ইয়েমেনের পশ্চিম উপকূলে জুনে সংঘাত তীব্র হওয়ার পর থেকে আটটি প্রদেশে ১ লাখ ৪৫ হাজার ৩০৮ জন, অর্থাৎ ২৪ হাজার ২১৮টি পরিবার বাস্তুচ্যুত হয়েছে। এর মধ্যে ২১ সেপ্টেম্বর থেকে সোমবার পর্যন্ত মাত্র এক সপ্তাহে নতুন করে ঘরছাড়া হয়েছে ১৫ হাজার ৮৭০ জন, যা মোট সংখ্যার ১২ শতাংশেরও বেশি। সোমবার এক বিবৃতিতে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এসব তথ্য জানায়।
আইওএমের তথ্য অনুযায়ী, ইয়েমেনে সবচেয়ে বেশি বাস্তুচ্যুত মানুষের আশ্রয় হয়েছে তাইজ প্রদেশে। সেখানে ঘরছাড়া রয়েছে ৮১ হাজার ৪৪৪ জন, যা দেশের মোট বাস্তুচ্যুত মানুষের অর্ধেকেরও বেশি। এক সপ্তাহে সেখানে এই সংখ্যা প্রায় ৮ হাজার বেড়েছে।
এ ছাড়া লাহজে ৩৪ হাজার ৮৬০, এডেনে ১২ হাজার ৪৫৬, আল-হুদায়দায় ৮ হাজার ২৪৪, আবিয়ানে ৫ হাজার ৫৬৮, হাদরামাউতে ১ হাজার ৯৭৪, মারিবে ৭৫০ এবং আল-মাহরায় ১২ জনের বাস্তুচ্যুত হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে এক সপ্তাহে সবচেয়ে বেশি বেড়েছে এডেনে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা। সেখানে নতুন করে ৩ হাজার ৫১০ জন ঘরছাড়া হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি।
তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি