের সূত্রপাত হয়।
জুলাইয়ে শত্রুতা নতুন করে শুরু হওয়ার পর থেকে হুথিরা ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে সৌদি আরবের বিমানবন্দর, সমুদ্রবন্দর ও তেল স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। জবাবে সৌদি আরবও ইয়েমেনে হুথিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে।
সর্বশেষ এ ঘটনার এক দিন আগে হুথি পরিচালিত ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করে, সৌদি বিমান হামলায় রাজধানী সানার কাছে অন্তত ৩৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় তদন্তের কথা জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
এএম