হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সৌদি আরবকে সুরক্ষায় নতুন প্রতিরক্ষা অভিযান

সিএনএন

সৌদি আরবের শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষায় রয়্যাল এয়ারফোর্সের টাইফুন যুদ্ধবিমান ব্যবহার করে ‘প্রতিরক্ষামূলক আকাশ প্রতিরক্ষা অভিযান’ চালানো হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

গত এক মাসে সৌদি আরবে হামলা জোরদার করেছে হুথিরা। দেশটির তেল স্থাপনা ও বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে তারা। এমতাবস্থায় ইরান-সমর্থিত ইয়েমেনের হুথিদের হামলা থেকে সৌদি আরবকে রক্ষায় যুদ্ধবিমান মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক মুখপাত্র সাংবাদিকদের জানিয়েছেন, সৌদি আরবকে ইতিমধ্যে আকাশে জ্বালানি সরবরাহের সহায়তা দিচ্ছে যুক্তরাজ্য। পাশাপাশি দেশটির প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী করতে আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম ও ব্রিটিশ সামরিক সদস্য মোতায়েন করা হয়েছে।

মুখপাত্র বলেন, টাইফুন যুদ্ধবিমানগুলো সৌদি আরবের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করবে। তবে ইয়েমেনের ভেতরে কোনো আক্রমণাত্মক হামলা চালাবে না।

গত জুলাইয়ে হুথিরা লোহিত সাগরে সৌদি জাহাজ চলাচল এবং দেশটির অভ্যন্তরের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানোর ঘোষণা দেওয়ার পর থেকে সংঘাত আরো তীব্র হয়েছে। এর আগে ইয়েমেনের রাজধানী সানায় হুথিদের নিয়ন্ত্রণে থাকা বিমানবন্দরে হামলা চালিয়েছিল সৌদি আরব।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে হুথিরা হামলা আরো বাড়িয়েছে। রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বারবার হামলা চালিয়েছে তারা। এর মধ্যে একটি হামলায় ১৩ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হন। এক দশকেরও বেশি সময়ের মধ্যে সৌদি আরবে এটিই ছিল সবচেয়ে প্রাণঘাতী হামলা।

হুথিদের ক্রমবর্ধমান হামলা মোকাবিলায় আঞ্চলিক ও পশ্চিমা মিত্রদের কাছ থেকে সামরিক সহায়তা চাইছে সৌদি আরব। ফ্রান্স দেশটিতে সামরিক সদস্যসহ প্রতিরক্ষা সংক্রান্ত সরঞ্জাম মোতায়েনে সম্মতি দিয়েছে। এ ছাড়া সদ্য গঠিত যৌথ বাহিনীর কমান্ডের অধীনে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও লক্ষ্যবস্তু নির্ধারণে সহায়তা দিতে শতাধিক মার্কিন সামরিক উপদেষ্টা সৌদি আরবে অবস্থান করছেন।

সৌদি আরবে পাকিস্তানের সামরিক সদস্যরাও মোতায়েন রয়েছেন। অন্যদিকে, সৌদি আরবকে সামরিক সহায়তা পাঠানোর বিষয়ে আলোচনা করছে মিসরের পার্লামেন্ট। দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি সৌদি আরবকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে জরুরি অধিবেশন আহ্বান করেছেন।

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং এক বিবৃতিতে বলেন, ‘আমাদের মিত্র সৌদি আরবের ওপর হুথিদের অব্যাহত হামলা একেবারেই নিন্দনীয়। বিশেষ করে রিয়াদের বিমানবন্দরে হামলা থেকে বোঝা যায়, এই অঞ্চলের পরিস্থিতি আরো উত্তপ্ত করতে হুথিরা কত দূর যেতে প্রস্তুত।’

গত মাসে ইরান-সমর্থিত হুথিরা ইয়েমেনের পশ্চিম উপকূলে আকস্মিক অভিযান চালিয়ে গুরুত্বপূর্ণ এলাকা দখল করে নেয়। দখল করা এলাকার মধ্যে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেব প্রণালিও রয়েছে। এর ফলে আরেকটি বাণিজ্যিক নৌপথের ওপর তেহরানের প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হতে পারে।

সৌদি বিমানবাহিনীর সহায়তায় ইয়েমেনের পশ্চিমা-সমর্থিত সরকারের স্থলবাহিনী হারানো এলাকা পুনর্দখলে পাল্টা অভিযান শুরু করেছে। ব্যাপক বিমান হামলা ও বড় ধরনের স্থল অভিযান সত্ত্বেও হুথি বিদ্রোহীরা গুরুত্বপূর্ণ এলাকাগুলোর নিয়ন্ত্রণ ধরে রেখেছে। পাশাপাশি প্রতিপক্ষের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাও অব্যাহত রেখেছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার ইয়েমেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শাবওয়া প্রদেশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় হুথিদের হাতে দেশটির সরকারের সদ্য নিয়োগ পাওয়া অন্তত ৫৩ জন সেনাসদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২০০ জনের বেশি।

ইয়েমেনে নিযুক্ত যুক্তরাষ্ট্রের মিশন এ হামলার নিন্দা জানিয়েছে। একে ‘ইরান-সমর্থিত হুথিদের ইয়েমেনিদের ওপর কাপুরুষোচিত হামলা’ বলে অভিহিত করেছে তারা। নিহত ও আহত ব্যক্তিরা নিজেদের জনগোষ্ঠী ও দেশকে নিরাপদ রাখতে স্বেচ্ছায় দায়িত্ব নিয়েছিলেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

সিনাই বলে কিছু থাকবে না, মিশরকে ইসরাইলি মন্ত্রীর হুমকি

সমৃদ্ধ ইউরেনিয়ামের এক কণাও দেশের বাইরে যাবে না: ইরান

যুক্তরাষ্ট্র-ইরান সংকটে লাভবান হচ্ছে যারা

অর্থসংকটে পড়ছে কি ইরানের সামরিক বাহিনী

মদিনা লক্ষ্য করে ড্রোন হামলা, প্রতিহতের দাবি সৌদির

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা প্রশমনে তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান

মিসরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩, আহত ৩৪

হুথি হামলা থেকে সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধবিমান মোতায়েন করবে যুক্তরাজ্য

রুশ পররাষ্ট্রমন্ত্রীর পর তেহরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান