অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে এক দিনে এক হাজারের বেশি ইসরাইলি বসতিস্থাপনকারী প্রবেশ করেছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।
জেরুজালেম গভর্নরেটের দেওয়া তথ্য অনুযায়ী, ওই দিন মোট ১ হাজার ১৪৩ জন ইসরাইলি আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করেন। ইসরাইলি বাহিনীর নিরাপত্তার মধ্যে তারা মসজিদ চত্বরে প্রবেশ করে কয়েক ঘণ্টা অবস্থান করেন। এ সময় সেখানে ধর্মীয় প্রার্থনা ও বিভিন্ন আচার-অনুষ্ঠান পালন করা হয় বলে অভিযোগ করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।
এক বিবৃতিতে জেরুজালেম গভর্নরেট বলেছে, আল-আকসা মসজিদের ঐতিহাসিক ও আইনগত মর্যাদা ঘিরে বিদ্যমান ব্যবস্থার ধারাবাহিক লঙ্ঘনের অংশ হিসেবেই এসব ঘটনা ঘটছে।
এদিকে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য খালেদ মেশাল শনিবার সতর্ক করে বলেছেন, আল-আকসা মসজিদকে কেন্দ্র করে ইসরাইলের বিভিন্ন পদক্ষেপ পবিত্র স্থানটির ওপর ‘পূর্ণ নিয়ন্ত্রণ ও আধিপত্য’ প্রতিষ্ঠার পরিস্থিতি তৈরি করছে।
মুসলিমদের অন্যতম পবিত্র স্থান আল-আকসা মসজিদ। একই সঙ্গে ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের সবচেয়ে স্পর্শকাতর ও বিরোধপূর্ণ স্থানগুলোর একটি হিসেবেও এটি বিবেচিত।
সূত্র: আল জাজিরা
এআরবি