দুবাই থেকে ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের একটি বিমানে সহকারী পাইলটকে ছুরিকাঘাত করে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করা ব্যক্তি ‘ইসলামপন্থি চরমপন্থায় দীক্ষিত’ ছিলেন বলে দাবি করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
তার দাবি, হামলাকারী খুব সম্ভবত বিমানটি বিধ্বস্ত করতে চেয়েছিলেন।
বুধবার উড্ডয়নের প্রায় দুই ঘণ্টা পর বিমানটি ১৭ হাজার ফুটের বেশি নিচে নেমে যায়। পরে যাত্রী ও ক্রুরা হামলাকারীকে কাবু করে বিমানটির নিয়ন্ত্রণ ফিরিয়ে নেন। এরপর সৌদি আরবের তাবুক বিমানবন্দরে বিমানটি নিরাপদে অবতরণ করে।
নেতানিয়াহু ফক্স নিউজকে বলেন, হামলাকারী ওমানের নাগরিক। যাত্রী ও ক্রুরা তাকে বেঁধে ফেলার পর তিনি বারবার বলছিলেন, ‘আমাকে মেরে ফেলো।’
নেতানিয়াহুর ভাষ্য, এতে তার আত্মঘাতী হওয়ার ইচ্ছার বিষয়টি স্পষ্ট হয়। তবে হামলার উদ্দেশ্য নিয়ে এখনই সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না বলেও তিনি জানান।
সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ঘটনাটির সঙ্গে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বা উদ্দেশ্যের যোগসূত্র আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। দেশটির কর্মকর্তারা বলেছেন, বিমানটি তাদের দেশে নিবন্ধিত ও পতাকাবাহী হওয়ায় তদন্তের এখতিয়ার সংযুক্ত আরব আমিরাতের।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, ঘটনার পেছনে ইরানের ভূমিকা থাকতে পারে। তবে তারা সরাসরি ইরানকে দায়ী করেননি।
ট্রাম্প বলেছেন, ইরানের সম্পৃক্ততা প্রমাণিত হলে দেশটির ওপর ‘কঠোর আঘাত’ হানা হবে।
ইসরাইলও পৃথক তদন্ত চালিয়েছে। ইসরাইল নিরাপত্তা সূত্র জানিয়েছে, প্রাথমিক তদন্তে হামলাকারীর উদ্দেশ্য বিমানটি বিধ্বস্ত করা ছিল বলে ইঙ্গিত পাওয়া গেছে। মোসাদের নেতৃত্বে ওই তদন্তে তেল আবিবে পৌঁছানোর পর বিমানের যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইটে ১৭০ জনের বেশি যাত্রী ছিলেন। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় রাত ৭টা ৫ মিনিটে বিমানটি তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরের উদ্দেশে উড্ডয়ন করে। প্রায় দুই ঘণ্টা পর বিমানটির উচ্চতা ১৭ হাজার ফুট কমে যায়। এরপর এটি জরুরি সংকেত পাঠায়।
পরে বিমানটি কিছু সময় জর্ডানের আকাশসীমায় প্রবেশ করে আবার সৌদি আরবের দিকে ফিরে আসে। সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলের তাবুক বিমানবন্দরে বিমানটি ম্যানুয়ালি অবতরণ করে।
ঘটনার তদন্ত চলায় দুবাই-তেল আবিব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করেছে ফ্লাইদুবাই। এদিকে দুবাইয়ে আটকে পড়া যাত্রীদের ফিরিয়ে আনতে শুক্রবার থেকে বিশেষ ফ্লাইট চালানোর পরিকল্পনা করেছে ইসরাইলি বিমান সংস্থাগুলো। আবুধাবি-তেল আবিব রুটে ফ্লাইট বাড়াতে ইতিহাদ এয়ারওয়েজকেও জরুরি অনুরোধ জানিয়েছে ইসরাইলের পরিবহন মন্ত্রণালয়।
হামলায় আহত ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারকে ‘নায়ক’ বলেছেন নেতানিয়াহু ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীপক মিত্তাল হাসপাতালে তাকে দেখতে যান। ভারতীয় দূতাবাস জানিয়েছে, তিনি সুস্থ আছেন এবং সেরে উঠছেন।
এএম